০১:৩৮ পি.এম
খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, দেশে খাদ্যের মজুত চাহিদার তুলনায় বেশি। তিনি উল্লেখ করেছেন, দেশে খাদ্যের সংকট নেই এবং আসন্ন রমজান মাসে খাদ্য সংকটের আশঙ্কা নেই। তবে, গুদামগুলোতে জনবলের সংকট বিদ্যমান। এই সংকট মোকাবেলার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় প্রধান খাদ্য গুদামঘর বা সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব তথ্য জানান।
আফরোজা খানম রিতা বলেন, "দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশে খাদ্যের কোনো সংকট নেই। যতটুকু চাহিদা রয়েছে, তার চেয়ে বেশি খাদ্য মজুত আছে। তাই খাদ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। রমজানেও কোনো সংকট হবে না।"
আরও পড়ুন: শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণসহ ৩ জন আটক
তিনি আরও বলেন, খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখা এবং মানুষের চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়ার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে রমজান মাসে সাধারণ মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে যাতে অসুবিধা না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি জনগণের কাছে সুলভ মূল্যে পণ্য সরবরাহের আশ্বাসও দেন।
আফরোজা খানম রিতা বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের কারণে দাম বৃদ্ধির কথা উল্লেখ করে বলেন, "আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবেই পণ্যের দামে পরিবর্তন এসেছে। তবে দেশের মানুষের ওপর যাতে বাড়তি চাপ না পড়ে, বিষয়টি বিবেচনায় রেখে দাম নির্ধারণ করা হয়েছে। জনগণের যাতে কোনো অসুবিধা না হয়, সরকার সেই চেষ্টা করছে।"
তিনি আরও বলেন, খাদ্য মজুত ও সরবরাহব্যবস্থা সচল রাখতে খাদ্যগুদামগুলোর কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, এসব গুদামে প্রয়োজনীয় জনবলের ঘাটতি রয়েছে। এই সমস্যা সমাধানে সরকার কাজ করছে। জনবলসংকট কাটিয়ে খাদ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনার কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
রমজান সামনে রেখে খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য পৌঁছে দেওয়ার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন