প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সউদী আরবের পূর্বাঞ্চলে দুটি ড্রোন ধ্বংস এবং প্রতিহত করার কথা জানিয়েছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। এর আগে, রাজধানী রিয়াদে ড্রোন হামলায় ১১ জন আহত হন। অন্যদিকে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে একটি জাহাজ সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে একটি জাহাজে হামলার তথ্য প্রকাশ করেছে আইআরজিসির নৌবাহিনী। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জাহাজটি ওমানের খাসাব বন্দরের উত্তরে একটি অননুমোদিত নৌপথ দিয়ে চলাচল করছিল। এ সময় সেটি সামুদ্রিক মাইনের আঘাতে থেমে যায় বলে দাবি করেছে ইরানি বাহিনী।
জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের উদ্দেশে আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালিতে নিরাপদে চলাচলের জন্য সামুদ্রিক নিরাপত্তাবিধি মেনে চলা, অনুমোদিত নৌপথ ব্যবহার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া জরুরি। তবে তারা জাহাজটির নাম, পতাকা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানায়নি। ইরানের এ দাবিও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সংঘাত এবং ইরানি বন্দরগুলোর ওপর ওয়াশিংটনের নৌ-অবরোধের মধ্যে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর আগে ওই এলাকায় একাধিক জাহাজে হামলা ও সামুদ্রিক মাইনের আঘাতের খবর পাওয়া গেছে।
এদিকে, বুধবার (২৫ নভেম্বর) ভোরে সউদী আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে দুটি ড্রোন শনাক্ত করে প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তিনি জানাননি।
এর আগে মঙ্গলবার সউদী রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি বহুতল ভবনে ড্রোন হামলা হয়। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ওই হামলায় ১১ জন আহত হয়েছেন। সউদী নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি হামলার জন্য ইয়েমেনের হুতি গোষ্ঠীকে দায়ী করেছেন। তিনি এ ধরনের হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকারও করেছেন।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের ওই এলাকায় বহুতল ভবনে এটি দ্বিতীয় হামলা। সউদী কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বরও হুতিদের হামলায় ওই এলাকার একটি বহুতল ভবনের কয়েকটি তলা ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এ পরিস্থিতিতে ইয়েমেনের হোদেইদা বন্দরের আশপাশের এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সউদী নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার ভোরে নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে এ সতর্কবার্তা দেওয়া হয়। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সতর্কবার্তার সঙ্গে একটি মানচিত্রও প্রকাশ করেন। এতে লাল রঙ দিয়ে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার এলাকা চিহ্নিত করা হয়েছে।
২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে সউদী নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে হুতিরা। সাম্প্রতিক সময়ে সউদী আরব ও হুতিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। হুতিদের হামলায় দেশটির বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও অন্যান্য অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন