০৯:৪৪ পি.এম
যশোর, ১১ আগস্ট ২০২৬ : যশোর কোতোয়ালি মডেল থানার অভ্যন্তরে অবস্থিত মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ ধ্বংস করার পরিকল্পনা নেই। বরং, নতুন থানা ভবন নির্মাণের পর যথাযথ মর্যাদায় স্মৃতিস্তম্ভটি পুনঃস্থাপন করা হবে বলে জানিয়েছে যশোর জেলা পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম এই তথ্য প্রদান করেছেন। তিনি উল্লেখ করেছেন, ইউএনডিপির অর্থায়নে বাংলাদেশের ১০৭টি থানা আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে যশোর কোতোয়ালি থানার পুরনো ভবন ভেঙে ছয়তলা ভিত্তির চারতলা নতুন ভবন নির্মাণ করছে যশোর গণপূর্ত অধিদপ্তর।
মিরাজুল ইসলাম আরও জানান, ২৬ হাজার বর্গফুট থানার চত্বরে জায়গার অভাব থাকায় পুলিশ সদর দপ্তরের অনুমতিতে শহীদ স্মৃতিস্তম্ভটি সাময়িকভাবে সরিয়ে দেওয়া হবে এবং ভবন নির্মাণের পর পুনঃস্থাপন করা হবে।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
ব্রিফিংয়ের আগে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মহান মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি আমাদের সকলের একটি আবেগ রয়েছে। সেই আবেগে আঘাত লাগে এমন কিছু পুলিশ করতে পারে না।
তিনি এ বিষয়ে জনগণকে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানান। তিনি বলেন, স্মৃতিস্তম্ভটি হয়তো রাখা হবে না- এমন ধারণা করে নাগরিকদের অনেকেই উদ্বিগ্ন হয়েছেন। কিন্তু বিষয়টি আসলে সেরকম নয়। ভবন নির্মাণের পরে শহীদ স্মৃতিস্তম্ভটি যথাযথ মর্যাদায় সংস্কার করে পুনঃস্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনের সময় আরও জানানো হয়, মাদকবিরোধী অভিযানে যশোরে গত ১ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ২০০ মামলায় ২৪৫ জনকে আটক করা হয়েছে এবং ২০৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন