১০:৩৮ পি.এম
টিকিট বিক্রি থেকে আয় পৌনে সাতশ কোটি টাকা। তবে, এই অর্থকে দায় হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আর্থিক প্রতিবেদনে। এছাড়া, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে কমিশন বাবদ ৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।
মেট্রোরেলের কার্যক্রমের ওপর পরিচালিত নিরীক্ষায় এসব অসামঞ্জস্যপূর্ণ হিসাব খুঁজে পাওয়া গেছে। ঢাকার বুকে মেট্রোরেলের এই ছুটে চলা নগরবাসীর যাতায়াতকে সহজ করেছে। ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটি ঢাকার উত্তরাকে মতিঝিলের সাথে যুক্ত করেছে। যেখানে দৈনিক গড়ে ৪ লাখ মানুষ চলাচল করছেন। কিন্তু এত যাত্রী চাপ সত্ত্বেও, এই মেগা প্রকল্পটি আয়ের বদলে দায়ে পরিণত হচ্ছে।
ঢাকা মাস র্যাপিডের ওপর চালানো নিরীক্ষায় উল্লেখ করা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে মেট্রোরেল-৬ প্রায় ৭ কোটির বেশি যাত্রী পরিবহন করেছে। এই যাত্রী পরিবহন থেকে টিকিট বিক্রি বাবদ আয় হয়েছে ৬শ ৭৪ কোটি টাকা। কিন্তু ডিএমটিসিএল এই অর্থকে আয় হিসেবে দেখায়নি, বরং দায় হিসেবে দেখিয়েছে। এছাড়া, আয় হিসেবে না দেখানো সত্ত্বেও, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে ৬ কোটি টাকা কমিশন বাবদ পরিশোধ করা হয়েছে।
আরও পড়ুন: আর্থিক অংশীদারিত্ব জোরদার করার পথে নতুন চুক্তি স্বাক্ষরিত
নিরীক্ষকরা আরও জানিয়েছেন, ওই অর্থবছরে কোম্পানির অধীনে ৫টি চলমান প্রকল্প থাকলেও, তাদের কোনো আর্থিক বিবরণী খুঁজে পাওয়া যায়নি। বিদেশি ঋণের দায়ও লিপিবদ্ধ হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, কারিগরি এই প্রতিষ্ঠানে উপযুক্ত নেতৃত্বের অভাবের কারণে এমন জটিলতা সৃষ্টি হচ্ছে।
পরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হক মন্তব্য করেন, "আমরা যে টিকেট থেকে ইনকাম করি এটা দায় নাকি দেনা! এটা যে দেখানোর মধ্যে অসংগতিপূর্ণ।" তিনি বলেন, "বড় প্রতিষ্ঠান হিসেবে আমি বলব এটি সরকারের দেখা উচিত এবং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তাদের কাছে স্বচ্ছতার জন্য জবাবদিহি করা উচিত।" তিনি আরও উল্লেখ করেন, "এখানে কিছু আমলা এসেই টেকনিক্যাল যে জিনিসটা করছে সেটা পৃথিবীতে গিনেস বুক অফ রেকর্ড হবে। তারা জাপানির মত প্রতিষ্ঠান থেকে শক্তপক্ত, ভালো মানের অবকাঠামো তৈরি করতে পারেনি।"
নিরীক্ষায় বলা হয়েছে, মেট্রোরেল-৬ এর জাইকা ও বিদেশি ঋণের বিপুল টাকার সুদ ও মূল ঋণ গোপন রাখা হয়েছে। সরকারের ১৫৩.৭৫ কোটি টাকার ঋণ তুলে ধরা হয়েছে। বিদ্যুৎ বিল, লাইসেন্স ফি, ইউটিলিটি চার্জ ও পরিচালনগত ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ খরচ অন্তর্ভুক্ত করা হয়নি।
এছাড়া, কোম্পানির ৫শ কোটি টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে শেয়ারহোল্ডাররা মাত্র ৪০ কোটি টাকা পরিশোধ করেছেন। ফলে ৪৬০ কোটি টাকার ঘাটতি রয়ে গেছে, যা নিয়ে নিরীক্ষক দলের প্রশ্নবিদ্ধ মন্তব্য রয়েছে। ওই অর্থবছরে ১১ লাখ টাকার দুটি এফডিআর কোম্পানির নামে দেখানো হয়েছে, কিন্তু বাস্তবে তার কোনো প্রমাণ নিরীক্ষকরা পাননি।
আরও পড়ুন: মোংলা বন্দরকে আধুনিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন