প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পশ্চিম ফ্রান্সের লা গার্নাশ শহর গভীর রাতে ঘুমের শান্তি এবং শতাব্দীপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে বিভক্ত হয়ে পড়েছে। স্থানীয় ‘নটর ডেম দে লাসোম্পসিওঁ’ গির্জার ঘড়িঘর থেকে রাতভর প্রতি ১৫ মিনিট পরপর ঘণ্টা বাজার শব্দ বন্ধ করার উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের ভোটে ব্যর্থ হয়েছে।
১৯৪২ সাল থেকে ওই গির্জার ঘড়িঘর থেকে অষ্টম শতাব্দীর একটি স্তোত্র বা গান প্রতি ১৫ মিনিট অন্তর দিন-রাত ২৪ ঘণ্টাই বাজছে। রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঘণ্টাগুলো ৩৭ বার বাজে, যা এক রাতেই সাত শতাধিক স্বতন্ত্র শব্দতরঙ্গ তৈরি করে।
গির্জার আশপাশে বসবাসকারী বাসিন্দাদের দাবি, রাতের বেলায় শান্তিতে ঘুমানো তাদের প্রধান চাওয়া। ২০১৪ সালে গির্জার কাছের সাবেক যাজক ভবনে আসা ৬৩ বছর বয়সী থিয়েরি সিমোনিন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, রাত ১০টা থেকে সকাল ৭টার মধ্যে প্রায় ৭২৬ বার ঘণ্টা বাজে। গ্রীষ্মকালে গরমের সময় জানালা খোলা রাখলে গরম এবং ঘণ্টার শব্দের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হয়, ফলে রাতে ঠিকমতো বিশ্রাম নেওয়া সম্ভব হয় না। রাতের বেলায় ঘণ্টা বন্ধ রাখার দাবিতে তিনি একটি পিটিশন চালু করেন এবং বেশ কিছু স্বাক্ষর ও সমর্থনপত্র পৌরসভায় জমা দেন।
তবে ঐতিহ্যবাদী বাসিন্দাদের মতে, এই শব্দ ফরাসি সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ এবং নতুন আসা বাসিন্দারা এলাকায় বসতি গড়ার আগে ভালোভাবে খোঁজখবর নেননি। এ নিয়ে আয়োজিত ভোটে শহরের ৫ হাজার ৫১৫ জন বাসিন্দার মধ্যে ৭৪৯ জন ভোট দেন, যার প্রায় তিন-চতুর্থাংশই ঘণ্টা চালু রাখার পক্ষে মত দেন। পৌর কর্তৃপক্ষ ফলাফল নথিভুক্ত করে অংশগ্রহণকারী বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৪২ সালের সেপ্টেম্বরে গির্জার মূল তিনটি ঘণ্টার পাশাপাশি ছয়টি ঘণ্টার একটি ‘ক্যারিলন’ বসানো হয়। ১৭১১ সালে নঁতের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত লা গার্নাশ হয়ে যাওয়া ব্রেটন ধর্মযাজক সেন্ট লুই-মারি গ্রিনিওঁ দে মঁফরের রচিত একটি স্তোত্র এটি বাজায়। স্প্রিং ও চাকার জটিল যান্ত্রিক কাঠামোয় হাতুড়ির আঘাতে চলা এই ক্যারিলন ফ্রান্সে টিকে থাকা হাতেগোনা কয়েকটির একটি, যা বেশ নাজুক বলে বিবেচিত। প্রতি ১৫ মিনিটে স্তোত্রের চার ভাগের এক ভাগ, ৩০ মিনিটে অর্ধেক, ৪৫ মিনিটে তিন-চতুর্থাংশ এবং প্রতি ঘণ্টায় পুরো সুর ও ঘণ্টার ধ্বনি শোনা যায়।
ঘণ্টা বন্ধের বিরোধিতা করা সাবেক মেয়র ফ্রাঁসোয়া পেতি বলেন, যারা এ বিষয়ে সোচ্চার হচ্ছেন, তাদের সবাই ঘণ্টা চালু থাকার পরেই এখানে এসেছেন; হয়তো গির্জার পাশে বাড়ি নেওয়ার আগে তারা যথাযথ খোঁজ নেননি। যান্ত্রিক স্প্রিং ও ওজনের কারণে এটি সহজে বন্ধ করাও সম্ভব নয় বলে জানান তিনি। অন্যদিকে বাসিন্দা রোমাঁ মেনের মতে এটি ফরাসি ঐতিহ্যের অংশ, আর ২৭ বছর ধরে থাকা জেরোম দেপোর্তে জানান, শুরুতে সামান্য মনে হলেও এখন আর এ নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।
গ্রামীণ এলাকার ‘শব্দদূষণ’ বা ‘সংবেদনশীল ঐতিহ্য’ নিয়ে পুরোনো ও নতুন বাসিন্দাদের বিরোধ ফ্রান্সে নতুন নয়। ২০১৯ সালে ইল দোলেরঁ দ্বীপে ‘মরিস’ নামের একটি মোরগের ডাক নিয়ে করা মামলায় মোরগটির পক্ষে রায় আসে। পরবর্তীতে ২০২১ সালে ফ্রান্সের পার্লামেন্ট গ্রামীণ সংবেদনশীল ঐতিহ্য সুরক্ষায় আইন পাস করে এবং ২০২৪ সালের নতুন আইনে স্পষ্ট করা হয় যে কোনো বাসিন্দা আসার আগে থেকেই গ্রামীণ কোনো শব্দ, কার্যক্রম বা গন্ধ বিদ্যমান থাকলে এবং তা আরও খারাপ না হলে সে বিষয়ে শব্দদূষণের আইনি অভিযোগ করা যাবে না। সূত্র: দ্য গার্ডিয়ান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন