০১:০২ এম
রংপুরের বদরগঞ্জে দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এই ঘটনার ফলে পার্বতীপুর-রংপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বদরগঞ্জ রেলস্টেশনের নিকটবর্তী এলাকায় এই ঘটনা ঘটে।
এদিকে, যাত্রীদের বিরুদ্ধে চালক ও গার্ডকে মারধরের অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: মালয়েশিয়ায় পাচারকালে লাবণী পয়েন্টে ট্রলার থেকে ২৮ জন উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, সান্তাহার থেকে পঞ্চগড়গামী দোলনচাঁপা আন্তঃনগর ট্রেনটি বদরগঞ্জ স্টেশনের কাছে পৌঁছানোর সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে রেল যোগাযোগে বিঘ্ন ঘটে। পরে যাত্রীরা ট্রেন থেকে নেমে বিকল্প যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। তবে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগে পড়েন।
ট্রেনের যাত্রী ওবায়দুল হক ও মাজেদ আলী জানান, ‘আউলিয়াগঞ্জ স্টেশন পার হওয়ার পর থেকেই ট্রেনে ত্রুটি দেখা দেয় এবং অস্বাভাবিক শব্দ হচ্ছিল। পরে বদরগঞ্জ স্টেশনের কাছে চার নম্বর বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।’
এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেললাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। তবে দুর্ঘটনার পর ক্ষুব্ধ কয়েকজন যাত্রী ট্রেনের চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুল হককে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চালক ট্রেন থেকে নেমে যান।
এ বিষয়ে বদরগঞ্জ স্টেশনমাস্টার ইমরুল কায়েস বলেন, ‘রেললাইনের ওপর বাঁশ ও খড়ি রাখার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।’
আরও পড়ুন: সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন