প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদারীপুর সদর উপজেলায় স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নেওয়ার সময় হামলার শিকার হয়ে বেগম বিবি (বৃদ্ধা) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত বেগম বিবি সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকার বাসিন্দা। তিনি মৃত আমজাদ মোল্লার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরে বসে রান্না করছিলেন বেগম বিবি। এ সময় তাঁকে একা পেয়ে এক ছিনতাইকারী স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে পাশে থাকা মুগুর দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। আঘাতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
অভিযোগ রয়েছে, এরপর দুর্বৃত্তরা তাঁর কান কেটে স্বর্ণের কানের দুল এবং নাক কেটে স্বর্ণের নাকফুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, বৃদ্ধার মরদেহের সুরতহাল প্রতিবেদন জেলা হাসপাতালে সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
বৃদ্ধার ওপর এমন নৃশংস হামলা ও হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁরা এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন