প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
একাধিক সিনেমার জন্য কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ঘটনা চলচ্চিত্রজগতে নতুন কিছু নয়। তবে বলিউডের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান সম্প্রতি জানিয়েছেন, ‘রামায়ণ’ সিনেমার সংগীত তৈরিতে মনোযোগ দিতে তিনি প্রায় ১০ থেকে ১২টি সিনেমার কাজ ফিরিয়ে দিয়েছেন। এই বিষয়টি তিনি সম্প্রতি গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (আইএফএফআই) এক আলোচনায় তুলে ধরেন।
রহমান জানান, ‘রামায়ণ’ সিনেমার সংগীতের কাজ শুরু হয়েছে প্রায় তিন বছর আগে। এই দীর্ঘ সময়ে বিভিন্ন সুর ও সংগীতের একাধিক সংস্করণ তৈরি করতে হয়েছে তাদের। উদাহরণ হিসেবে তিনি ‘রাবণ তাণ্ডব’ গানের কথা উল্লেখ করেন। গানটির চূড়ান্ত সংস্করণ ঠিক করতে ১২ থেকে ১৩টি ভিন্ন সংস্করণ তৈরি করা হয়েছিল।
‘রামায়ণ’ সিনেমার জন্য অন্যান্য কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রহমান বলেন, ‘রামায়ণ’-এর আবহে পুরোপুরি ডুবে থাকার জন্য তিনি প্রায় ১০ থেকে ১২টি সিনেমার কাজ ছেড়েছেন। এর মধ্যে অনেক বড় নির্মাতার সিনেমাও অন্তর্ভুক্ত ছিল। তবে এ সিদ্ধান্ত নিয়ে তার কোনো আক্ষেপ নেই। বরং এ নিয়ে তিনি গর্বিত।
রহমানের ভাষ্য, যে কাজ তার শৈল্পিক সত্তাকে তৃপ্ত করে এবং পুরো দলকে উৎসাহিত করে, তিনি সেই কাজই করতে চান। ‘রামায়ণ’-এর সংগীত তৈরির অভিজ্ঞতাও তার কাছে ছিল বিশেষ আনন্দের।
‘রামায়ণ’-এর সংগীতে এ আর রহমান ও হ্যান্স জিমার
নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার সংগীত পরিচালনায় এ আর রহমানের সঙ্গে যুক্ত হয়েছেন হলিউডের সংগীত পরিচালক হ্যান্স জিমার। সিনেমাটির প্রথম পর্বের অ্যালবামে একাধিক শিল্পী কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে ‘জয় জয় রাম’ গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। ‘রাবণ তাণ্ডব’ গেয়েছেন বিশাল দাদলানি। এছাড়া ‘সীতাস অ্যাসপিরেশন’ গানে কণ্ঠ দিয়েছেন এ আর আমিন, বৈশালী সামন্ত, রক্ষিতা সুরেশ ও অন্তরা নন্দী। অ্যালবামের গানের কথা লিখেছেন কবি কুমার বিশ্বাস।
দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। এতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, রাবণের ভূমিকায় যশ, সীতার চরিত্রে সাই পল্লবী এবং লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে। প্রযোজনা করছেন নামিত মালহোত্রা ও যশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন