প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ : ইনজুরির কারণে বিপর্যস্ত বায়ার্ন মিউনিখ বুধবার চ্যাম্পিয়নস লিগে লিলির বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। তবে, দলের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের ঝড় সামলাতে হচ্ছে জার্মান জায়ান্টদের।
বর্তমানে ১৩তম স্থানে থাকা বায়ার্নের জন্য শীর্ষ আটে স্থান করে নেওয়া এবং কঠিন নকআউট পর্ব এড়াতে পয়েন্ট অর্জন করা জরুরি। লিলি তালিকার ৩৫তম স্থানে থাকলেও, গত মৌসুমের সেমিফাইনালিস্ট বায়ার্ন এবার ইনজুরির ধকল নিয়ে ম্যাচে অংশ নিতে যাচ্ছে। অথচ, দলটি শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই পরিচিত।
ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন শুক্রবার গোড়ালির চোটে আক্রান্ত হয়েছেন। তিনি বায়ার্নের দীর্ঘ ইনজুরি তালিকায় সর্বশেষ সংযোজন। ধারণা করা হচ্ছে, এই ফরোয়ার্ড ফেব্রুয়ারির আগে মাঠে ফিরতে পারবেন না।
অন্যদিকে, দুই মাসের অনুপস্থিতির পর গত সপ্তাহে মুসিয়ালা মাঠে ফিরলেও, ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তাঁর বেতন কমাতে চাপ দেওয়ার জন্য সমন্বিত প্রচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
প্রায় এক বিলিয়ন ইউরোর রেকর্ড রাজস্ব আয়ের ঘোষণা দেওয়ার এক দিন আগে ক্লাবের পক্ষ থেকে বিতর্কের সূচনা হওয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
আগস্টে মুসিয়ালা জানিয়েছিলেন, তিনি ‘স্নায়বিক সমস্যায়’ ভুগছেন, যার ফলে ‘সাময়িক হলেও চিকিৎসাযোগ্য খিঁচুনি’ হতে পারে। প্রাক-মৌসুমে মাঠে দুইবার পড়ে যাওয়ার পর তিনি এই তথ্য জানান।
ফিরে আসার পর ক্লাবের প্রভাবশালী কর্মকর্তা কার্ল-হেইঞ্জ রুমেনিগে জার্মান টেলিভিশনে বলেছেন, শারীরিক অবস্থার কারণে ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারের পক্ষে আগের ফর্মে ফেরা কঠিন হতে পারে। তাই তাঁর বেতন কমানোর বিষয়টি বিবেচনা করা উচিত।
রুমেনিগে স্কাই জার্মানিকে বলেন, “যদি সে আগের সেই জামাল হয়ে ফিরতে না পারে, তাহলে আমাদের তার পরিবার, খেলোয়াড় এবং বিশেষ করে তার এজেন্সির সঙ্গে আলোচনা করতে হবে। কারণ সত্যি বলতে, বর্তমান আর্থিক অঙ্ক আর ন্যায্য বলে বিবেচিত হবে না।”
রুমেনিগের বক্তব্য ছিল যথেষ্ট চমকপ্রদ। তবে, বায়ার্নের সাবেক সভাপতি ও আরেক প্রভাবশালী কর্মকর্তা উলি হোয়েনেস এবং বর্তমান প্রধান নির্বাহী ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রিসেনও একই ধরনের মন্তব্য করেছেন।
রোববার খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো বায়ার্নের কঠোর সমালোচনা করে। মুসিয়ালা ও তাঁর প্রতিনিধিদের বেতন কমাতে রাজি করানোর জন্য ‘সমন্বিত চাপ প্রয়োগের প্রচারণা’ চালানোর অভিযোগ তোলে সংস্থাটি।
এক বিবৃতিতে ফিফপ্রো জানায়, “বায়ার্নের মতো মর্যাদাসম্পন্ন একটি ক্লাবের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল।”
সোমবার ফিফপ্রোর জার্মান সহযোগী সংগঠন ভিডিভিও একই সুরে কথা বলে। তাদের মতে, এ ধরনের মন্তব্য মুসিয়ালা এবং সামগ্রিকভাবে ক্লাবের ওপর ‘দীর্ঘস্থায়ী প্রভাব’ ফেলবে।
ভিডিভি সভাপতি কার্স্টেন রামেলো এক বিবৃতিতে বলেন, “আমার বিশ্বাস, ক্লাবের দায়িত্বশীল ব্যক্তিরা এখানে সত্যিকারের একটি ‘আত্মঘাতী গোল’ করেছেন।”
বিশ্বকাপ ও ব্যালন ডি’অরজয়ী লোথার ম্যাথাউস বলেছেন, মুসিয়ালাকে ‘সর্বাত্মক সহযোগিতা’ দেওয়া উচিত ক্লাবের।
আরটিএলকে ম্যাথাউস বলেন, “এই মুহূর্তে সব দায় মুসিয়ালার কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে।”
“হয়তো আরও উপযুক্ত কোনো সময়ে সব পক্ষ একসঙ্গে বসে আলোচনা করতে পারে।”
অন্যদিকে, বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি ও প্রভাবশালী ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারল প্রকাশ্যে মুসিয়ালার পাশে দাঁড়িয়েছেন।
অক্টোবরে মস্তিষ্কের আবরণীতে প্রদাহজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর এক মাস মাঠের বাইরে ছিলেন কোম্পানি। শুক্রবার তিনি নিজেও দায়িত্বে ফেরেন। এরপর মুসিয়ালার প্রতি সমর্থন জানিয়ে কোম্পানি বলেন, “একজন খেলোয়াড়ের ওপর বিশ্বাস রাখতে হবে কোচকেই। আর আমরা যদি তাকে ফিরিয়ে আনতে পারি, তাহলে সবাই লাভবান হবে- ক্লাব, সমর্থক এবং জার্মান ফুটবল।”
এবারল বলেন, সুযোগ পেলে মুসিয়ালা নিজের সেরা ফর্মে ফিরবেন বলে তিনি আত্মবিশ্বাসী।
বায়ার্নের ইনজুরি সংকট আগামী কয়েক মাসে ক্লাবের জন্য মুসিয়ালার গুরুত্ব প্রমাণের সুযোগ তৈরি করে দিয়েছে।
কেইন ছাড়াও বুধবারের ম্যাচে খেলতে পারবেন না সার্জি নাব্রি, আলফোনসো ডেভিস, ইসমায়েল সাইবারি ও অধিনায়ক ম্যানুয়েল নয়্যার।
মাইকেল ওলিসে ও লুইস দিয়াজের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে দলে ফিট স্বীকৃত ফরোয়ার্ড হিসেবে আছেন কেবল ১৮ বছর বয়সী উইঙ্গার লেনার্ট কার্ল।
বিতর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মুসিয়ালা। তবে সপ্তাহান্তে সমর্থকদের এক অনুষ্ঠানে চাপ ও সমালোচনা কীভাবে সামাল দেন, সে বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি।
প্রত্যাশার চাপ কীভাবে সামলান, এক সমর্থকের এমন প্রশ্নের জবাবে মুসিয়ালা বলেন, সঠিক পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা এখনো করছেন তিনি।
মুসিয়ালা বলেন, “আমি এখনো শিখছি... অতিরিক্ত চাপ ভালো নয়, তবে জয়ের ক্ষুধা থাকা জরুরি।”
“এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন