ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসিকে সম্মাননা দিল সিপিজে


ইসরাইলি হামলায় পা হারানো এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসিকে সম্মাননা দিল সিপিজে

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : লেবানন সীমান্তে সংবাদ সংগ্রহের সময় ইসরাইলি হামলায় একটি পা হারানো এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসিকে সম্মাননা প্রদান করেছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

এই সম্মাননা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সোচ্চার ভূমিকা রাখার জন্য বৃহস্পতিবার দেওয়া হয়।

এটি খবর বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে চুক্তিতে ইউরোপীয়দের রাজি করানোর চেষ্টা ট্রাম্পের: ডব্লিউপি

২০২৩ সালের অক্টোবরে ইসরাইল সীমান্তের কাছে সংঘাতের খবর সংগ্রহের সময় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হন। এই ঘটনার সময় আহত হন আরও ছয়জন, যাদের মধ্যে এএফপির সাংবাদিক ক্রিস্টিনা আসি ও ডিলান কলিন্সও ছিলেন।

এএফপির নিজস্ব তদন্তে উল্লেখ করা হয়েছে, উত্তর ইসরাইলের জর্দেইখ এলাকা থেকে দুটি ১২০ মিলিমিটার কামানের গোলা ছোড়া হয়েছিল।

রয়টার্স, সিপিজে, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডারসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার পৃথক তদন্তেও এএফপির তদন্তের ফলাফলগুলোর সঙ্গে মিল পাওয়া গেছে।

হামলার পর থেকে লেবাননের আলোকচিত্রী ও ফটো এডিটর আসি নিহত সহকর্মীর হত্যার বিচার, যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনকালে আহত সাংবাদিকদের সহায়তায় একটি কর্মসূচি চালুর দাবিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন: নেতানিয়াহু: ইরানে হামলা ‘অনিবার্য’

২০২৪ সালের জুলাইয়ে প্যারিস অলিম্পিকে দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি অলিম্পিক মশাল বহন করেন।

সম্মাননা অনুষ্ঠানের আগে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আসি বলেন, ‘আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। তবে একই সঙ্গে এই সম্মাননা পাওয়ার পেছনের কারণগুলো আমাকে ক্ষুব্ধ ও দুঃখিতও করছে।’

তিনি আরও বলেন, ‘গত তিন বছরে আমরা অনেক সহকর্মীকে হারিয়েছি। এখন পর্যন্ত আমরা যা করেছি এবং সাংবাদিকদের অধিকারের পক্ষে যেসব প্রচার-প্রচারণা চালিয়েছি, সেগুলোও যথেষ্ট মনে হচ্ছে না।’

এএফপির সংবাদ পরিচালক ফিল চেউইন্ড পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে বলেন, ‘ক্রিস্টিনা ও তার সাংবাদিক সহকর্মীদের ওপর হামলা স্পষ্টতই একটি যুদ্ধাপরাধ।’

আরও পড়ুন: রিয়াদে হুতি ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত সউদী জোট

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার জন্য এএফপি বারবার ইসরায়েলের কাছে ব্যাখ্যা চেয়েছে। কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। দায়মুক্তির সংস্কৃতিকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

বৃহস্পতিবার সিপিজের প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড পাওয়া অন্য সাংবাদিকদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির অনুসন্ধানী সাংবাদিক সাবোলচ পানই এবং কলম্বিয়ার সাংবাদিক এস্তেফানি রদ্রিগেজ।

ভিক্টর অরবানের শাসনামলে দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য হাঙ্গেরির সাংবাদিক পানইকে এ সম্মাননা দেওয়া হয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন প্রয়োগসংক্রান্ত কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরির সময় গ্রেপ্তার হয়েছিলেন কলম্বিয়ার সাংবাদিক রদ্রিগেজ।

সিপিজে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা। এই সংগঠন বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে।

আরও পড়ুন: মার্কিন কৃষিমন্ত্রীকে ধর্মীয় বার্তা পাঠানো বন্ধের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকল নৈরাজ্য মোকাবেলা করতে হবে: এমপি আবুল কালাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২১ পি.এম


সকল নৈরাজ্য মোকাবেলা করতে হবে: এমপি আবুল কালাম

পলাতক ও নিষিদ্ধ আওয়ামীলীগসহ যে কোনো সংগঠনের অপকর্ম, নৈরাজ্য এবং অপতৎপরতা মোকাবেলায় সচেতন জনগণকে বিএনপিসহ একত্রিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম।

সভাটি লাকসাম উপজেলা ও পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল নিষিদ্ধ সংগঠন কর্তৃক দেশব্যাপী পরিকল্পিত বিশৃঙ্খলা প্রতিরোধ করা। সভায় দেশ ও গণতন্ত্রের স্বার্থে সকল নেতাকর্মীকে একত্রিত হয়ে যেকোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও অপতৎপরতা প্রতিরোধে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ মোঃ মজির আহমদ। বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ মোঃ নুর উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মিলন, আলহাজ্ জসীম উদ্দিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বেলাল রহমান মজুমদার, সুভাষ সাহা, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান দোলন, এবং বিএনপি নেতা শাহ সুলতান খোকন।

এছাড়া উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহসভাপতি আবুল হোসেন মানু, কমান্ডার আবুল বাশারসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নয়নতারার উত্তরণ: পুরুষ তারকাদের নিয়ন্ত্রণে পরিবর্তন আনলেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২২ পি.এম


নয়নতারার উত্তরণ: পুরুষ তারকাদের নিয়ন্ত্রণে পরিবর্তন আনলেন তিনি

দীর্ঘকাল ধরে বক্স অফিসের নিয়ন্ত্রণ পুরুষ তারকাদের হাতে ছিল। এই ধারণা পরিবর্তন করে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা নিজের অবস্থান তৈরি করেছেন। একের পর এক নারীপ্রধান সিনেমার সফলতা, পারিশ্রমিক এবং ব্যবসায়িক উদ্যোগ— সবকিছু মিলিয়ে ভারতীয় সিনেমা জগতে তিনি ‘লেডি সুপারস্টার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

তবে ‘লেডি সুপারস্টার’ হিসেবে পরিচিত এই অভিনেত্রী খুব একটা স্বস্তিতে নেই। এই ‘লেডি’ উপাধি পাওয়ার কারণে তাকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়। গত পাঁচ-ছয় বছর ধরে তিনি প্রযোজক ও পরিচালকদের কাছে সিনেমায় তার নামের আগে এই উপাধি ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়ে আসছেন।

নয়নতারা বলেন, “আমার ক্যারিয়ার কোনো উপাধি বা পরিচয়ে সংজ্ঞায়িত হয় না। কারো কাছ থেকে কোনো উপাধি কেড়ে নেওয়ার চেষ্টাও আমি করছি না। বিষয়টি আমার কাছে আসলে গুরুত্বপূর্ণ নয়।”

অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করে বড় অঙ্কের আয় করেন। প্রতিটি বিজ্ঞাপনের জন্য তিনি প্রায় পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন। টাটা স্কাইয়ের ৫০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনে চার ভাষায় কাজ করে পাঁচ কোটি রুপি আয় করেছিলেন নয়নতারা।

অন্যদিকে, অভিনয়ের পাশাপাশি স্বামী পরিচালক ভিগনেশ শিবানের সঙ্গে বেশ কয়েকটি ব্যবসায় যুক্ত রয়েছেন নয়নতারা। এ তারকা দম্পতির ‘রাউডি পিকচার্স’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটির মূল্য প্রায় ৫০ কোটি রুপি বলে দাবি করা হয়েছে। এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে ভিগনেশ জানিয়েছিলেন— ৪০০ কোটি রুপি আয় করতে পারলে তারা সিনেমা থেকে অবসর নেওয়ার কথা ভাবতে পারেন।

২০২৩ সালে সিঙ্গাপুরের উদ্যোক্তা ডেইজি মরগ্যানের সঙ্গে যৌথভাবে ত্বকের যত্নের প্রসাধনী ব্র্যান্ড ‘নাইনস্কিন’ চালু করেন অভিনেত্রী। তারও আগে ২০২১ সালে চর্মরোগ বিশেষজ্ঞ রেনিতা রাজনের সঙ্গে যৌথভাবে লিপ বাম ব্র্যান্ডের ব্যবসায় যুক্ত হন নয়নতারা।

২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে মালায়ালাম সিনেমা ‘মনসিনাক্কারে’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে নয়নতারার। ২০০৫ সালে রজনীকান্তের ‘চন্দ্রমুখী’ ও এআর মুরুগাদস পরিচালিত ‘গজিনি’ সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় পরিচিতি পান। ২০০৭ সালে ‘বিল্লা’ সিনেমায় ভিন্ন লুকে হাজির হয়ে তিনি নিজের চেনা ইমেজ ভেঙে দেন। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দি— পাঁচ ভাষায় ৭৫টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ব্যক্তিগত কারণে দুই বছরের বিরতির পর ২০১৩ সালে আবার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফিরেন। এরপর ‘মায়া’ (২০১৫), ‘আরাম’ (২০১৭) ও ‘কোলামাভু কোকিলা’ (২০১৮)-এর মতো সিনেমায় এককভাবে নেতৃত্ব দিয়ে বক্স অফিসে সাফল্য অর্জন করেন। এসব সিনেমা তাকে নারীপ্রধান চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য তারকায় পরিণত করে।

অভিনয়ের সাফল্যের সঙ্গে তার পারিশ্রমিকও বেড়েছে। শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমায় অভিষেকের সময় প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, সম্প্রতি ‘টক্সিক’ সিনেমার জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেন তিনি। যদিও যশ অভিনীত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি।

ভারতের বিভিন্ন শহরে তার একাধিক সম্পত্তিও রয়েছে। ২০২১ সালে চেন্নাইয়ে চার শয়নকক্ষের একটি ফ্ল্যাট কেনেন ভিগনেশের সঙ্গে। এছাড়া হায়দরাবাদের বানজারা হিলসে দুটি বাড়ি রয়েছে, যার মূল্য ৩০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। মুম্বাইয়ে বিলাসবহুল চার শয়নকক্ষের ফ্ল্যাট এবং কেরালায় পৈতৃক বাড়িও রয়েছে অভিনেত্রীর। তার ব্যক্তিগত বিমানের আনুমানিক মূল্য ৫০ কোটি রুপি। গাড়ির সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ ৫ সিরিজ, মার্সিডিজ জিএলএস ৩৫০ডি ও বিএমডব্লিউ ৭ সিরিজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো মাস্টার এজেন্টসহ ২ জন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম

ঠাকুরগাঁওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ক্যাসিনো মাস্টার এজেন্ট হিসেবে পরিচিত দুই ব্যক্তিকে ১০০টি সিমকার্ডসহ গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) ভোররাতে ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানাধীন ৫ নম্বর শুকানপুকুরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিকাগাঁও শাহাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোঃ বেলাল হোসেনের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোদাদাদ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আলমগীর রহমানের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুলের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অভিযান চালায়।

অভিযানকালে ডি-হাট থেকে স্লুইসগেটগামী পাকা রাস্তার উত্তর পাশে কালিকাগাঁও শাহাপাড়া গ্রামের শ্যামল রায়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার নিজ শয়নকক্ষ থেকে ১০০টি সিমকার্ডসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামল রায় (২৮), পিতা শ্রী অতুল চন্দ্র রায়, সাং কালিকাগাঁও শাহাপাড়া এবং মোঃ জাহিদুর রহমান (২১), পিতা মোঃ আলতাফুর রহমান, সাং কালিকাগাঁও, ডি-হাট বাজার। তারা উভয়েই ভুল্লী থানার বাসিন্দা।

ডিবি পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা ক্যাসিনো মাস্টার এজেন্ট হিসেবে পরিচিত। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাউদকান্দিতে খিরা চাষে কৃষকদের লাভের প্রত্যাশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


দাউদকান্দিতে খিরা চাষে কৃষকদের লাভের প্রত্যাশা

কুমিল্লার দাউদকান্দিতে মৌসুমী ফসল খিরা চাষে কৃষকেরা ব্যস্ত সময় কাটাচ্ছেন। মাঠজুড়ে সবুজের সমারোহ দেখা যাচ্ছে। কিছু জমিতে কৃষকরা খিরাগাছের পরিচর্যায় ব্যস্ত, আবার কোথাও গাছে ঝুলছে কচি খিরা। অন্যদিকে, কিছু জমিতে ফলন আসতে শুরু করেছে। কৃষকেরা সেই খিরা তুলে বাঁশের তৈরি ঝুড়িতে সাজিয়ে স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছেন। কেউ সরাসরি ক্রেতার কাছে বিক্রি করছেন, আবার কেউ পাইকারদের কাছে বিক্রি করছেন। নতুন ফসলের আগমনে কৃষকদের মনে ভালো ফলন ও লাভের প্রত্যাশা রয়েছে, তবে তারা বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলার চিন্তাও করছেন।

উপজেলার দাউদকান্দি উত্তর, গৌরীপুর, সুন্দলপুর, বারপাড়া ও ইলিয়টগঞ্জ উত্তর ও বিটেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবারও খিরার আবাদ করেছেন কৃষকেরা। দাউদকান্দি বাজারসহ বিভিন্ন বাজারে ইতিমধ্যে নতুন খিরা উঠতে শুরু করেছে। বাজারে বাঁশের ঝুড়িতে সাজানো সবুজ ও লালচে আভাযুক্ত টাটকা খিরা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। সতেজ রং ও কচকচে স্বাদের এই সবজির ভালো মানের প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।

সম্প্রতি বিটেশ্বর ইউনিয়নের তিনপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষক সাইফুল ইসলাম নিজের খেতে গাছের পরিচর্যা ও খিরা সংগ্রহে ব্যস্ত রয়েছেন। গত বছরের সাফল্য তাঁকে এবার বড় পরিসরে খিরা চাষে উৎসাহিত করেছে।

সাইফুল ইসলাম জানান, গত বছর ১০ শতাংশ জমিতে খিরা চাষ করে তিনি ভালো ফলন পেয়েছিলেন এবং লাভবানও হয়েছেন। সেই অভিজ্ঞতা থেকে এবার তিনি অন্যের ৩৩ শতাংশ জমি চুক্তিতে নিয়ে উন্নত জাতের খিরা চাষ করছেন। এ পর্যন্ত তাঁর প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহর ওপর ভরসা রেখে নিয়মিত পরিচর্যা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন বাজারে খিরা বিক্রিও শুরু করেছেন। খিরার আকার, রং ও মান ভালো হওয়ায় তিনি অন্য অনেক চাষির তুলনায় কিছুটা বেশি দাম পাচ্ছেন বলে জানান।

এছাড়াও তিনপাড়া গ্রামের জাকির ও বরকোটা গ্রামের সোলমান মিয়া সহ এই এলাকার অনেক কৃষক লাভের আশায় খিরা চাষ করেছেন।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছর দাউদকান্দিতে খিরা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৯০ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছিল ৪০০ হেক্টরে। চলতি বছর খিরা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০০ হেক্টর জমিতে। এরই মধ্যে আবাদ হয়েছে ৩৬০ হেক্টরে। এখনো কিছু এলাকায় খিরা চাষ শুরু হওয়ায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনের ব্যাপারে আশাবাদী কৃষি বিভাগ।

দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা বলেন, এ উপজেলায় আগেও খিরা চাষ করে কৃষকেরা ভালো ফলন পেয়েছেন। এবারও চাষের পরিমাণ লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। যেসব কৃষক জমিতে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করেন, তাঁদের খিরাগাছে পোকামাকড়ের আক্রমণ বাড়তে পারে। তাই কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পরিমিত সার ও প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহার করলে পোকামাকড়ের আক্রমণ কমানো এবং ভালো ফলন পাওয়া সম্ভব। চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%