প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানববন্ধন, র্যালি ও সমাবেশের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। ‘নৈরাজ্যকে না’ এই প্রতিপাদ্যে সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রোববার (২২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার সভাকক্ষে অনুষ্ঠিত একটি প্রস্তুতিমূলক সভায় এ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির শুরু হবে। এরপর সকাল ১০টায় ক্যাম্পাস থেকে নৈরাজ্যবিরোধী র্যালি বের হবে। র্যালিটি রায়সাহেব বাজার ও বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে ফিরে আসবে। পরে সকাল সাড়ে ১০টায় ভাষাশহীদ রফিক ভবনের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রস্তুতিমূলক সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, "দেশব্যাপী নৈরাজ্য প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।" নিরাপদ ক্যাম্পাস সবার প্রত্যাশা উল্লেখ করে তিনি বলেন, "শান্তিপূর্ণ পরিবেশে দেশের উন্নয়নে কাজ করতে হবে।" কোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন। নতুন বাংলাদেশ গঠনে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। এ জন্য ঘোষিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, "দেশকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" শিক্ষা ও গবেষণার পরিবেশ যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সচেতন থাকা জরুরি বলে তিনি উল্লেখ করেন। নৈরাজ্যবিরোধী সচেতনতা তৈরির মাধ্যমে এমন সামাজিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান, যেখানে সবাই নৈরাজ্যের বিরুদ্ধে অবস্থান নেবে।
সভায় কর্মসূচি বাস্তবায়নে র্যালির শৃঙ্খলা, নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ, সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল, লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিক এবং কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ ছাড়া লালবাগ বিভাগের ট্রাফিক পুলিশের প্রতিনিধি, জকসু, বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন, কর্মচারী সমিতি ও সহায়ক কর্মচারী সমিতির নেতারা সভায় অংশ নেন। তাঁরা কর্মসূচি সফল করতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন