প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক ইসলামিক ব্যাংকিং খাতের জন্য স্বতন্ত্র আইন প্রণয়নের কাজ শুরু করেছে। একই সঙ্গে, এ খাতের পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরির প্রক্রিয়াও চলছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ জানিয়েছেন, গ্রাহকদের আস্থা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং ইসলামিক ব্যাংকিংয়ের জন্য একটি শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার উদ্দেশ্যে এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব তথ্য তুলে ধরেন। সিটি ইসলামিকের সহযোগিতায় আইএফএ কনসালটেন্সি ও মালয়েশিয়াভিত্তিক এডিএল গ্রুপ সম্মেলনটির আয়োজন করেছে।
ডেপুটি গভর্নর বলেন, দেশের অর্থনীতিতে ইসলামিক ব্যাংকিং ও শরিয়াহভিত্তিক অর্থায়নের গুরুত্ব অপরিসীম। এ খাতের গ্রাহকদের আস্থা বাড়ানোর লক্ষ্যে এবং শক্তিশালী নিয়ন্ত্রক ও পরিচালন কাঠামো গড়ে তোলার জন্য বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা ও মানদণ্ড অনুসরণ করে স্বতন্ত্র ইসলামিক ব্যাংকিং আইন প্রণয়নের কাজ করছে। পাশাপাশি, পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং গাইডলাইন তৈরির কাজও চলছে।
তিনি আরও জানান, ইসলামিক ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য এবং এ খাতের জন্য সুনির্দিষ্ট নীতিগত ও নিয়ন্ত্রক সহায়তা প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকে পৃথক ‘ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট’ প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া, ইসলামিক আর্থিক বাজারের উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণের জন্য সুকুক পণ্যের বিকাশ এবং বৈচিত্র্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ট্রাস্ট, রিফর্ম অ্যান্ড গ্রোথ : স্কেলিং শরিয়াহ-কমপ্লায়েন্ট ফাইন্যান্স ইন বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, দেশের পুঁজিবাজারে ইসলামিক আর্থিক পণ্য ও সুকুকের বিশাল সম্ভাবনা বিদ্যমান। যথাযথ নীতিমালা প্রণয়ন এবং শরিয়াহ পরিপালন নিশ্চিত করা গেলে ইসলামিক পুঁজিবাজার দীর্ঘমেয়াদি অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
অনুষ্ঠানে সিটি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক আশানুর রহমান বলেন, ইসলামিক ব্যাংকিংয়ের সম্প্রসারণ ও গ্রাহকসেবার মান বৃদ্ধি করতে যথাযথ তদারকি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা প্রয়োজন। এ ধরনের সম্মেলন নীতিগত সংস্কারের ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা দিতে সক্ষম।
আইএফএ কনসালটেন্সির সহপ্রতিষ্ঠাতা এবং এডিএল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুফতি ইউসুফ সুলতান বলেন, ইসলামিক ফাইন্যান্স খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক শরিয়াহ মানদণ্ডের যথাযথ বাস্তবায়নকে অগ্রাধিকার দিতে হবে।
আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং এডিএল গ্রুপের সহপ্রতিষ্ঠাতা মুফতি আব্দুল্লাহ মাসুম বলেন, এ সম্মেলন স্থানীয় ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরিতে সহায়ক হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন