০৬:৩৫ পি.এম
হেমন্তের শুরুতে ঘটে যাওয়া প্রবল বর্ষণের কারণে কিছু শীতকালীন সবজির ক্ষতি হলেও আমন ধানের উৎপাদনে কৃষি কর্মকান্ডে তেমন কোনো বিঘ্ন ঘটেনি। অকাল বর্ষণ থামার পর এখন উত্তরের ক্ষেতখামারগুলো হেমন্তের উজ্জ্বল রোদে কর্মচঞ্চল হয়ে উঠেছে। কোথাও কৃষকরা ধান কাটছেন, কোথাও নবান্নের জন্য তুলছেন। পেঁয়াজসহ শীতের সবজি বাজারে আসছে।
কৃষি ও বানিজ্য মন্ত্রনালয়ের সূত্রে জানা গেছে, দেশ বর্তমানে আলু ও পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ফলে গত দেড়যুগের মধ্যে এই প্রথম অফ সিজনে আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। শনিবার, বগুড়ার মহাস্থান, পাবনার শাজাদপুর ও ঈশ্বরদী, নীলফামারীর সৈয়দপুর এবং রাজশাহীর পুঠিয়ার আড়তে খোঁজ নিয়ে দেখা গেছে, মওশুমের নতুন আলু স্থান ও জাত ভেদে ১০০/১২০/১৬০ টাকা কেজিতে কেনাবেচা হচ্ছে। এতে কৃষকরা লাভবান হচ্ছেন। নতুন পাতা পেঁয়াজ ও মুড়িকাটা নতুন পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সবচেয়ে স্বস্তির বিষয় হলো, এই মওশুমে অন্যান্য বছরের মতো হিউজ পরিমাণ পেঁয়াজ আমদানি করতে হয়নি, যা কৃষিতে আগামী দিনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ইঙ্গিত বহন করে।
২০২৬ সালের আমন মৌসুমে রাজশাহী জেলায় ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪ লাখ ৭১ হাজার ৫০০ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। রংপুর বিভাগের আট জেলায় ৬ লাখ ৬৩ হাজার ৭১৪ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ২৬ লাখ ৩৩ হাজার মেট্রিক টন।
আরও পড়ুন: কৃষকের জীবনমান পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে
হেমন্তের অকাল বর্ষণে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার গত বছরের তুলনায় ধানের উৎপাদন কিছুটা কম হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাটা-মাড়াইয়ের উৎসবে কৃষি শ্রমিকরা মোটা অংকের মজুরি পাচ্ছেন। নতুন ধানের সরবরাহ বাড়ায় চালের বাজার স্থিতিশীল রয়েছে। বগুড়ার খুচরা চাউল বিক্রেতা রতন রায় শনিবার ইনকিলাবকে জানিয়েছেন, "আশঙ্কা ছিলো চাউলের দাম হয়তো ১০০ টাকায় উঠবে। তবে সরকারের তৎপরতায় সিন্ডিকেট এবার কার সাজিতে সফল হয়নি।" তার মতে, এবার আলু, পেঁয়াজ ও চালের দাম তেমন বাড়েনি। বগুড়ায় হাটবাজারগুলোতে পুরাতন চাউল ৫৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আগামী সপ্তাহ থেকে বাজারে নতুন চাউলের সরবরাহ বাড়লে আগামী বোরো মওশুম পর্যন্ত চাউলের বাজার স্থিতিশীল থাকবে।
আলু পরিস্থিতি
আলু উৎপাদনের অন্যতম প্রধান অঞ্চল রাজশাহী ও রংপুর বিভাগ। ২০২৪-২৫ অর্থবছরে এ দুই বিভাগে প্রায় ৮৭ লাখ ৯৮ হাজার মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছিল। ২০২৫-২৬ মৌসুমে রংপুর বিভাগের আট জেলায় ১ লাখ ৯৭ হাজার ৬৯৬ হেক্টর জমিতে প্রায় ৫১ লাখ ৭৮ হাজার ৫৪৯ টন আলু উৎপাদিত হয়েছে। আগের মৌসুমে উৎপাদন ছিল ৫৫ লাখ ৫৯ হাজার ৭৩৯ টন। রাজশাহী জেলায় ২০২৫-২৬ মৌসুমে প্রায় ৩৪ হাজার ১০৯ হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা পরিসংখ্যান দপ্তর জানিয়েছে।
বানিজ্য মন্ত্রনালয় সূত্রে জানা যায়, এবছর খুবই সীমিত পরিমাণে আলু রফতানি হয়েছে। ফলে আলুর বাজারে রীতিমতো ধ্বস নামে। মজুদকারী ও হিমাগার মালিকরা আশা করেছিলেন, হয়তো হেমন্তের শুরুতে আলুর দাম কিছুটা বাড়বে। কিছুটা ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে বাস্তবে হয়েছে হিতে বিপরীত। দাম কমে যাওয়ায় ক্রেতা ভোক্তা গোষ্ঠী উপকৃত হলেও উৎপাদক চাষি, মৌসুমি আলু ব্যবসায়ী ও হিমাগার মালিকরা চরম ক্ষতির শিকার হয়েছেন। রাজকুমার নামের একজন হিমাগার মালিক জানিয়েছেন, "সরকার উদ্যোগী হয়ে প্রণোদনা প্যাকেজের আওতায় আলু রফতানিতে উৎসাহ দিলে আলু উৎপাদক চাষিসহ আলু সংশ্লিষ্ট সকল গোষ্ঠী উপকৃত হত।" তিনি আগামীতে আলু রফতানিতে উদ্যোগী হতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
আরও পড়ুন: আগর গাছের চাষে কোটি টাকার কৃষিশিল্পে রাঙ্গামাটির বাঘাইছড়ি
পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি
দেশে ব্যবহৃত মশলার মধ্যে পেঁয়াজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই পেঁয়াজ উৎপাদনেও উত্তরাঞ্চলের অগ্রগতি উল্লেখযোগ্য। রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলায় ২০২৫-২৬ রবি মৌসুমে ১২ হাজার ১০৫ হেক্টর জমিতে ১ লাখ ৪৩ হাজার ৬৬৬ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। আগের মৌসুমে উৎপাদন ছিল ১ লাখ ১৯ হাজার ৮১১ টন। রাজশাহী জেলায় একই মৌসুমে ২১ হাজার ৩০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩২ হাজার ৩০০ টন।
জাতীয় পর্যায়ে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি পাওয়ায় আমদানির ওপর নির্ভরতা কমেছে। গত একদশক ধরে প্রতি বছর পেঁয়াজের উৎপাদন বেড়ে চলেছে। এবছর বাজারে সরবরাহ ছিল একদম স্বাভাবিক। অল্পকিছুদিনের জন্য পেঁয়াজের কেজি ৬০ টাকায় উঠলেও তা আর বাড়েনি। বর্তমানে হাটবাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে পুরাতন ৪২ থেকে ৪৫ টাকায়। নতুন মুড়িকাটা পাতা পেঁয়াজ ৩০/৩৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আগামীতে নতুন পেঁয়াজের দাম আরও কমবে বলে জানা যায়। কৃষি সংগঠক এ্যাডভোকেট সাইফুল ইসলামের মতে, আলু ও পেঁয়াজের মতো সংবেদনশীল পণ্যের উৎপাদক চাষিদের জন্য আর্থিক সুরক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা উচিত।
আলু রপ্তানি ও পেঁয়াজ আমদানি
আরও পড়ুন: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে সৌরবিদ্যৎ ও ডিজিটাল সেচ ব্যবস্থা এগিয়ে যাচ্ছে
আলুর উৎপাদন চাহিদার তুলনায় বেশি হলেও রপ্তানি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে ৪০ হাজার ৫৪২ টন আলু রপ্তানি হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে প্রায় ২০ হাজার ৬০৪ টনে দাঁড়ায়। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, পরিবহন ব্যয়, সংরক্ষণ সমস্যা এবং রপ্তানিযোগ্য আলুর মান নিশ্চিত করতে না পারা রপ্তানি কমার অন্যতম কারণ।
কেন বাড়েনি আলু-পেঁয়াজের দাম?
বাজার সংশ্লিষ্টদের মতে, এবছর আলু ও পেঁয়াজের দাম না বাড়ার প্রধান কারণ চাহিদার তুলনায় সরবরাহ বেশি। আগের মৌসুমের অবিক্রীত আলু হিমাগারে থেকে যাওয়ায় নতুন আলু বাজারে আসার পর সরবরাহের চাপ আরও বেড়েছে। পেঁয়াজের ক্ষেত্রেও উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় সরবরাহের উন্নতি বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে এই পরিস্থিতিতে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। উৎপাদন খরচের তুলনায় কম দামে আলু-পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেক কৃষক। অন্যদিকে ভোক্তারা তুলনামূলক কম দামে এসব পণ্য কিনতে পারছেন।
সবজি উৎপাদন
আরও পড়ুন: গোদাগাড়ীতে উঠছে শীতকালীন টমেটো, দাম না পেয়ে হতাশ কৃষক
রাজশাহী বিভাগের আট জেলায় ২০২৫-২৬ মৌসুমে ৮২ হাজার ৫২৫ হেক্টর জমিতে প্রায় ১৯ লাখ ৭৫ হাজার টন শীতকালীন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে রংপুর কৃষি অঞ্চলের পাঁচ জেলায় ৪২ হাজার ১৩০ হেক্টর জমিতে ১১ লাখ ১৯ হাজার ৮৯৩ টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল।
শীতকালীন সবজির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মুলা, গাজর, লাউ ও শিম উল্লেখযোগ্য। বর্তমানে সবজির বাজারে আলু, পেঁয়াজ, কাঁচামরিচের দাম কম হলেও বেগুন, টমেটো, গাজর, শিম, শসার দাম অনেক বেশি। তবে প্রতিদিন যেভাবে সবজির সরবরাহ বাজারে বাড়ছে, তাতে সপ্তাহান্তে সবজির দর বেশ কমে আসবে বলে জানিয়েছেন বিক্রেতারা।
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি।
উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে ধান, আলু, পেঁয়াজ ও সবজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও উৎপাদন বাড়লেও কৃষকের আয় বাড়ছে না। বিশেষ করে আলু ও পেঁয়াজের ক্ষেত্রে উৎপাদন পরিকল্পনা, আধুনিক সংরক্ষণব্যবস্থা, প্রক্রিয়াজাত শিল্প এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ জরুরি।
আরও পড়ুন: নড়াইলে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, কৃষকদের আশা
এ বিষয়ে জানতে চাইলে কৃষক স্বার্থে সোচ্চার কণ্ঠ বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বলেছেন, "সরকার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে না পারলে একদিকে ভোক্তা স্বস্তিতে থাকলেও অন্যদিকে কৃষক উৎপাদনে আগ্রহ হারাতে পারেন।" তিনি আরও বলেন, "উত্তরাঞ্চলের কৃষিকে লাভজনক করতে উৎপাদনের পাশাপাশি বাজার ব্যবস্থাপনা ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।" তিনি উল্লেখ করেন, "স্বয়ং প্রধানমন্ত্রীর নেক নজরে আছে উত্তরাঞ্চলের কৃষি ক্ষেত্র। উত্তরাঞ্চলে কৃষির উন্নয়নে তিনি একাধিক প্যাকেজ প্রকল্প ঘোষণা করেছেন। সেগুলো বাস্তবায়িত হলে পাল্টে যেতে পারে কৃষি তথা কৃষি অর্থনীতির চিত্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন