০৪:০৫ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ১৫ শিক্ষার্থী। তাদের মধ্যে ১০ জনকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের সালिम ডোলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিকেল থেকে রাত ৮টার মধ্যে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে তাদের ছাড়পত্র দেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুরুল হোদা বলেন, ‘বিদ্যালয়ের ২২১ জন শিক্ষার্থীকে খাবার দেয়া হয়েছিল। তাদের অধিকাংশই ততক্ষণে খাবার খেয়ে ফেলেছিল। কয়েকজন শিক্ষার্থী তাদের স্বাস্থ্য সমস্যার কথা জানালে তৎক্ষণাৎ আমরা বাকি শিক্ষার্থীদের ওই খাবার না খাওয়ার নির্দেশ দিই। শিক্ষকেরা খাবার পরীক্ষা করে দেখেন, কিছু খাবারে বাসি গন্ধ পাওয়া যাচ্ছিল।’
আরও পড়ুন: জিয়ানগরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘দুপুরে স্কুল ফিডিং প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ডিম ও পাউরুটি খেতে দেয়া হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তারা অসুস্থ বোধ করতে থাকে। প্রথমে স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ১০ জনের অবস্থার অবনতি হলে তাদের চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।’
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, হাসপাতালে ১০ শিক্ষার্থীকে চিকিৎসা দেয়া হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল। নিম্নমানের বা অস্বাস্থ্যকর খাবার এবং অতিরিক্ত গরমের কারণেই শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, ওই বিদ্যালয়ে খাবার সরবরাহ করেছিল গ্রাম উন্নয়ন কর্ম (গাক) নামের একটি বেসরকারি সংস্থা। সরবরাহ করা খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে, যা ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করা হবে।
তিনি উল্লেখ করেন, এর আগে জেলার একাধিক বিদ্যালয়ে গাকের দেয়া খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছিল। ওই সময় ভ্রাম্যমাণ আদালত তাদের ৪০ হাজার টাকা জরিমানাও করেছিল।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন
তবে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করেও গাকের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন