১১:২৬ এম
তাইওয়ানের ২২টি শহর ও কাউন্টিতে স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার ভোটাররা মেয়র, কাউন্সিলরসহ স্থানীয় পর্যায়ের প্রায় ১১ হাজার পদে প্রতিনিধি নির্বাচন করছেন। দ্বীপটির বড় শহরগুলোর মধ্যে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণের কার্যক্রম শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। সন্ধ্যার শুরুতে ফলাফল প্রকাশের আশা করা হচ্ছে। ভোটাররা স্কুল, মন্দির ও বিভিন্ন কমিউনিটি সেন্টারে গিয়ে ভোট প্রদান করছেন।
‘নাইন-ইন-ওয়ান’ নামক এই নির্বাচনে স্থানীয় সরকারের ৯ ধরনের পদে ভোটগ্রহণ হচ্ছে। মোট ১১ হাজারেরও বেশি পদে প্রতিনিধি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: ইসরাইলের গুপ্তহত্যাচেষ্টা থেকে বাঁচলেন হামাস প্রধানের ছেলে
তাইপের মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াই
রাজধানী তাইপের মেয়র পদে গুরুত্বপূর্ণ লড়াই চলছে। ঐতিহ্যগতভাবে বিরোধী দল কুওমিনতাংয়ের (কেএমটি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত শহরটিতে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেএমটির বর্তমান মেয়র চিয়াং ওয়ান-আন এবং ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী পুমা শেন। আগের নির্বাচনে চিয়াং দ্বিগুণ ব্যবধানে জয়ী হয়েছিলেন। তাকে ভবিষ্যতে প্রেসিডেন্ট পদে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
পুমা শেন একজন শিক্ষাবিদ, যিনি রাজনীতিতে আসার আগে আইনপ্রণেতা ছিলেন। তিনি চীনের তথ্যযুদ্ধের বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। চীন তাকে কঠোরভাবে সমালোচনা করেছে এবং দেশটির পুলিশ তাঁর বিরুদ্ধে ‘বিচ্ছিন্নতাবাদ’-এর অভিযোগ তুলে তাকে খুঁজছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে পিছিয়ে থাকা প্রতিযোগী হিসেবে নির্বাচনি লড়াইয়ে অংশগ্রহণ করলেও প্রচার-সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটিয়েছেন শেন।
আরও পড়ুন: গাজায় ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের কথা স্বীকার করল ইসরাইলি সেনারা
নেভাদা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন ওয়াং মন্তব্য করেছেন, কেএমটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত তাইপেতে শেন জয়ী হলে বেইজিংয়ের জন্য তা লজ্জাজনক হতে পারে।
চিয়াং তার সমর্থকদের জানিয়েছেন, মেয়র পদের লড়াই খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। অন্যদিকে, যানজটের আশঙ্কায় নির্বাচনি প্রচারের শেষ সমাবেশ বাতিল করেছেন শেন। এর পরিবর্তে তিনি অনলাইনে একটি অনুষ্ঠান আয়োজন করেন, যা ইউটিউবে পাঁচ লাখেরও বেশি দর্শক দেখেছেন।
ডিপিপির প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তেও প্রতিবেশী নিউ তাইপে সিটির এক সমাবেশে দলীয় প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তাইপের বাইরে, তাইওয়ানের সবচেয়ে জনবহুল শহর নিউ তাইপে সিটি এবং দক্ষিণাঞ্চলের কাওশিউংয়ে গুরুত্বপূর্ণ লড়াই চলছে। নিউ তাইপে সিটির বর্তমান মেয়র কেএমটির, অন্যদিকে কাওশিউংয়ের মেয়র পদে রয়েছে ডিপিপি।
আরও পড়ুন: ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটা ১৩ বিলিয়ন ডলার ছাড়াবে
নির্বাচনে চীনের চাপ ও প্রভাবের অভিযোগ উঠেছে। এবারের স্থানীয় নির্বাচন তাইওয়ানের চীননীতি সরাসরি পরিবর্তন করবে না। নির্বাচনি প্রচারে পরিবহন, শিশুযত্ন ও পরিবেশের মতো স্থানীয় বিষয়গুলো বেশি গুরুত্ব পেয়েছে। তবে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করা চীন নির্বাচনটির ওপর ঘনিষ্ঠ নজর রাখছে। বেইজিং বিভিন্ন সময় এ নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, শুক্রবার থেকে শনিবারের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মির প্রায় ৩৩টি সামরিক বিমান তাইওয়ানের দিকে উড়েছে। এসব বিমানের মধ্যে বোমারু বিমান ও যুদ্ধবিমানও অন্তর্ভুক্ত ছিল।
তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল অভিযোগ করেছে, ‘কগনিটিভ ওয়ারফেয়ার’ বা মানুষের চিন্তাভাবনা ও মনোভাব প্রভাবিত করার কৌশল এবং আন্তদেশীয় দমন-পীড়নের মাধ্যমে নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করছে বেইজিং।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সপ্তাহে বলেছে, তাইওয়ানের সঙ্গে ‘পুনরেকত্রীকরণ’ একটি অনিবার্য প্রবণতা।
আরও পড়ুন: ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীদের নৌকা ডুবে ১৪ জনের মৃত্যু
চার বছর আগে অনুষ্ঠিত সর্বশেষ স্থানীয় নির্বাচনে কেএমটি ১৪টি শহর ও কাউন্টিতে জয়ী হয়েছিল। ডিপিপি জিতেছিল পাঁচটিতে। বাকি তিনটিতে জয়ী হয় অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।
কেএমটি ঐতিহ্যগতভাবে বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে। অন্যদিকে ডিপিপি তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে।
বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনের ফলাফল দিয়ে ২০২৮ সালের শুরুর দিকে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুমান করা কঠিন। বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় নির্বাচনের পরপরই কেএমটি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী বাছাই নিয়ে আলোচনা শুরু করতে পারে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মেয়াদ শেষ হতে যাওয়া তাইচুংয়ের মেয়র লু শিউ-ইয়েন এবং পার্লামেন্টের স্পিকার হান কুও-ইউ।
আরও পড়ুন: লাহোরে মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
দলের চেয়ারওম্যান চেং লি-ওয়েনকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। গত এপ্রিলে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন।
তবে নির্বাচনে কেএমটি খারাপ ফল করলে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য তার ওপর চাপ তৈরি হতে পারে।
এএম
আরও পড়ুন: রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি আরবের প্রতিহতের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন