প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, বিদেশে বসে দেশের স্বার্থবিরোধী একটি মহল দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য কলকাঠি নাড়ার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, “যারা বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সন্ত্রাসবাদ কায়েমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।”
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরের পৌর শহরের সাধুপাড়া এলাকার জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পোলিং এজেন্টদের সম্মানে কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার আরও বলেন, “দেশের স্বার্থবিরোধী কিছু মহল দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে বিদেশে বসে কলকাঠি নাড়ার চেষ্টা করছে। তাদের ছেলে-মেয়ে, ভাই-ভাতিজা, চাচাতো, মামাতো, ফুফাতো ও খালাতো ভাইদের কেউই বাংলাদেশে নেই। ৫ আগস্টের আগেই তারা দেশ ছেড়ে পালিয়েছে। অথচ তারা সম্মিলিতভাবে চেষ্টা করছে আমার-আপনার সন্তানদের আবারও বলি দেওয়ার।”
তিনি যোগ করেন, “যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে, তাদের কোনো আত্মীয়স্বজন গার্মেন্টস শিল্পে চাকরি করে না। তাদের ভাই-ভাতিজারাও সেখানে নেই। অথচ এই গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পাঁয়তারা চালানো হচ্ছে।”
গোপালগঞ্জের পরিস্থিতির কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, “কয়েক দিন আগে গোপালগঞ্জের অবস্থা আপনারা দেখেছেন। তাদের সমর্থক দোকানদারদেরও রেহাই দেওয়া হয়নি। সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে গাছের কী দোষ? সামাজিক যোগাযোগমাধ্যমে আপনারা শত শত গাছ কেটে ফেলার দৃশ্য দেখেছেন। এ ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা সত্যকে সত্য বলব, মিথ্যাকে মিথ্যা বলব। আমাদের এই সৎসাহস দেখানোর এখনই সময় এসেছে। আমরা প্রত্যেকে যার যার জায়গা ও অবস্থান থেকে যারা বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সন্ত্রাসবাদ কায়েমের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
কায়সার কামাল বলেন, বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সহযোগিতা করে, তাহলে নিশ্চয়ই এমন একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে যে বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন। তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশের জন্য আমাদের দুর্গাপুরের চারজন শহীদ গত জুলাই-আগস্টে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। এমন বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে একজন গারো, একজন হাজং, একজন হিন্দু কিংবা একজন মুসলমান প্রত্যেকেই যেন শান্তিতে, নিরাপদে ও নিজের অধিকার নিয়ে বসবাস করতে পারেন। আমরা সেই বাংলাদেশ তৈরি করব।”
সভায় উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রিপন মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদসহ প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন