১০:২০ এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি "পূর্ণ ও অকুণ্ঠ সমর্থন" প্রকাশ করেছেন। রবিবার, ইসরাইলের নির্বাচনের প্রেক্ষাপটে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তায় এই সমর্থন জানান।
ট্রাম্প ওই বার্তায় ইসরাইলের জনগণের উদ্দেশে নেতানিয়াহুকে "শক্তিশালী, সাহসী ও মেধাবী" হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "আমি নেতানিয়াহুকে (বিবি) অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে দেখেছি। এ ধরনের পরিস্থিতিতে সাধারণ নারী-পুরুষ চাপের মুখে ভেঙে পড়তেন। কিন্তু বিবি ভেঙে পড়েননি। বরং তিনি আরো শক্তিশালী হয়েছেন।"
বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, নেতানিয়াহুর প্রতি তার "পূর্ণ ও অকুণ্ঠ সমর্থন" জানানো হচ্ছে, যিনি ইসরাইলের প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচনের জন্য লড়াই করছেন। তিনি আরো বলেন, "নেতানিয়াহু কখনোই আপনাদের হতাশ করবেন না!"
আরও পড়ুন: হামাসের আহ্বান, ইসরাইলের হামলা বন্ধে মধ্যস্থতাকারীদের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি
মার্কিন প্রেসিডেন্ট নেতানিয়াহুর বিকল্প হিসেবে অন্য কাউকে বেছে নেওয়ার বিষয়টিকে ইসরাইলের জন্য ভুল সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।
একই বার্তায় ট্রাম্প ইরান প্রসঙ্গে সতর্ক করে বলেন, তেহরান তাদের অবস্থান পরিবর্তন না করলে যুক্তরাষ্ট্র শিগগিরই "কাজ শেষ করবে"। তবে নেতানিয়াহু ক্ষমতায় না থাকলে এ পদক্ষেপ নিতে তিনি অনাগ্রহী হবেন বলেও ইঙ্গিত দেন।
ট্রাম্প বলেন, "ইসরাইলের নেতৃত্বে যদি ভুল ব্যক্তি থাকেন—অর্থাৎ বিবি ছাড়া অন্য কেউ—তাহলে যুক্তরাষ্ট্রকে একাই এ কাজ করতে হবে। আর আমি তা করতে আগ্রহী নই।"
নেতানিয়াহু ট্রাম্পের সমর্থনের জন্য দ্রুত কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, "আপনার অসাধারণ সমর্থন ও অংশীদারত্বের জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। আমরা একসঙ্গে মিশন সম্পন্ন করব!"
আরও পড়ুন: হুতিদের সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি
এদিকে, নির্বাচনের আগে জনমত জরিপগুলোতে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখা যাচ্ছে।
রবিবার প্রকাশিত মারিভের এক জনমত জরিপ অনুযায়ী, দুই শিবিরই ৫১টি করে আসন পেতে পারে। ইসরাইলের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ৬১টি আসন।
নির্বাচন সামনে রেখে বিভিন্ন জরিপে এই অচলাবস্থার চিত্র উঠে এসেছে। আগামী ২৭ অক্টোবর ইসরাইলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
আরও পড়ুন: সিএনএনের বিশ্লেষণ: ট্রাম্প-শি-পুতিনের ঘোষণায় পুরোনো আশার প্রতিধ্বনি
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন