মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০১:২০ পি.এম
নীলফামারীর কৃষকেরা পর পর দুই মৌসুম আলু চাষে ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছেন। তবুও, তারা বাড়তি দামে সার ও বীজ কিনে লাভের আশায় আগাম আলু চাষ শুরু করেছেন কিশোরগঞ্জ উপজেলার কৃষকেরা। এক সপ্তাহ ধরে মাঠে আগাম আলু তোলার কাজ শুরু হয়েছে। বাজারে নতুন আলুর দাম ভালো থাকায় তারা এবার লোকসান কাটিয়ে লাভের আশা করছেন।
কিশোরগঞ্জ উপজেলা নীলফামারীতে আগাম আলু উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। পুরো জেলায় প্রায় ৮ হাজার হেক্টর জমিতে আগাম আলু চাষ হলেও, কেবল কিশোরগঞ্জ উপজেলাতেই প্রায় সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। তবে, কৃষকেরা পর পর দুই মৌসুমে আলু চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
বাজারে নতুন আলু আসতে শুরু করলেও, পুরোনো আলু পাইকারিতে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সার, বীজসহ অন্যান্য উপকরণের দাম বাড়লেও, কৃষকেরা এবারও আগাম আলু চাষে পিছিয়ে যাননি। তারা আবাদ শেষে যথাসময়ে আলু তোলার কাজ শুরু করেছেন। তবে, সংশ্লিষ্টরা জানিয়েছেন যে, আরও সপ্তাহখানেক পর আলু তোলার ব্যস্ততা বাড়বে।
সরেজমিনে দেখা যায়, জমি থেকে আগাম আলু তোলার কাজ শুরু হয়েছে। নারী ও পুরুষ শ্রমিকরা কেউ জমি থেকে আলুগাছ তুলে আলু ছাড়াচ্ছেন, কেউ তোলা আলু বাছাই ও পরিষ্কার করছেন। আবার কেউ বস্তায় আলু ভরে সেলাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন।
বর্তমানে জমি থেকেই পাইকাররা কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা দরে আলু কিনতে আগ্রহী। তবে, অধিকাংশ কৃষক বেশি দাম পাওয়ার আশায় আলু ঢাকায় নিয়ে বিক্রি করতে চান। তাদের আশা, পরিবহনসহ অন্যান্য খরচ বেশি হলেও ঢাকার বাজারে আলুর দাম বেশি পাওয়া যাবে।
আলুচাষিরা জানান, তারা অতিরিক্ত কিছু টাকা লাভের আশায় আগাম আলু আবাদ করেন। এবার শুরুতেই মাঠে যে দাম পাওয়া যাচ্ছে, তাতে খুব বেশি লাভ না হলেও লোকসানের আশঙ্কা নেই। তবে, অধিকাংশ কৃষক তাদের আলু সরাসরি ঢাকায় নিয়ে বিক্রি করার পরিকল্পনা করছেন।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বাজারে দাম বর্তমান অবস্থায় স্থিতিশীল থাকলে কৃষকেরা আগাম আলু চাষ করে লাভবান হবেন। কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, "আগাম আলু চাষে কৃষকেরা লাভবান হবেন, তেমনি এ মৌসুমে নারী শ্রমিকেরাও প্রচুর কাজের সুযোগ পাবেন।"
নীলফামারী জেলায় এবারের আগাম আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় সাড়ে ৪ লাখ মেট্রিক টন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
শেখ হাসিনার দেশে ফেরার আবদার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আসুক না! দেশে এলে তাকে গ্রেফতার করা হবে, জেলে পাঠানো হবে। ব্যাস। তিনি বাংলাদেশের যেখানেই যাবেন, (মিশনে গেলেও) সেখানেই তাকে গ্রেফতার করা হবে।"
শামা ওবায়েদ আরও বলেন, "কেউ মানবতাবিরোধী অপরাধ করলে, তার পাসপোর্ট বাতিল হয়, আর দেয়া হয় না। এটা বর্তমান সংবিধানেই আছে।"
তিনি উল্লেখ করেন, "শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য আসামিদের ব্যাপারে যে বিধান আছে, তার ব্যাপারেও একই নিয়ম হবে। তাই এ আলোচনা করে সময় নষ্ট হচ্ছে সবার।"
ব্রিফিংয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সাইবার সুরক্ষা আইন নিয়ে সব অংশীদারের সঙ্গে আলাপ করে আপত্তিগুলো খতিয়ে দেখা হবে।
তিনি বলেন, "সাইবার আইনের সব কিছুই স্পষ্ট করার চেষ্টা করেছি, কোনো ভেইগ টার্ম থাকবে না।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এক তরুণীকে পরকীয়ার অভিযোগ তুলে রাস্তা থেকে টেনে বাড়ির আঙিনায় নিয়ে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতনের শিকার তরুণী নীলফামারী ডোমারের সোনারায় ইউনিয়নের একটি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে রোববার (২৩ নভেম্বর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি পাটোয়ারীপাড়ায়। জানা গেছে, ঘটনার দিন বিকেলে ওই তরুণী তার ভাবির সাথে বাড়ির সামনে বসে গল্প করছিলো। এ সময় একই গ্রামের আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ এসে তাদের সাথে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে মেয়েটিকে টেনেহিঁচড়ে আব্দুল বাকীর স্ত্রী ও পুত্রবধূ তাদের বাড়ির ভেতরে নিয়ে উঠানের মধ্যে বেধড়ক মারধর করেন। মেয়েটি তাদের হাত-পা ধরে আকুতি জানালেও তারা কোনো রেহাই না দিয়ে মেয়েটিকে বিবস্ত্র করে আঘাত করতে থাকেন।
ভুক্তভোগী ওই মেয়ের অভিযোগ, “আসিফ আমার প্রতিবেশী চাচা, তিনিও আমাকে বেটি বলে ডাকেন। তার সাথে এর বাইরে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু আজ আমি আর আমার ভাবী বাড়ির পাশে বসে গল্প করছিলাম, এ সময় হঠাৎ আসিফের মা ও তার বউ আমাদের অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকেন। তার সাথে আমার পরকীয়ার অভিযোগ দিতে থাকেন। একপর্যায়ে অভিযোগের প্রতিবাদ করলে তারা আমাকে বাড়িতে তুলে নিয়ে যান এবং বিবস্ত্র করে খুব মারধর করেন। আমি অনেক অনুরোধ করেছি, এরপরও তারা আমাকে ছাড়েননি। আমার কাপড় ছিঁড়ে একপ্রকার উলঙ্গ করে মেরেছেন। একপর্যায়ে আমাকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আমাকে অপবাদ দিয়ে ভবিষ্যত নষ্ট করলো ও অকারণে মারলো, আমি এর বিচার চাই।”
মারধরের শিকার হওয়া মেয়েটির মা ও ভাবি জানান, “তারা বিনা কারণে আমাদের মেয়েকে বাইরে থেকে তুলে বাড়িতে নিয়ে বিবস্ত্র করে মারধর করলো। যার সাথে সম্পর্কের কথা বলা হচ্ছে, সে তো বিবাহিত, তার একটা বাচ্চাও রয়েছে। আমাদের মেয়েকে আসিফ ভাতিজি বলে ডাকেন, তাদের মাঝে কোনো অনৈতিক সম্পর্ক নেই। আমরা গরিব মানুষ মেয়েটির ভবিষ্যত তারা শেষ করে দিলো, আমাদের মেয়ের ওপর এই নির্যাতনের বিচার চাই।”
মেয়েকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় দুশ্চিন্তায় তারা বাবা ও ভাই। তারা বলেন, “আমরা অসহায় মানুষ বিনা কারণের আমার মেয়ে তারা অপবাদ দিলো। এই মেয়ের ভবিষ্যতে বিয়ে শাদী দিতে অনেক ঝামেলায় পড়তে হবে। আমরা গরিব মানুষ কি করবো ভেবে পাচ্ছিনা। এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেছেন তারা।”
এ বিষয়ে আসিফ জানায়, “মেয়েটির সাথে আমি কোনোদিন ফোনেও কথা বলিনি কেউ প্রমাণ দিতে পারবেনা। আমি অনলাইন জুয়া খেলে অনেক টাকা নষ্ট করেছি পরিবারে খরচ ঠিকমতো দিতে পারিনা তাই হয়ত আমার পরিবারের লোকজন তাকে আমার সাথে সম্পর্কে বিষয় সন্দেহ করে মারধর করছে। আমি ওই মেয়েকে কখনোই খারাপ চোখে দেখিনি সে আমার সম্পর্কে ভাতিজি।”
এ বিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার ফাইজুল্লাহ বিপু জানান, “রাতে মেয়েটি আমাদের হাসপাতালে ভর্তি হয়। ভর্তির সময় তার শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন পাওয়া গেছে। মেয়েটির ভাষ্যমতে তাকে কেউ মারধর করেছে। মানসিকভাবে ভেঙে পড়েছে মেয়েটি, বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানুষের বাহ্যিক সৌন্দর্যের তুলনায় অন্তরের সৌন্দর্য ও আত্মার পবিত্রতা অধিক গুরুত্বপূর্ণ। কারণ, যখন মানুষের অন্তর পবিত্র থাকে, তখন তার চিন্তা-চেতনা, কথা ও কাজে সেই পবিত্রতার প্রভাব প্রতিফলিত হয়। আল্লাহভীতি থাকলে মানুষ পাপাচার থেকে দূরে থাকতে সক্ষম হয়, প্রবৃত্তির খারাপ চাহিদা দমন করতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে অবিচল থাকে। অপরদিকে, আত্মা কলুষিত হলে মানুষ ধীরে ধীরে পাপের প্রতি আকৃষ্ট হয়, অন্যায়কে তুচ্ছ মনে করে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়।
এ কারণে একজন মুমিনের জীবনে আত্মশুদ্ধি বা নফসের পবিত্রতা অর্জন অত্যন্ত জরুরি। রাসুলুল্লাহ (সা.) নিজেও আল্লাহর কাছে আত্মার পবিত্রতা ও তাকওয়া লাভের জন্য বিশেষভাবে দোয়া করতেন। দোয়াটি হলো,
اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا
উচ্চারণ : আল্লাহুম্মা আ-তি নাফসি তাক্বওয়াহা, ওয়া যাক্কিহা, আংতা খাইরু মান যাক্কাহা, আংতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা।
অর্থ : হে আল্লাহ! আমার নফসকে তার তাকওয়া দান করুন এবং একে পবিত্র করুন। আপনিই সর্বোত্তম পবিত্রকারী। আপনিই এর অভিভাবক ও মালিক। (সহিহ মুসলিম, হাদিস : ২৭২২)
আল্লাহ তাআলা আমাদের সকলের আত্মাকে পবিত্র করুন, অন্তরে তাকওয়া দান করুন এবং যাবতীয় পাপাচার থেকে হেফাজত করুন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর বাঘা অঞ্চলে খেজুরগুড়ের কেনাবেচা এখন জমে উঠেছে। শীতের আগমনের সাথে সাথে উপজেলার বিভিন্ন হাটবাজারে খেজুরগুড়ের হাট শুরু হয়েছে।
উপজেলা সূত্রে জানা গেছে, এখানে দুটি পৌরসভা এবং সাতটি ইউনিয়নে মোট ৬ হাজার ৬০ জন চাষি রয়েছেন। উপজেলায় ১ লাখ ৬২ হাজার খেজুরগাছ রয়েছে। এই গাছগুলো সড়কপথ, পতিত জমি এবং বাড়ির আঙিনায় কোনো পরিচর্যা ছাড়াই বৃদ্ধি পায়।
মৌসুমে একজন গাছি প্রতিদিন ৫০-৬০টি খেজুরগাছের রস সংগ্রহ করেন। বর্তমানে উপজেলার বিভিন্ন স্থানে ৩ হাজার গাছি রস সংগ্রহের কাজে নিয়োজিত আছেন। প্রতি মৌসুমে গাছিরা খেজুরগাছের ওপর নির্ভরশীল হয়ে তাদের জীবিকা নির্বাহ করেন।
একজন কৃষক তার গাছের সংখ্যা অনুযায়ী গাছি নিয়োগ করেন। তারা মৌসুমজুড়ে রস সংগ্রহ এবং গুড় উৎপাদনের কাজে নিয়োজিত থাকেন। উপজেলায় আমের মতো সুমিষ্ট খেজুরগুড়েরও খ্যাতি রয়েছে। গুড়ের প্রধান হাটগুলো হলো বাঘা ও আড়ানী। এছাড়া মনিগ্রাম ও দিঘাসহ অন্যান্য হাটও রয়েছে। বাঘার হাট সপ্তাহে রোববার ও বৃহস্পতিবার বসে, যেখানে সবচেয়ে বেশি গুড়ের বেচাকেনা হয়।
বাঘা ও আড়ানী পৌরসভা ছাড়াও বাজুবাঘা, গড়গড়ি, পাকুড়িয়া, মনিগ্রাম, আড়ানী, বাউসা এবং চকরাজাপুর ইউনিয়নের অন্যান্য হাটেও গুড়ের বেচাকেনা যথেষ্ট পরিমাণে হয়ে থাকে। তবে অধিক দাম পাওয়ার আশায় অনেকেই বাঘার হাটে গুড় বিক্রি করতে আসেন। বাঘার হাটে রোববার প্রতি কেজি খেজুরগুড় ১৬০-১৮০ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমের শুরুতে গুড়ের দাম প্রতি কেজি ১৮০-২০০ টাকায় বিক্রি হয়েছিল। মৌসুমের শুরুতে দাম বেশি হলেও ভরা মৌসুমে কিছুটা দাম কমে যায়।
আড়ানী হাটের গুড় ব্যবসায়ী সেলিম হোসেন জানান, তার আড়তে থেকে কিছু ব্যবসায়ী পাবনা এলাকা থেকে গুড় কিনে নিয়ে যান। তারা প্রতি শনিবার ও মঙ্গলবার হাটে আসেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নান বলেন, আবহাওয়া অনুকূল থাকায় সরকারি হিসেবে চলতি মৌসুমে মানুষ খেজুরগুড় থেকে হাজার হাজার টাকা আয় করছেন। উপজেলায় ৬ হাজার ৬০ জন চাষি রয়েছেন এবং গাছের সংখ্যা ১ লাখ ৬২ হাজার। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ৪ হাজার ৫০টি গাছ বেশি রয়েছে। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিকভাবে খেজুরগুড় উৎপাদনে সহায়তা দেওয়া হলে এই গুড়কে আরও লাভজনক করা সম্ভব হবে। বিদেশে রপ্তানি হলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব লাভ হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ