প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণের ফলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এ বছর ৬১৭ জন আক্রান্ত হয়েছেন। ৪৫ জনের মৃত্যু ঘটেছে। এক দশকেরও অধিক সময়ের মধ্যে এই অঙ্গরাজ্যে ভাইরাসটির সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আক্রান্তদের মধ্যে একজন মান্ডি বুড, যিনি গত দুই মাস ধরে পক্ষাঘাতের কারণে পা নাড়াতে পারছেন না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসে মৃত্যুর সংখ্যা রেকর্ড অনুযায়ী দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
এএফপিকে বুড বলেন, “আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।” মশার কামড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়ার পর তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। বর্তমানে তিনি হাসপাতালে ফিজিওথেরাপি নিচ্ছেন।
ফিজিওথেরাপির ফাঁকে দাঁড়ানোর চেষ্টা করার সময় বুড বলেন, “এটা সত্যিই ভীতিকর।” জীবনের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় কাটিয়েছেন তিনি। সেখানে মশার উপদ্রব সাধারণ ঘটনা। তবে ক্যালিফোর্নিয়ার সুন্দর আবহাওয়ায় এসে এমন রোগে আক্রান্ত হবেন, তা কখনো কল্পনা করেননি বলে জানান বুড।
সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা বেশি ছিল। এই ধরনের আবহাওয়া মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে।
ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয় আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর মাধ্যমে মশা সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত অধিকাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। তবে কিছু মানুষের মধ্যে জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। প্রায় এক শতাংশ আক্রান্তের ক্ষেত্রে সংক্রমণ মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে। এর ফলে মস্তিষ্কের প্রদাহ, পক্ষাঘাত এমনকি মৃত্যুও ঘটতে পারে।
ওয়েস্ট নাইল ভাইরাসের কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। গুরুতর আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা ও উপসর্গ অনুযায়ী সেবা প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন