প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি দেশের একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রচার করা হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে। বাহিনীটির দাবি, এই নতুন ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে দুটি তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব হবে।
নতুন উৎক্ষেপণব্যবস্থাটি পূর্বে ব্যবহৃত ইরানের একটি দ্বৈত উৎক্ষেপণব্যবস্থার তুলনায় উন্নত বলে মনে হচ্ছে। আগের ব্যবস্থায় একসঙ্গে দুটি কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হতো।
তরল জ্বালানি অধিক কার্যকর হিসেবে বিবেচিত। এ ধরনের জ্বালানি ব্যবহারের ফলে ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ কিছুটা নিয়ন্ত্রণ করার সুযোগ পাওয়া যায় পরিচালনাকারীদের।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মুসাভি বলেন, ‘আমরা আমাদের যুদ্ধকৌশলের কাঠামোয় অপ্রত্যাশিত চমক এবং অত্যন্ত কার্যকর সক্ষমতা যুক্ত করেছি।’
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদন অনুযায়ী, নতুন ক্ষেপণাস্ত্রগুলো উল্লম্বভাবে উৎক্ষেপণ করা হয়। এগুলোর গতি নিয়ন্ত্রণের সক্ষমতা থাকায় শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হতে পারে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের পাল্লা, লক্ষ্যভেদে নির্ভুলতা এবং যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) ওপর নির্ভরতা ছাড়াই পথনির্দেশনা পাওয়ার সক্ষমতা বেড়েছে।
গতকাল শনিবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন ভূগর্ভস্থ স্থাপনা পরিদর্শন করেন বাহিনীটির কমান্ডার মেজর জেনারেল আহমদ ওয়াহিদি। এ সময় প্রচারিত ভিডিওতে কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের ভেতর শত শত ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণযান দেখা যায়। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা স্পষ্ট নয়।
সূত্র: আলজাজিরা
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন