মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:২৭ পি.এম
তথ্য অধিকার ফোরাম তথ্য কমিশনকে আরো কার্যকর ও গতিশীল করার আহ্বান জানিয়েছে, যাতে তথ্য অধিকার আইনের বাস্তবায়ন নিশ্চিত করা যায়। সংগঠনটি কমিশনারদের পদমর্যাদা ও সুযোগ-সুবিধা সুপ্রিম কোর্টের বিচারকদের সমান করার প্রস্তাব করেছে, পাশাপাশি পর্যাপ্ত জনবল ও বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে এবং আইন সম্পর্কে অভিজ্ঞ একজন পূর্ণ সচিব নিয়োগের সুপারিশ করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নতুন তথ্য কমিশনের সাথে সাক্ষাৎ করে তথ্য অধিকার ফোরামের একটি প্রতিনিধি দল এসব প্রস্তাব তুলে ধরেছে।
তথ্য অধিকার ফোরাম উল্লেখ করেছে, নাগরিকের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করার জন্য তথ্য কমিশনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কমিশন আইন দ্বারা প্রদত্ত ক্ষমতার আওতায় দেওয়ানি আদালতের মতো অভিযোগ অনুসন্ধান ও নিষ্পত্তি করতে সক্ষম। প্রয়োজনে কমিশন জরিমানা আরোপ এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশও করতে পারে।
ফোরামের মতে, তথ্য কমিশনারদের অপসারণের কারণ ও পদ্ধতি সুপ্রিম কোর্টের বিচারক অপসারণের কারণ ও পদ্ধতির অনুরূপ হওয়া উচিত। এই কারণে প্রধান তথ্য কমিশনার ও অন্যান্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকদের সমান হওয়া প্রয়োজন।
বিবৃতিতে জানানো হয়েছে, কমিশনারদের পদমর্যাদায় ভিন্নতা থাকলে অভিযোগকারী ও তথ্য সরবরাহকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাছাড়া, অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নিশ্চিত করার জন্য কমিশনারদের যথাযথ পদমর্যাদা থাকা অপরিহার্য।
তথ্য কমিশনকে পেশাদারিত্বের সাথে পরিচালনা, জনসচেতনতা সৃষ্টি এবং বিশেষ করে বিচারিক কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য পর্যাপ্ত জনবল ও বার্ষিক বাজেট বরাদ্দের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেছে তথ্য অধিকার ফোরাম।
এছাড়া, কমিশনের সাচিবিক দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তথ্য অধিকার আইন সম্পর্কে সংবেদনশীল এবং এ বিষয়ে কাজের অভিজ্ঞতাসম্পন্ন একজন পূর্ণ সচিব নিয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেছে সংগঠনটি।
নতুন তথ্য কমিশনকে স্বাগত জানিয়ে ফোরাম জানিয়েছে, কমিশন স্বাধীন ও কার্যকরভাবে পরিচালিত হওয়ার জন্য প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে তারা প্রস্তুত।
তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনামের পাশাপাশি বিবৃতিতে একাত্মতা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম বজলুর রহমান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আইসোশ্যালের নির্বাহী চেয়ারম্যান অনন্য রায়হান, ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশের (রিইব) সদস্য ও উপপরিচালক রুহী নাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্চের টোব্যাকো ট্যাক্স প্রকল্পের পরিচালক হামিদুল ইসলাম হিল্লোল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির উদ্যোগে মনোহরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম।
আবুল কালাম এ সময় বলেন, ‘কোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিতে হবে। দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।’
তিনি আরো বলেন, ‘আপা, আপনি আসেন, আমরা পাহারায় আছি। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব অপতৎপরতা প্রতিহত করা হবে। সীমান্তসহ সর্বত্র সবাইকে সজাগ থাকতে হবে।’
আবুল কালাম আওয়ামী লীগের গত ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে বলেন, ওই সময়ে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। গুম, খুন, হত্যা, মামলা ও হামলার মাধ্যমে দেশকে নরকে পরিণত করা হয়েছিল। দেশের মানুষ এসব ঘটনা ভুলে যায়নি।
সমাবেশে বক্তারা বলেন, একের পর এক গোষ্ঠীকে উসকে দিয়ে নিষিদ্ধ সংগঠনটি নানা ফায়দা হাসিলের চেষ্টা করছে। নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আধুনিক বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করানোর চেষ্টা করছেন। এমন সময়ে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাবে। নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টিতে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু ও দপ্তর সম্পাদক জিএম আহসান উল্ল্যাহসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। বাংলাদেশের পুলিশ বাহিনীর ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি আলাদা প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন।
প্রথম প্রজ্ঞাপনে ৬ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি হিসেবে এবং ঢাকার এসবির ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএনের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেটের আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) হিসেবে এবং ডিএমপির যুগ্মপুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও ৮ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। ঢাকার পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশ অধিদফতরের পুলিশ সুপার (টিআর পদে) এ এইচ এম শাহাদাত হোসাইনকে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে এবং পুলিশ অধিদফতরের পুলিশ সুপার (টিআর পদে) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে এবং ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার এবং পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের গৌরীপুরে মানসিক ভারসাম্যহীন এক যুবকের আকস্মিক ছুরিকাঘাতে শাহীন মিয়া (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত শাহীন বলুহা গ্রামের মো. সিরাজুল ইসলাম জিন্নতের পুত্র। অভিযুক্ত দেলোয়ার হোসেন দিলু একই গ্রামের মৃত আব্দুল্লাহর সন্তান।
প্রত্যক্ষদর্শী মাজেদা (৩৫) জানান, দুপুরের সময় শাহীন গাছ থেকে সুপারি পেড়ে বাড়ির সামনে আসলে দেলোয়ার আচমকা লোহার রড দিয়ে তাকে মারধর শুরু করে। শাহীন চিৎকার করলে দেলোয়ার ছুরি দিয়ে তার বুকে আঘাত করে। পরে পরিবারের সদস্যরা গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ অভিযোগ করেন, দেলোয়ার দীর্ঘ সময় ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং সব সময় ধারালো অস্ত্র নিয়ে ঘুরতেন। পরিবারকে জানানো সত্ত্বেও কোনো ফল হয়নি।
হত্যাকাণ্ডের পর দেলোয়ার নিজ ঘরের টিনের বেড়া ভেঙে রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় পালিয়ে গেলে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিসহ আলামত জব্দ করা হয়েছে এবং ঘাতককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বিষয়ে তথ্য চেয়ে তার আইনি পরামর্শকদের আবেদনের পর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, যা এখনও চলমান রয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শেখ হাসিনা একমাত্র প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরতে পারেন। এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছিল। তবে ভারত বরাবরই এই ইস্যুতে আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করে আসছে।
সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল মন্তব্য করেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইন ও বিচারের সঙ্গে সম্পর্কিত একটি বিষয়। আইন অনুযায়ীই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত চুক্তির বিষয়টি নিয়ে বলেন, চুক্তির মধ্যে উল্লেখ আছে যে, প্রত্যর্পণ কোন পরিস্থিতিতে প্রযোজ্য হবে এবং কোন পরিস্থিতিতে হবে না।
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুধুমাত্র প্রত্যর্পণের কথা বলায় অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে যে, বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী রয়েছে।
প্রত্যর্পণ কী
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার জাতীয় সংসদে দুবাইয়ে আটক হয়ে জামিন পাওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।
ওই বিবৃতিতে তিনি উল্লেখ করেছেন, প্রত্যর্পণ একটি বিচারিক ও রাষ্ট্রীয় প্রক্রিয়া। ইন্টারপোলের রেড নোটিশ জারি কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির গ্রেপ্তারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণ সম্পন্ন হয় না। অনুরোধ গ্রহণকারী রাষ্ট্রের কেন্দ্রীয় কর্তৃপক্ষ ও আদালত সে দেশের আইন অনুযায়ী প্রত্যর্পণ অনুরোধ, অপরাধের প্রকৃতি, গ্রেপ্তারি পরোয়ানা, প্রমাণাদি এবং অন্যান্য আইনগত শর্ত পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে।
মূলত পলাতক অপরাধীদের প্রত্যর্পণ সংক্রান্ত ‘বন্দি প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ নামে একটি আইন রয়েছে এবং সেই আইন অনুযায়ী পলাতক অপরাধীদের ফেরাতে প্রত্যর্পণ চুক্তি করার বাধ্যবাধকতা রয়েছে।
বাংলাদেশের সঙ্গে বর্তমানে দুটি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান। এর মধ্যে একটি দেশ ভারত এবং অপরটি থাইল্যান্ড। শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার এই প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রত্যর্পণের কথা বলছে।
ভারতের সঙ্গে বাংলাদেশের এই চুক্তিটি ২০১৩ সালের জানুয়ারিতে স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তীতে এই চুক্তির আওতায় বাংলাদেশ অনুপ চেটিয়াকে এবং ভারত নারায়ণগঞ্জের আলোচিত সাত হত্যার আসামি নূর হোসেনকে হস্তান্তর করে।
২০১৬ সালে চুক্তির একটি ধারা সংশোধন করা হয়, যার ফলে কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্যপ্রমাণ পেশ না করলেও চলবে—শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে।
ভারতীয় অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন, বাংলাদেশ প্রত্যর্পণের কথা বলছে এবং ভারত সরকার এ বিষয়ে শুধু আইনি প্রক্রিয়ার কথা বলছে। তবে ওই চুক্তিতেই বলা আছে যে, এখানে প্রত্যর্পণ সম্ভব হবে কিনা। শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করা যাবে কিনা, সেটিও নিশ্চয়ই বিবেচনায় আসবে। সব মিলিয়ে আমার মনে হয়, ভারতের দিক থেকে এটি সম্ভব হবে না। তবে মনে রাখতে হবে যে শেখ হাসিনা নিজেই দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
চুক্তিতে কী আছে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চুক্তির যে কপি দেওয়া আছে, তার দ্বিতীয় অনুচ্ছেদে প্রত্যর্পণযোগ্য অপরাধ কোনগুলো হবে তার একটি তালিকা দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে এমন কোনো আচরণ বা কার্যকলাপকে বোঝানো হয়, যা উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী কমপক্ষে এক বছর মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয়।
দ্বিতীয়ত, কোনো অপরাধ কর বা রাজস্ব-সংক্রান্ত হওয়া সত্ত্বেও অথবা সম্পূর্ণরূপে আর্থিক বা রাজস্বগত প্রকৃতির অপরাধ হলেও, তা প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
তৃতীয়ত, কোনো অপরাধ উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্রের আইন অনুযায়ী শাস্তিযোগ্য কি না, তা নির্ধারণের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচ্য হবে না যে, উভয় রাষ্ট্রের আইন অপরাধটি সংঘটনকারী কাজ বা কাজ থেকে বিরত থাকাকে একই শ্রেণির অপরাধ হিসেবে চিহ্নিত করেছে কিনা কিংবা অপরাধটির নামকরণে একই পরিভাষা ব্যবহার করেছে কিনা।
চতুর্থত, কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটনের চেষ্টা করা অথবা ওই অপরাধ সংঘটনে সহায়তা করা, প্ররোচনা দেওয়া, উসকানি দেওয়া কিংবা সহযোগী হিসেবে অংশগ্রহণ করার ক্ষেত্রেও প্রত্যর্পণ মঞ্জুর করা হবে।
এই চুক্তির তৃতীয় অনুচ্ছেদে একাধিক কার্যক্রমের সমন্বয়ে গঠিত অপরাধের ক্ষেত্রে বলা হয়েছে, এই চুক্তি অনুযায়ী কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের ক্ষেত্রে প্রত্যর্পণ মঞ্জুর করা যাবে, এমনকি প্রত্যর্পণ চাওয়া ব্যক্তির সংশ্লিষ্ট কার্যকলাপ সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হলেও।
তবে শর্ত থাকে যে, ওই রাষ্ট্রের আইন অনুযায়ী সংশ্লিষ্ট কার্যকলাপ এবং এর ফলাফল অথবা প্রত্যাশিত ফলাফল সামগ্রিকভাবে বিবেচনা করলে তা অনুরোধকারী রাষ্ট্রের ভূখণ্ডে একটি প্রত্যর্পণযোগ্য অপরাধ সংঘটন হিসেবে গণ্য হতো।
রাজনৈতিক চরিত্রের অপরাধ নিয়ে কী বলা হয়েছে
শেখ হাসিনার সমর্থকদের অনেকেই চুক্তির ষষ্ঠ ধারাটিকে সামনে নিয়ে এসেছেন। তাদের দাবি, ওই ধারার কারণে শেখ হাসিনাকে প্রত্যর্পণের সুযোগ আইনত ভারতের নেই।
‘রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম’ শীর্ষক ওই অনুচ্ছেদে বলা হয়েছে, যে অপরাধের জন্য প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছে, সেটি যদি রাজনৈতিক চরিত্রের হয়, তাহলে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।
অর্থাৎ যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হবে, তার বিরুদ্ধে অভিযোগটি যদি রাজনৈতিক প্রকৃতির হয়, তাহলে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা যাবে।
তবে ওই অনুচ্ছেদ অনুযায়ী এই চুক্তির ক্ষেত্রে কিছু অপরাধ রাজনৈতিক চরিত্রের অপরাধ হিসেবে গণ্য হবে না। এর মধ্যে রয়েছে—উভয় চুক্তিবদ্ধ রাষ্ট্র যে বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তির পক্ষভুক্ত, সেসব চুক্তির অধীন বাধ্যবাধকতা অনুযায়ী যেসব কাজ বা কাজ থেকে বিরত থাকা ফৌজদারি অপরাধ হিসেবে শাস্তিযোগ্য, হত্যা, অনিচ্ছাকৃতভাবে হত্যা বা অপরাধমূলক নরহত্যাসহ কয়েকটি বিষয়।
এই তালিকায় আরও রয়েছে—এমন বিস্ফোরণ ঘটানো, যা মানুষের জীবন বিপন্ন করতে পারে অথবা সম্পত্তির গুরুতর ক্ষতিসাধন করতে পারে; কোনো ব্যক্তির নিজের দ্বারা অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করা কিংবা সম্পত্তির গুরুতর ক্ষতিসাধনের উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থ তৈরি বা নিজের দখলে রাখা; নিজের দ্বারা অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে মানুষের জীবন বিপন্ন করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ নিজের দখলে রাখা; নিজেকে বা অন্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করা প্রতিরোধ বা বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তির আগ্নেয়াস্ত্র ব্যবহার করা।
এ ছাড়া জনসাধারণের উপযোগী সেবায় ব্যবহৃত হোক বা অন্য কোনো কাজে ব্যবহৃত হোক, এমন সম্পত্তির ক্ষতিসাধন করা—যার উদ্দেশ্য মানুষের জীবন বিপন্ন করা অথবা অন্য কোনো ব্যক্তির জীবন বিপন্ন হতে পারে জেনেও বেপরোয়াভাবে এমন কাজ করা, অপহরণ, বলপূর্বক তুলে নিয়ে যাওয়া, বেআইনিভাবে আটক রাখা বা স্বাধীনতাবঞ্চিত করা, জিম্মি করা এবং হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়াসহ আরও কিছু বিষয় এই তালিকার আওতায় রাখা হয়েছে।
চুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ আছে?
চুক্তিতে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের সুযোগ রাখা হয়েছে। চুক্তির অষ্টম অনুচ্ছেদে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের ভিত্তিসমূহ উল্লেখ করা হয়েছে।
এ অনুচ্ছেদ অনুযায়ী, একজন ব্যক্তিকে যেসব কারণে প্রত্যর্পণ করা যাবে না তার মধ্যে রয়েছে—যদি সংশ্লিষ্ট ব্যক্তি অনুরোধপ্রাপ্ত রাষ্ট্রকে সন্তুষ্ট করতে পারেন যে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অন্যায় বা নিপীড়নমূলক হবে।
কিংবা যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে অথবা যে অপরাধে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, সেই অপরাধের তুচ্ছ বা লঘু প্রকৃতি বা কথিত অপরাধ সংঘটনের পর অথবা বেআইনিভাবে পলাতক হওয়ার পর, ক্ষেত্রমত, দীর্ঘ সময় অতিবাহিত হওয়া এবং তার বিরুদ্ধে আনা অভিযোগটি ন্যায়বিচারের স্বার্থে করা হয়নি।
প্রসঙ্গত, গত বছর নভেম্বরে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের পর তিনি যে বিবৃতি দিয়েছিলেন, সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা জানিয়েছিলেন।
ওই রায়ের পর তখনকার অন্তর্বর্তী সরকার ও পরে বিএনপি সরকারের দিক থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরতে হবে বলে বলা হচ্ছে।
এখন শেখ হাসিনার আইনি পরামর্শকরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠানোর পর থেকে প্রত্যর্পণ ইস্যুটি আবারও আলোচনায় এসেছে এবং তা চলমান থাকবে বলে বিশ্লেষকদের মত।
সূত্র: বিবিসি বাংলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ