প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসে ‘অরেঞ্জ ডোর ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে, যার উদ্দেশ্য হলো জেন্ডার স্টেরিওটাইপ বা প্রচলিত জেন্ডারভিত্তিক ধারণা ভাঙা এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠা করা। এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি মঙ্গলবার (২৪ নভেম্বর) শুরু হয়।
ক্যাম্পেইনের কেন্দ্রীয় আকর্ষণ হচ্ছে একটি বিশেষভাবে তৈরি ক্যারাভান, যা সারা দেশে ঘুরে বেড়াবে। দর্শনার্থীরা এতে দুটি ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার সুযোগ পাবেন। ‘ডার্ক রুম’-এ তুলে ধরা হয়েছে দৈনন্দিন জীবনে প্রচলিত জেন্ডার বৈষম্য, স্টেরিওটাইপ ও ক্ষতিকর সামাজিক ধারণা। অন্যদিকে, ‘অরেঞ্জ রুম’-এ একটি সমাজের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে সমতা, মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধা প্রতিষ্ঠিত।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল মন্তব্য করেন, জেন্ডার সমতা প্রতিষ্ঠায় শুধুমাত্র নীতি ও প্রতিশ্রুতি যথেষ্ট নয়। এর জন্য আমাদের দৃষ্টিভঙ্গি ও প্রতিদিনের আচরণে পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, অরেঞ্জ ডোর ক্যাম্পেইন মানুষকে, বিশেষ করে তরুণদের, প্রচলিত ধ্যান-ধারণা নিয়ে প্রশ্ন তুলতে উৎসাহিত করবে এবং সমতাভিত্তিক সমাজ গড়ার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে অনুপ্রাণিত করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, এই ক্যাম্পেইনটি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ তাকে সত্যিই আনন্দিত করেছে। তিনি বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা নিয়ে নীরবতা ভাঙতে ও সচেতনতা তৈরি করতে আমাদের প্রচলিত কর্ম-এলাকার বাইরেও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সাবরিনা আরিফিন খান বলেন, মানুষকে পিছিয়ে রাখে এমন প্রচলিত ধারণা ও চর্চাকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়েই প্রকৃত পরিবর্তনের সূচনা হয়। তিনি উল্লেখ করেন, এই পরিবর্তন আনতে আমাদের সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট নির্বাহী পরিচালক করভি রাখসান্দ বলেন, যুবদের মধ্যে সমাজের জেন্ডারভিত্তিক নেতিবাচক ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করার শক্তি রয়েছে। অরেঞ্জ ডোর ক্যাম্পেইনের মাধ্যমে তারা সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী হয়ে সহিংসতামুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখবে।
জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযান-এর প্রাক্কালে এই ক্যাম্পেইন শুরু হলো। এর লক্ষ্য হলো জেন্ডার সমতা নিয়ে আলোচনা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ইতিবাচক পরিবর্তন আনতে প্রত্যেকের নিজ নিজ ভূমিকা নিয়ে ভাবতে উৎসাহিত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর, কূটনৈতিক মিশন, উন্নয়ন সহযোগী, নাগরিক সংগঠন, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অরেঞ্জ ডোর ক্যাম্পেইন ‘সমতায় তারুণ্য : ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের অংশ। নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে প্রকল্পটি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট যৌথভাবে বাস্তবায়ন করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন