০১:১৫ পি.এম
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় ১৯ জেলার মধ্যে ১৮টি জেলায় প্রায় ৫৩ শতাংশ জমি বছরের অধিকাংশ সময় অনাবাদি অবস্থায় রয়েছে। পানির অভাবে চাষাবাদ ব্যাহত হচ্ছে, ফলে বেকারত্ব বাড়ছে এবং পরিবারগুলো উদ্বাস্তু হয়ে পড়ছে। এই সংকটের মোকাবিলায় বিশেষজ্ঞরা লবণাক্ততা-সহিষ্ণু উদ্ভাবিত ফসলের জাত দ্রুত কৃষকদের কাছে পৌঁছে দেয়ার তাগিদ দিচ্ছেন।
সরেজমিনে দেখা যাচ্ছে, পানির অভাবে ধানের গোড়া শুকিয়ে যাচ্ছে এবং চারপাশে লবণাক্ত পানি জমে রয়েছে। সেচের সুযোগ নেই। সাতক্ষীরার কৃষক সুনীল মল্লিকের অভিযোগ, নোনাপানির কারণে জমির উর্বরতা কমে যাচ্ছে। চাষাবাদের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত।
সুনীল মল্লিক বলেন, "বর্ষা নেই। সেচ দেয়ার উপায়ও নেই। সেচ দিতে হলে নদীর পানি খালে তুলতে হবে। সেখান থেকে মেশিন দিয়ে তুলতে হবে। তবে সেটা নোনাপানি। ঘেরে যে পানি আছে, সেটাও নোনাপানি। সব মিলিয়ে আমরা নিরুপায়।"
আরও পড়ুন: নাটোরে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু
নোনাপানির প্রভাবে বেশিরভাগ কৃষিজমি রুগ্ন হয়ে পড়েছে। তবে কিছু কৃষক মুনাফার আশায় চিংড়ি ও কাঁকড়া চাষে মনোনিবেশ করছেন। মাছের জন্য স্বেচ্ছায় নোনাপানি ঢোকানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম জানান, "অনেকে প্রভাব ফেলে খাল দিয়ে নোনাপানি ঢোকানোর চেষ্টা করেন। এর ফলে আশপাশে অন্যান্য ফসল আবাদে বিঘ্ন ঘটে।"
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) তথ্যানুযায়ী, দেশের উপকূলীয় ১৯ জেলার মধ্যে ১৮টিতে প্রায় ৬৮ শতাংশ আবাদি জমির লবণাক্ততা মাত্রাতিরিক্ত। এর ফলে প্রায় ৫৩ শতাংশ জমি বছরের অধিকাংশ সময় পতিত পড়ে থাকে। শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দাকোপ, কয়রা, বটিয়াঘাটা, পাথরঘাটা ও আমতলীর পরিস্থিতি শোচনীয়।
তবে প্রতিকূলতার মধ্যেও বিকল্প উপায়ে ফসল ফলানোর চেষ্টা করছেন কেউ কেউ। শ্যামনগরের গাবুরার কৃষক আব্দুর রাজ্জাক লবণাক্ততায় ক্ষতিগ্রস্ত জমিতে নতুন স্বপ্ন বুনছেন। আধুনিক কৌশলে পুকুর খুঁড়ে বৃষ্টির পানি সংরক্ষণ করছেন। সেই পানি ব্যবহার করে সোনালি ফসল ফলানোর আশা তার।
আরও পড়ুন: বাকৃবি কৃষির ভবিষ্যৎ বদলে দিতে নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে
লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল বলেন, "কেউ যদি ইচ্ছা করে যে তার চিংড়ি চাষের জমিটাকে এ বছর ধান চাষ করবে, তাহলে সরকারের এবং আমাদের ও এগ্রিকালচার বিভাগের কাছে পর্যাপ্ত প্রযুক্তি আছে। এগুলো দিয়ে এক বছর সেখানে ধান চাষ করা সম্ভব। সরকারের পক্ষ থেকে উদ্যোগ দরকার।"
এদিকে, লবণাক্ততা-সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন করা হলেও সেগুলোর সুফল কৃষকদের কাছে দ্রুত পৌঁছে দেয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, "লবণাক্ততা-সহিষ্ণু জাত উদ্ভাবন করা হয়েছে, যাতে করে অতি দ্রুত কৃষকদের কাছে পৌঁছানো যায় এবং এর সুবিধা আমাদের কৃষকরা পেতে পারেন। সেটার দিকে লক্ষ্য রাখা দরকার। জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, এটার সবচেয়ে বড় অভিঘাত বাংলাদেশের। খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তেমনিভাবে আমাদের আর্থিক কষ্টও বাড়ছে।"
প্রকৃতির সঙ্গে লড়াই করে সোনালি ফসল চাষের অদম্য ইচ্ছে থাকলেও পর্যাপ্ত সহযোগিতার অভাব এবং ঘের ব্যবসায়ীদের প্রভাবের কাছে বার বার পরাজিত হচ্ছেন প্রান্তিক চাষিরা।
আরও পড়ুন: ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলছে বেঁচে থাকার লড়াই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন