প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের জকিগঞ্জে কৃষিকার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। সুলতানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক দিনের তথ্য সংগ্রহের পর কার্যক্রম বন্ধ রয়েছে। ওই দিন ১২৭ জন কৃষকের তথ্য নেওয়া হয়েছিল। পরে কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা বারহাল ইউনিয়নে তথ্য সংগ্রহ শুরু করেন, কাজ অসমাপ্ত রেখে। এদিকে, তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে স্থানীয় পর্যায়ে আপত্তি ও পাল্টাপাল্টি অভিযোগের কারণে কৃষকেরা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে তথ্য দিতে পারেননি বলে অভিযোগ করেছেন।
জকিগঞ্জ উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, জকিগঞ্জ সদর ইউনিয়নে কৃষিকার্ডের তথ্য সংগ্রহের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সুলতানপুর ইউনিয়নে কার্যক্রম শুরু হলেও সেখানে বাধার সম্মুখীন হয়ে কাজ অসমাপ্ত রাখতে হয়েছে। বর্তমানে বারহাল ইউনিয়নে তথ্য সংগ্রহ চলছে।
জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র জানান, সুলতানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ১২৭ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এরপর সেখানে কাজ বন্ধ রয়েছে। বারহাল ইউনিয়নের কাজ শেষ হলে সুলতানপুরে আবার তথ্য সংগ্রহ শুরু করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে পরামর্শ করা হবে। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবহিত করে পরবর্তী সময়ে সেখানে কার্যক্রম শুরু করা হবে।
বিএনপি নেতা ও সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাসান আহমদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার, তথ্য সংগ্রহের কাজে হস্তক্ষেপ ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। তিনি দাবি করেন, এ কারণে সুলতানপুরে কার্যক্রম চালানো সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র ও কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত ১৭ নভেম্বর সুলতানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল আহমদের নেতৃত্বে চার সদস্যের একটি দল তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়। তিনি ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদের মাধ্যমে ওয়ার্ডের ছয়টি স্থানে মসজিদের মাইকে প্রচার করে কৃষকদের জাতীয় পরিচয়পত্র নিয়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে বলা হয়।
তথ্য সংগ্রহের জন্য মজলী গ্রামের সেলিম আহমদ ও মুজাম্মিল আলীর বাড়ি, সিরাজপাড়া গ্রামের হাজী নজিব আলী (ফুরুক) মেম্বারের বাড়ি, সকড়া গ্রামের কমর উদ্দিনের বাড়ি, মাঝবন্দ গ্রামের এখলাছুর রহমানের বাড়ি এবং ব্রাহ্মণগ্রামের একটি দোকান নির্ধারণ করা হয়।
ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ এসব স্থানে উপস্থিত হন। তবে স্থানীয় কয়েকজনের অভিযোগ, সকাল থেকে অপেক্ষা করেও নির্ধারিত কয়েকটি স্থানে তাঁরা তথ্য সংগ্রহকারীদের পাননি। দুপুর পর্যন্ত অপেক্ষা করে অনেকে বাড়ি ফিরে যান। এক-দুটি স্থানে তথ্য সংগ্রহ করা হলেও সেদিন মোট ১২৭ জনের তথ্য নেওয়া হয়েছে বলে স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা গেছে। এরপর আর তথ্য সংগ্রহ না হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন অনেকে।
তথ্য দিতে না পেরে ফিরে আসা এক নারী বলেন, “আমার স্বামী দিনমজুর। কৃষিকার্ডের তথ্য নেওয়া হবে শুনে তিনি সেদিন কাজে যাননি। আমিও তাঁর সঙ্গে ছিলাম। সকালে নাশতা করে বের হয়ে সারাদিন অপেক্ষা করেছি। পরে বিকেলে তথ্য দিতে না পেরে বাড়ি ফিরেছি।”
স্থানীয় ইউপি সদস্য শামীম আহমদ জানান, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল আহমদ তাঁকে ফোন করে ছয়টি স্থান নির্ধারণ ও মাইকিং করতে বলেন। তাঁর নির্দেশনা অনুযায়ী স্থান নির্ধারণ করে প্রচার করা হয়। কিন্তু সেদিন অনেক মানুষ উপস্থিত হলেও তথ্য সংগ্রহের কাজ যথাযথভাবে না হওয়ায় তাঁদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
তথ্য সংগ্রহের পদ্ধতি নিয়ে আপত্তি তোলেন হাসান আহমদ। তিনি বলেন, জনবহুল ৯ নম্বর ওয়ার্ডে মাত্র কয়েকটি বাড়ি ও একটি দোকান নির্ধারণ করে তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। নির্ভুল তথ্য সংগ্রহ এবং কৃষকদের ভোগান্তি কমাতে তিনি বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এ বিষয়ে কৃষি কর্মকর্তা নিজেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও দাবি করেন তিনি।
হাসান আহমদের ভাষ্য, একই বাড়িতে একাধিক পৃথক পরিবার থাকলে নির্ধারিত স্থানে সবার উপস্থিত হওয়া কঠিন। বিশেষ করে নারী কৃষক ও নমিনিদের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা থাকলে সুবিধা হবে। তাঁর বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন লস্করের বিরুদ্ধে ভুল বার্তা ছড়ানোর অভিযোগ করেন হাসান আহমদ। তবে দেলোয়ার হোসেন লস্কর বলেন, এ বিষয়ে তিনি কাউকে কিছু বলেননি। তথ্য সংগ্রহের দিন জরুরি কাজে অন্যত্র ছিলেন। এ বিষয়ে কৃষি অফিসের কোনো কর্মকর্তার সাথে কোনো কথা হয়নি। শুধুমাত্র শামীম মেম্বার সাহেব তাকে বিষয়টি অবগত করেছেন।
অন্যদিকে, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল আহমদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসান আহমদ তাঁর ইউনিয়নে কৃষি শুমারি করার জন্য বলে আসছিলেন। তথ্য সংগ্রহ করতে গেলে তাঁকে বাবুর বাজারের মডার্ন মেডিকেল সার্ভিসের কার্যালয়ে নিয়ে বিভিন্ন নেতা-কর্মীর উপস্থিতিতে আলোচনা করা হয়। একপর্যায়ে তাঁর সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয় কয়েকজনের প্রশ্ন, কৃষি অফিসের দুই কর্মকর্তার বাড়ি ৯ নম্বর ওয়ার্ডে হওয়ায় অন্য ওয়ার্ডের আগে সেখানে তথ্য সংগ্রহ শুরু করা হয়েছিল কি না। তবে এ বিষয়ে কৃষি অফিসের সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।
কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, সিলেটের প্রকাশিত প্রচারপত্র অনুযায়ী, ফসল, মৎস্য বা প্রাণিসম্পদ উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত যেকোনো বাংলাদেশি নাগরিক কৃষিকার্ড পাওয়ার যোগ্য। জমির মালিক না হলেও ইজারা বা বর্গা নিয়ে চাষাবাদ করেন, এমন ব্যক্তিরাও এ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। সরকার স্বীকৃত কৃষি কার্যক্রমে যুক্ত ব্যক্তিরাও এর আওতায় আসবেন।
প্রচারপত্রে কৃষিকার্ডের জন্য জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নম্বর এবং জমির মালিকানা অথবা চাষাবাদের স্বপক্ষে প্রয়োজনীয় তথ্য বা দলিলের কথা উল্লেখ করা হয়েছে। নারী কৃষকেরাও স্বতন্ত্রভাবে কৃষিকার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং তাঁরা অগ্রাধিকার পাবেন।
জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। পাঁচ শতকের কম জমির মালিক ভূমিহীন, ৫ থেকে ৪৯ শতক পর্যন্ত প্রান্তিক, ৫০ থেকে ২৪৯ শতক পর্যন্ত ক্ষুদ্র, ২৫০ থেকে ৭৪৯ শতক পর্যন্ত মাঝারি এবং ৭৫০ শতক বা তার বেশি জমির মালিক বড় কৃষক হিসেবে শ্রেণিভুক্ত হবেন।
প্রচারপত্র অনুযায়ী, কৃষিকার্ডের মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষিবিমা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ, কৃষিবিষয়ক প্রশিক্ষণ, মুঠোফোনে আবহাওয়া ও বাজারের তথ্য এবং ফসলের চিকিৎসাসেবা পাবেন। এ ছাড়া প্রতিটি কৃষককে ১৪ ডিজিটের একটি স্বতন্ত্র পরিচিতি দেওয়ার কথাও প্রচারপত্রে উল্লেখ রয়েছে।
কৃষিকার্ডের তথ্য সংগ্রহ নিয়ে বিতর্কের মধ্যে স্থানীয় কৃষকদের প্রত্যাশা, সুলতানপুর ইউনিয়নে দ্রুত কার্যক্রম পুনরায় শুরু হবে এবং কোনো প্রকৃত কৃষক তথ্য সংগ্রহের বাইরে থাকবেন না। এ জন্য তথ্য সংগ্রহের স্থান ও সময়সূচি আগাম প্রচার এবং নির্ধারিত স্থানে যেতে না পারা কৃষকদের তথ্য দেওয়ার বিকল্প সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন