ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনা এখনো বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড


বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনা এখনো বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড

 ইংল্যান্ডের কোচ থমাস টাচেল বলেছেন, বিশ্বকাপ থেকে বেদনাদায়ক বিদায়ের ‘ক্ষত’ এখনও বয়ে বেড়াচ্ছে তার খেলোয়াড়রা। সে সাথে তিনি স্বীকার করেছেন, বিশ্বের শীর্ষ দলগুলোর সমকক্ষ হতে হলে ইংল্যান্ডকে এখনও কিছুটা পথ অতিক্রম করতে হবে।

বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের ম্যাচে রক্ষণাত্মক কৌশলের জন্য টাচেল তীব্র সমালোচনার মুখে পড়েন।

অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষদিকে এনজো ফার্নান্দেজ ও লটারো মার্টিনেজের দুটি গোলে ম্যাচের মোড় বদলে দেয় আর্জেন্টিনা।

আরও পড়ুন: শরিয়া আইনে আমির হামজার বিচার চাইলেন রাশেদ খান

সেমিফাইনালে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাবার পর দিদিয়ের দেশময়ের ফ্রান্সের বিপক্ষে শনিবার মিয়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে থ্রি লায়ন্স।

শুক্রবারের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে তার কৌশল নিয়ে টাচেলকে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হয়।

ইংল্যান্ডের হয়ে নিজের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করা এই জার্মান কোচ বলেন, “আমি সাহায্য করার চেষ্টা করেছি, দলকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছি। আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি, আমার প্রবৃত্তি, অন্তর্দৃষ্টি, অভিজ্ঞতা এবং প্রতিদ্বন্দ্বীতার মানসিকতার ওপর ভরসা করে। দলের উপকার করা এবং কাঙ্খিত ফল পাওয়ার লক্ষ্যেই সেই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম। আমরা কাঙ্খিত ফল পাইনি। তাই অবশ্যই ওই সিদ্ধান্তগুলোর দায়িত্ব আমি নিচ্ছি। তবে মনে রাখতে হবে, এসব সিদ্ধান্ত ম্যাচ চলাকালীন চাপের মধ্যেই নিতে হয়।”

সংবাদ সম্মেলনে সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার জন স্টোনসকে পাশে নিয়ে কথা বলেন টাচেল। এ সময় তাকে বেশ হতাশ দেখাচ্ছিলেন। তিনি বলেন, এই হারের কষ্ট তিনিই এবং তার খেলোয়াড়রাই সবচেয়ে বেশি অনুভব করছেন।

আরও পড়ুন: ভারত, হাসিনার পাসপোর্ট-এনআইডি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হতে বলল

প্যারিস সেন্ট জার্মেইন, চেলসি ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ বলেন, ফিফা র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডকে এখনও শীর্ষ তিন দল, আর্জেন্টিনা, স্পেন ও ফ্রান্সের মানে পৌঁছাতে কিছুটা ব্যবধান ঘোচাতে হবে।

টাচেল বলেন, “আমার মনে হয়, এই ব্যবধানের কারণ হলো আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেন দল ও দেশ হিসেবে যেসব শিরোপা জিতেছে তার ফল। বহু বছর ধরে কোচ ও দল মিলে তারা যা গড়ে তুলেছে, তার সাথে আমাদের এখনও সামান্য ব্যবধান রয়েছে, যা দূর করতে হবে। আমার মনে হয়, বিশ্বকাপ জেতা এবং ফাইনালে ওঠা নিয়ে ওই দেশগুলোর যে প্রত্যাশা, সেই মানসিকতার দিকেও এই ব্যবধান স্পষ্টভাবে ফুটে ওঠে।”

তবে টাচেল প্রতিশ্রুতি দিয়েছেন, তার দল এই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, “আমরা এই হতাশা কাটিয়ে উঠব, এটিকে শক্তিতে পরিণত করব এবং ইতিবাচক প্রতিক্রিয়া দেখাব। সেই প্রক্রিয়া শুরু হবে আগামীকাল থেকেই।”

আরও পড়ুন: আওয়ামী লীগ প্রশ্নে সরকার ব্যর্থ: স্বেচ্ছাসেবক শক্তির অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৭ দিনের রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ৭ দিনের রিমান্ডে

মতিঝিল এলাকায় চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হওয়া ‘শীর্ষ সন্ত্রাসী’ তানিম রেজা বাপ্পি এবং তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার (১৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন, দুই আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর, মামলার তদন্তকারী কর্মকর্তা এবং মতিঝিল থানার উপপরিদর্শক মোমিনুর রহমান তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে উল্লেখ করা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নাম এবং ঠিকানা যাচাই করা, সহযোগী পলাতক অজ্ঞাতনামা গুলিবর্ষণকারীসহ অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের শনাক্ত করা এবং সঠিক নাম-ঠিকানা সংগ্রহ করা প্রয়োজন। একইসঙ্গে, গ্রেপ্তার এবং ঘটনার জন্য ব্যবহৃত আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধারে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

শুনানি শেষে আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, শুক্রবার সকালে হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে বাপ্পি এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে, রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, ইসমাইল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। তিনি মতিঝিল থানাধীন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদারও। গত ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনিতে অবস্থানকালীন, তার ব্যবহৃত মোবাইলে হোয়াটসঅ্যাপে কল আসে। কল গ্রহণ করার পর, আসামি তাকে গরুর হাটে অংশীদার হিসেবে তার মনোনীত লোককে রাখার জন্য চাপ সৃষ্টি করেন।

অভিযোগে আরো বলা হয়, এই সময় তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তার মনোনীত লোককে না নিলে এবং দাবিকৃত চাঁদার টাকা না দিলে, তাকে গুলি করে মেরে ফেলবে বলে হুমকি দেওয়া হয়।

চার দিন পর, ১৯ মে সকাল ১০টার দিকে কোরবানির পশুর হাট সংক্রান্ত মিটিংয়ে থাকাকালীন, তার ভাগিনা হৃদয় মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, ভোরবেলা অজ্ঞাতনামা কেউ তার অফিসে গুলি করেছে। এই ঘটনার পর, গত ২০ মে ইসমাইল হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় চাঁদাবাজির মামলা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে স্থান পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের লক্ষ্যে স্থান পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের উদ্দেশ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান রিতা।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনি উপজেলার তিল্লি, ফুকুরহাটি ও হরগজ এলাকায় সম্ভাব্য স্থানগুলো পর্যবেক্ষণ করেন। এই সময়ে তিনি স্থানগুলোর অবকাঠামোগত সুবিধা, যোগাযোগব্যবস্থা ও সার্বিক পরিবেশ পর্যালোচনা করেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো সময় ইসরাইলে হামলা, হিজবুল্লাহসহ আঞ্চলিক মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


যেকোনো সময় ইসরাইলে হামলা, হিজবুল্লাহসহ আঞ্চলিক মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুদ্ধ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে, ইরান তাদের অন্যান্য আঞ্চলিক মিত্রদেরও প্রস্তুত থাকতে বলেছে। এ অবস্থায়, ইসরাইলের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফ্রেযার (১৭ জুলাই) লেবাননের দৈনিক নিদা আল ওয়াতান-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ইরান-সমর্থিত আঞ্চলিক জোট ‘অ্যাক্সিস অব রেজিসট্যান্স’ বা ‘প্রতিরোধ বলয়’-এর নেতারা তাদের মিত্রদের জানিয়েছেন যে, অপেক্ষার সময় প্রায় শেষ হয়ে আসছে। এখন সামরিক পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়াটাই তাদের প্রধান অগ্রাধিকার।

গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ শুরু হলে, এর ফলে দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। সম্প্রতি তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠিত বৈঠক থেকে এই তথ্য বের হয়ে এসেছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসরাইল এখন পর্যন্ত এই সংঘাতে জড়িত হয়নি এবং ইরানও সরাসরি সেখানে হামলা করেনি। কিন্তু এই পরিস্থিতি পরিবর্তন হতে পারে যদি হিজবুল্লাহ পুনরায় ইসরাইলি ভূখণ্ডে হামলা চালায়। ইরান হিজবুল্লাহকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছে যাতে তারা যেকোনো চরম উত্তেজনাকর পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে।

ইরানিয় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে, ভবিষ্যতের যেকোনো সংঘাত অতীতের যেকোনো লড়াইয়ের তুলনায় অনেক বেশি ব্যাপক ও ভয়াবহ হতে পারে। 'নিদা আল ওয়াতান' তাদের প্রতিবেদনে যোগ করেছে যে, সাম্প্রতিক মাসগুলোতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বিপর্যয়ের মুখে পড়লেও, তেহরান এখনও হিজবুল্লাহকে তাদের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্পদ বলে মনে করে।

গত ২ মার্চ ইসরাইলে হামলা করে, হিজবুল্লাহ বৃহত্তর আঞ্চলিক সংঘাতে যোগ দেয় এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কূটনীতির বিরোধিতা করে।

হিজবুল্লাহর এসব হামলার প্রতিশোধ নিতে ইসরাইলও তাদের বিরুদ্ধে ভারী বিমান হামলা চালাচ্ছে। ইতিমধ্যে, দক্ষিণ লেবাননে একটি বাফার জোনের মাধ্যমে হিজবুল্লাহকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। ২০২৪ সালের একটি সংঘাতে ইসরাইল হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বকে ধ্বংস করেছিল। অন্যান্য সশস্ত্র গোষ্ঠী, যেমন ইয়েমেনের হুতিরাও ইসরাইলে হামলা চালিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির ঘটনায় তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

জামালপুর প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকির ঘটনায়  তদন্তে পুলিশ

জামালপুরের সাংবাদিক মাসুদুর রহমানের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন হুমকি দেওয়ার অভিযোগের তদন্তের নির্দেশের পর তদন্ত শুরু করেছে জামালপুর সদর থানা পুলিশ। শনিবার (১৮ জুলাই) দুপুর ৩ টায় সদর থানার এএসআই খোকন মিয়া জানিয়েছেন, হুমকি দাতার নাম যাচাই বাচাই করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। গত সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে জামালপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এই আবেদনটি গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মাসুদুর রহমান বর্তমানে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদকও।

জানা যায়, গত ৪ জুলাই মাদারগঞ্জ উপজেলার বালিঝুড়ি পশ্চিমপাড়া এলাকার লেবু মিয়ার ছেলে তামিম আহমেদ সবুজ (ওরফে পিচ্চি সবুজ) (৩৫)-কে নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মাসুদুর রহমান। ওই সংবাদটিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী তথা নিজেকে জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি পরিচয়দানকারী তামিম আহমেদ সবুজের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনা তুলে ধরা হয়। তিনি মাদারগঞ্জ এ.এইচ.জেড. সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচিত। ‘স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থীর ভিডিও ভাইরাল, চলছে আলোচনা-সমালোচনা’ শিরোনামে প্রকাশিত ওই সংবাদটি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল এবং সাংবাদিক মাসুদুর রহমানের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশিত হয়। পরদিন ৫ জুলাই বিষয়টি মাদারগঞ্জ উপজেলা বিএনপির নজরে আসলে, দলটির পক্ষ থেকে তামিম আহমেদ সবুজকে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

জিডির তদন্ত আবেদনে অভিযোগে বলা হয়েছে, ওই সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে ৫ জুলাই সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে জামালপুর শহরের মালগুদাম রোড এলাকায় অবস্থানকালে তামিম আহমেদ সবুজ তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর ০১৬১৭-৮২২৮৪৫ থেকে সাংবাদিক মাসুদুর রহমানের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৯৭৮-৫০৫২৪৪-এ কল ও বার্তা পাঠিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এই ঘটনায় সাংবাদিক মাসুদুর রহমান ৫ জুলাই জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৩৫২, তারিখ: ০৫/০৭/২০২৬) করেন।

উল্লেখ্য যে, অভিযুক্ত তামিম আহমেদ সবুজের বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে উচ্ছৃঙ্খল আচরণ, চাঁদাবাজি, সাধারণ মানুষ ও নারীদের মারধর, ব্ল্যাকমেইল করে ভিডিও ধারণের মাধ্যমে অর্থ আদায়ের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করে তাদের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করারও অভিযোগ করা হয়েছে। উপজেলা বিএনপি তামিম আহমেদ সবুজকে দলীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিলেও রহস্যজনক কারণে মানছেন না তিনি এবং দলের নাম ভাঙিয়ে এখনো বিভিন্ন অপকর্মে যুক্ত রয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক মাসুদুর রহমান বলেন, “সংবাদ প্রকাশের পর থেকেই তামিম আহমেদ সবুজ আমাকে হোয়াটসঅ্যাপে বারবার কল ও মেসেজ দিয়ে সংবাদ ও ফেসবুক পোস্টটি সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন এবং বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। আমি তাকে জানাই, সংবাদ বা পোস্ট সরানো সম্ভব নয়। যদি তার কোনো বক্তব্য বা প্রতিবাদ থাকে, তাহলে তা মাদারগঞ্জের স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ করতে পারেন। কিন্তু পরদিন তিনি আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দেন এবং মেসেজের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে আমি জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করি।” তিনি আরও জানান, “থানার পক্ষ থেকে এএসআই খোকন মিয়া বিষয়টি তদন্তের জন্য প্রয়োজনীয় আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছি।” এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব বলেন, তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%