১০:২০ এম
কুষ্টিয়ার মিরপুরে একটি নির্জন সড়কে গাছের ডাল ফেলে যানবাহনের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরিহিত দেশীয় অস্ত্রধারী ৫-৬ জনের একটি দল পূজামণ্ডপে যাওয়ার পথে একটি ভ্যানের চার নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এছাড়া, পরে একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকেও স্মার্টফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা বিষিনতা মাঠসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, গাছের ডাল ফেলে নির্জন সড়কের ওপর যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে মুখোশধারী দুর্বৃত্তরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ৫-৬ জনের একটি দল সেখানে অবস্থান নেয়। ওই সড়ক দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় এক যুবক কৌশলে নিজেকে রক্ষা করে কাছের একটি মোড়ে থাকা লোকজনকে ডাকাতির খবর জানান। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
আরও পড়ুন: ‘না মানে না, হাসিনা ফিরবে না’: আবিদুল ইসলাম খান
এই ঘটনার মধ্যে পূজামণ্ডপে যাওয়ার পথে একটি ভ্যানে থাকা চার নারী দুর্বৃত্তদের কবলে পড়েন। অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা তাদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরবর্তীতে ওই পথ দিয়ে যাওয়া আরেকটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের কাছ থেকেও স্মার্টফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ছাতিয়ান ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জ্বল হোসেন জানান, সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশও সেখানে পৌঁছায়। তবে ততক্ষণে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ভুক্তভোগীরা স্থানীয় এলাকার বাইরের হওয়ায় তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্জন সড়কটির সুযোগ নিয়ে এর আগেও মাঝেমধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতেও একই কৌশলে যানবাহনের গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে মালামাল ছিনিয়ে নেওয়া হয়।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এই বিষয়ে বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ার পুলিশ-বিজিবি-আনসারের ৬ গাড়িতে অগ্নিসংযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন