০৯:০৯ এম
২০২৬ বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সেই স্বপ্নটি পূর্ণ হলো না। স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ফলে টানা ষষ্ঠ বিশ্বকাপ খেললেও পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকায় আর শিরোপার স্বাদ পাওয়া হলো না।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর নতুন করে আলোচনার শুরু হয়েছে এটি কি রোনালদোর জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ ছিল?
আরও পড়ুন: খালেদ ও তাহেরকে জাতীয় বীর হিসেবে উপস্থাপন: বামপন্থিদের জিয়া-বিদ্বেষ
তবে রোনালদো অবসর নিয়ে এখনই কোনো চূড়ান্ত ঘোষণা দিতে রাজি নন। ম্যাচ শেষে তিনি বলেন, "আমি কখনো আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিই না। বর্তমানে এটি গুরুত্বপূর্ণ নয় যে আমি খেলা চালিয়ে যাব কি না। আগামীকাল আমি আজকের মতোই পরিষ্কার বিবেক নিয়ে ঘুম থেকে উঠব।"
অবসরের সময় নিয়ে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, "একদিন সেই দিনটা আসবে। তবে আমি হাজার ভাগ পরিষ্কার বিবেক নিয়েই বিদায় নেব। কারণ আমি ফুটবলের জন্য সবকিছু উজাড় করে দিয়েছি। আমার আর কিছু প্রমাণ করার নেই। আমি ফুটবল খেলি শুধুই ভালোবাসার জন্য। প্রতিটি দিন উপভোগ করতে হয়। আর আমি এই বিশ্বকাপে তিনটি গোল করেছি। খারাপ করিনি, তাই না?"
বিশ্বকাপ শুরুর আগে রোনালদো ইঙ্গিত করেছেন যে, ২০২৬ বিশ্বকাপ তার শেষ হতে পারে। স্পেনের বিরুদ্ধে হারের পর মাঠ ছাড়ার সময় তার চোখে পানি দেখা যায়, যা অনেকের মতে বিশ্বকাপের মঞ্চে তার শেষ অধ্যায়ের আবেগঘন মুহূর্ত।
বর্তমানে রোনালদোর বয়স ৪১ বছর। ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সময় তার বয়স হবে ৪৫। একজন ফরোয়ার্ড হিসেবে এত বেশি বয়সে বিশ্বকাপ খেলা অত্যন্ত কঠিন। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটি মিশরের গোলরক্ষক এসসাম এল হাদারির, যিনি ৪৫ বছর ১৬১ দিন বয়সে মাঠে নেমেছিলেন। তবে গোলরক্ষক ও ফরোয়ার্ডের শারীরিক চাহিদার পার্থক্যের কারণে সেই তুলনা সহজ নয়।
আরও পড়ুন: বাংলাদেশ ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে
তবে ২০৩০ বিশ্বকাপের অন্যতম সহ-আয়োজক হবে পর্তুগাল। যদি রোনালদো ততদিন পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যান এবং নিজেকে ফিট রাখতে সক্ষম হন, তাহলে তাকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই।
ক্লাব ফুটবলে রোনালদোর আল নাসরের সঙ্গে চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। ফলে আগামী মৌসুমগুলোতে তাকে সৌদি প্রো লিগে দেখা যাবে। এরপর তিনি অবসর নেবেন, নাকি আরও কিছুদিন খেলবেন, তা এখনও নিশ্চিত নয়।
এর আগে ২০২৫ সালের নভেম্বরে পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, "তিনি শিগগিরই ফুটবল থেকে অবসর নেবেন।" যদিও ওই শিগগিরই কবে, তা এখনও স্পষ্ট নয়।
ফুটবলবিশ্বের অনেকের ধারণা, ২০২৬ বিশ্বকাপই ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপ। তবে আনুষ্ঠানিকভাবে বুট জোড়া তুলে না রাখা পর্যন্ত ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা পুরোপুরি নাকচ করা যাচ্ছে না।
আরও পড়ুন: পাকিস্তানের তাইয়্যাব আরিফ অভিষেক ম্যাচে গড়লেন নতুন রেকর্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন