১০:১৩ পি.এম
ঢাকা আলিয়া মাদরাসা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের সময় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে দেখা গেছে। তিনি পরনে সাদা পাঞ্জাবি, মাথায় হেলমেট এবং হাতে পাইপ নিয়ে মাঠে ছিলেন। তাকে এক স্থান থেকে আরেক স্থানে দৌড়াতে এবং ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় তিনি ছাত্রদলের পক্ষে সংঘর্ষে নেতৃত্ব দেন।
মঙ্গলবার বিকেল ৫টার পর ঢাকা আলিয়া মাদরাসা মোড় এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের পৃথক সংঘর্ষের ফলে আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়ে যায়।
রবিউল ইসলাম নয়ন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য সচিব। সংঘর্ষের সময় সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়, মাথায় হেলমেট পরা এবং হাতে লাঠি বা জিআই পাইপ নিয়ে অবস্থান করতে দেখা যায় তাকে। তিনি এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে অবস্থান নেন।
আরও পড়ুন: মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জনগণের মনোজাগতিক পরিবর্তন প্রয়োজন: ডা. বিটু
সংঘর্ষের একপর্যায়ে তিনি পুলিশের সঙ্গেও বিতর্কে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, “তারা (শিবির) গুলি করছে, আপনারা কিছু করছেন না কেন?”
প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেন, সংঘর্ষের সময় উভয় পক্ষ পরস্পরকে ধাওয়া ও পাল্টা ধাওয়া করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকে। তবে সংঘর্ষের সময় পুলিশের ভূমিকা নিয়েও দুই পক্ষের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন: গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিনজন আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন