ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের মধ্যেই রোমে লেবানন-ইসরাইল বৈঠক


মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের মধ্যেই রোমে লেবানন-ইসরাইল বৈঠক

 ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মঙ্গলবার ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরাইল নতুন দফার আলোচনা করছে।

দীর্ঘ কয়েক দশক ধরে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় থাকা এই দুই দেশ গত ২৬ জুন ওয়াশিংটনে পাঁচ দফা আলোচনার পর একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায়।

চুক্তির লক্ষ্য ছিল ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধের অবসান ঘটানো এবং শান্তির পথ তৈরি করা। বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: মাধবপুরে বিকল ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ নিহত

তবে হিজবুল্লাহ এই চুক্তি প্রত্যাখ্যান করেছে। চুক্তিতে সংগঠনটির নিরস্ত্রীকরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর বাস্তবায়ন শুরু হওয়ার কথা ছিল দক্ষিণ লেবাননের দুটি 'পাইলট অঞ্চল' থেকে ইসরাইলি বাহিনীর প্রত্যাহারের মাধ্যমে।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় সোমবার জানায়, রোমে বৈঠকে অংশগ্রহণকারী তাদের প্রতিনিধি দলকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আগে কোনো আলোচনা শুরু করার আগে ইসরাইলি বাহিনীর অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে দুটি পাইলট অঞ্চল থেকে।

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে অবগত এক লেবাননি কূটনৈতিক সূত্র জানায়, ‘ইসরাইলি বাহিনী যে এলাকা থেকে ধাপে ধাপে সরে যাবে, সেখানে লেবাননের সেনাবাহিনী পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত রয়েছে।’

তেল আবিবভিত্তিক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের (আইএনএসএস) বিশ্লেষক অরনা মিজরাহি এএফপিকে বলেন, 'ইসরাইল ধাপে ধাপে সেনা প্রত্যাহারে প্রস্তুত,' তবে তার শর্ত হলো, 'যেসব এলাকা থেকে ইসরাইল সরে যাবে, সেখানে হিজবুল্লাহর কোনো উপস্থিতি থাকতে পারবে না।'

আরও পড়ুন: ৮২ মাসে সড়ক দুর্ঘটনায় ৪৫ হাজার ২৫২ জনের মৃত্যু

তিনি আরও বলেন, ইসরাইল আরও নিশ্চিত হতে চায় যে, লেবাননের সেনাবাহিনীর এমন সক্ষমতা থাকবে, যাতে ওই এলাকাগুলোকে নিরপেক্ষ অঞ্চল হিসেবে রাখা সম্ভব হয় এবং হিজবুল্লাহ সেখানে আবার ফিরে আসতে না পারে।

শনিবার যুক্তরাষ্ট্রের একটি সামরিক প্রতিনিধিদল বৈরুতে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে ওই দুটি পাইলট অঞ্চলের একটিতে ইসরাইলি বাহিনীর প্রত্যাহার প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করেছে।

সাফল্যের সম্ভাবনা সীমিত-

প্যারিসের সায়েন্সেস পো-র শিক্ষক করিম বিতার এএফপিকে বলেন, 'রোমের বৈঠকে বড় ধরণের অগ্রগতির সম্ভাবনা খুবই সীমিত।'

আরও পড়ুন: তথ্য কমিশন শক্তিশালী হলে সরকার গণতন্ত্রের পথে যাবে: প্রধান তথ্য কমিশনার

তিনি আরও বলেন, 'বরং এটা দেখানোর একটি সুযোগ হতে পারে যে, প্রক্রিয়াটি এখনও চলছে। বিরোধিতা ও নতুন নতুন বাধা সত্ত্বেও আলোচনা অব্যাহত রয়েছে।'

১৭ জুন ওয়াশিংটনের সঙ্গে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করতে তেহরান লেবাননে যুদ্ধবিরতির দাবি জানিয়েছিল।

তবে সাম্প্রতিক দিনগুলোতে আবারও উত্তেজনা বেড়েছে। যুক্তরাষ্ট্র টানা তৃতীয় রাতে ইরানে হামলা চালিয়েছে। একই সঙ্গে মঙ্গলবার ইরানের বন্দরের ওপর নৌ অবরোধ পুনর্বহালেরও পরিকল্পনা রয়েছে।

মিজরাহি বলেন, 'ইরান আঞ্চলিক যুদ্ধ নিয়ে আলোচনার সঙ্গে লেবাননের বিষয়টিকে যুক্ত করতে চায়। কিন্তু আমরা এই দুই বিষয়কে আলাদা রাখতে চাই।'

আরও পড়ুন: রাশিয়াকে নিয়ে সম্ভাব্য ত্রিপক্ষীয় আলোচনার গুরুত্বে একমত যুক্তরাষ্ট্র ও চীন

তিনি বলেন, বর্তমানে তেহরানের প্রধান অগ্রাধিকার হচ্ছে হরমুজ প্রণালী ও পারমাণবিক ইস্যু।

তার ভাষায়, 'লেবাননকে অজুহাত হিসেবে ব্যবহার করছে ইরান। তারা সব সময়ই এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করবে।'

২ মার্চ ইসরাইলের বিরুদ্ধে ইরানের সমর্থনে ক্ষেপণাস্ত্র ছুড়ে হিজবুল্লাহ লেবাননকে এই আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে ফেলে।

করিম বিতার বলেন, আঞ্চলিক উত্তেজনার কারণে, লেবাননে আবার বড় ধরণের যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি 'অবশ্যই উড়িয়ে দেওয়া যায় না।'

আরও পড়ুন: পুলিশ সদস্যদের ঘেরাও করে নারীদের সুযোগে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আরিফ

তবে তিনি বলেন, 'আমার মনে হয়, ইরান এখন হিজবুল্লাহকে ইসরাইলের বিরুদ্ধে নতুন করে হামলা চালাতে বলার আগে দুবার ভাববে।'

তার মতে, তেহরান 'দীর্ঘমেয়াদি প্রতিরোধের একটি উপায় হিসেবে হিজবুল্লাহকে ধরে রাখতে চায়। তাই এখনই নতুন একটি যুদ্ধফ্রন্ট খুলতে সংগঠনটিকে ব্যবহার করতে চায় না।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে নতুন হামলা ও নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


ইরানে নতুন হামলা ও নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা যুক্তরাষ্ট্রের

 যুক্তরাষ্ট্র এবার নতুন করে হামলা চালিয়েছে ইরানে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে নৌ অবরোধ পুনর্বহালের ঘোষণা দিয়েছেন।

এখন, ইরানের প্রতিক্রিয়া হিসেবে তেহরান ওই অঞ্চলের বিভিন্ন দেশে হামলা শুরু করেছে।

ট্রাম্প বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে এখনও চুক্তির সম্ভাবনা রয়েছে।

এপ্রিলের যুদ্ধবিরতির পর, সংঘাত এখন আবারও তীব্র হয়ে উঠেছে।

সংযুক্ত আরব আমিরাতের তথ্য অনুযায়ী, ইরান কৌশলগত জলপথে দুটি জাহাজে হামলা চালিয়ে একজন নাবিককে হত্যা করেছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও মঙ্গলবার জানায়, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় আরও একটি তেলবাহী জাহাজ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে মার্কিন সেনাবাহিনী জানায়, পাঁচ ঘণ্টার অভিযানে উপকূলীয় বুশেহর ও বন্দর আব্বাসসহ ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে।

তাদের ভাষায়, এর উদ্দেশ্য ছিল ‘বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করা।’

গত সপ্তাহ থেকে শুরু হওয়া মার্কিন হামলায় ইরানে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

ইরানি গণমাধ্যম ও সরকারি ঘোষণার ভিত্তিতে এএফপি’র হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

হামলার পর, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানায়, তারা বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সেখানে মার্কিন সেনাদের ব্যবহৃত একটি আবাসিক ভবনসহ একাধিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পরে বাহরাইন জানায়, তারা ইরান থেকে ছোড়া কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে। মানামায় বিস্ফোরণ ও সাইরেন শোনার পর, তেহরানের বিরুদ্ধে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলে দেশটি।

হরমুজ প্রণালীতে অবরোধ ফেরানোর ট্রাম্পের ঘোষণা এবং নতুন করে সংঘাতের ব্যাপক বিস্তারের ফলে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের প্রচেষ্টাকে অনিশ্চিত করে তুলেছে।

-যুদ্ধ ঘোষণা-

ট্রাম্প সোমবার বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ‘নিয়ন্ত্রণ নিচ্ছে’ এবং এ পথ দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ কর আরোপ করবে।

ইরান এ ঘোষণাকে উপহাস করেছে এবং একে ‘জলদস্যুতা’ বলে উল্লেখ করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ৮টা থেকে হরমুজ জলপথে ইরানের বন্দরগুলো অবরোধ করা হবে।

সংঘাত ফের তীব্র হওয়ার আশঙ্কায় সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়ে যায়। মঙ্গলবার দাম আরও ১ শতাংশের বেশি বৃদ্ধি পায়।

তেহরান অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্র দেশের ওপরও হামলা চালিয়েছে।

জর্ডান জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, তাদের হামলা একটি বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে চালানো হয়েছে। একই সাথে জর্ডানের জনগণকে ‘অঞ্চল থেকে দখলদার মার্কিন ঘাঁটি অপসারণের জোরালো দাবি’ জানানোর আহ্বান জানানো হয়েছে।

ইরান দাবি করে, তারা কেবল উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করছে।

তবে দেশটির সামরিক কমান্ডের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর যেকোনো সহযোগিতা ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচিত হবে।

হোয়াইট হাউস এএফপিকে নিশ্চিত করেছে, ট্রাম্প গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আবার শুরু করেছে। এর ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়াই পেন্টাগনকে আরও ৬০ দিন ওই অঞ্চলে অভিযান চালানোর সুযোগ দেওয়া হয়েছে।

হরমুজ ইস্যুর পাশাপাশি, ট্রাম্প নাতাঞ্জের কাছে অবস্থিত গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংসেরও হুমকি দিয়েছেন।

পশ্চিমা গোয়েন্দাদের সন্দেহ, সেখানে ইরান ঘোষণা বিহীন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে।

রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইতকে ট্রাম্প বলেন, ‘ইরানিদের প্রস্তুত থাকতে বলুন। তাদের জানিয়ে দিন, আমরা আসছি। আর তারা এ ব্যাপারে কিছুই করতে পারবে না।’

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্রকে ‘হরমুজ প্রণালীর অভিভাবক’ হিসেবে পরিচিত করা হবে এবং এ জলপথ দিয়ে পরিবাহিত সব পণ্যের ওপর ২০ শতাংশ ফি আরোপ করা হবে।

তিনি বলেন, ইরানের বন্দরগুলো আবার অবরোধ করা হলেও ‘অন্য সব দেশ ন্যায্য ও উন্মুক্তভাবে প্রণালীটি ব্যবহার করতে পারবে।’

এর জবাবে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছেন, নিরাপদ চলাচল নিশ্চিতকারী পক্ষ পারিশ্রমিক পাবে— এ বিষয়ে ট্রাম্প ‘সম্পূর্ণ সঠিক।’ তবে তেহরান কম হারে ফি নেবে বলে জানান তিনি এবং বলেন, ‘২০ শতাংশ অবশ্যই খুব বেশি।’

মঙ্গলবার নিরাপত্তা কমিটির প্রধান জানান, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে একটি বিলের কাজ শুরু করেছে ইরানের পার্লামেন্ট।

আন্তর্জাতিক আইনে সাধারণত প্রণালীতে টোল আরোপের সুযোগ না থাকায়, ওয়াশিংটন তেহরানের এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে।

তবে সব উত্তেজনার মধ্যেও ট্রাম্প সোমবার বলেন, যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা এখনও রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সোমবার বলেন, আলোচনার ভিত্তি হিসেবে ব্যবহৃত জুনের সমঝোতা স্মারক এখন ‘সংকটে’ রয়েছে।

তিনি বলেন, ওয়াশিংটন চুক্তির বাধ্যবাধকতা উপেক্ষা করলে ইরানও তা মানবে না।

তবে উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে কাতার, পাকিস্তান ও ওমানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

চ্যাথাম হাউসের সহযোগী গবেষক বাদর আল-সাইফ বলেন, বাড়তে থাকা হামলা, স্থায়ী সমঝোতাকে কেবল বিলম্বিত করবে।

তিনি বলেন, ‘দুই পক্ষই নিজেদের শর্তে অচলাবস্থা শেষ করতে চায়। কিন্তু তা ক্রমেই কঠিন হয়ে উঠছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় মানুষ কষ্ট পাচ্ছেন: হাসনাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


বন্যায় মানুষ কষ্ট পাচ্ছেন: হাসনাত

বন্যায় মানুষ কষ্ট পাচ্ছেন এবং মন্ত্রীরা বিদেশে ভ্রমণ করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

জুলাই পদযাত্রা উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় এক পথসভায় হাসনাত এ মন্তব্য করেন।

বন্যা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘চট্টগ্রামে বন্যা কবলিত অঞ্চলে এখনও সাহায্য পৌঁছায়নি। সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে এই বছর ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও বন্যার সংকটে জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন: এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনসহ জাতীয় যুবশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে খাল উদ্ধার অভিযানে উচ্ছেদ ৫ অবৈধ স্থাপনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


কেরানীগঞ্জে খাল উদ্ধার অভিযানে উচ্ছেদ ৫ অবৈধ স্থাপনা

ঢাকার কেরানীগঞ্জে খাড়াকান্দি খাল উদ্ধারে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টায় কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের রামেরকান্দা এলাকায় খাড়াকান্দি খালের মুখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। এই অভিযানে সহায়তা করেন কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।

অভিযানে খালের ওপর নির্মিত পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি খালের ওপর গড়ে ওঠা অন্যান্য অবৈধ স্থাপনার মালিকদের নোটিশও দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

অভিযান শেষে ইউএনও মো. উমর ফারুক বলেন, ‘সরকারের খাল খনন ও খাল উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে কেরানীগঞ্জের সব খাল দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। এরই ধারাবাহিকতায় খাড়াকান্দি খালের ওপর নির্মিত পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যেসব অবৈধ স্থাপনা এখনো রয়েছে, সেগুলোর মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে খালের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার চেষ্টা করব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের বল এবং শাকিরার পোশাক নিলামে উঠছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


ফাইনালের বল এবং শাকিরার পোশাক নিলামে উঠছে

বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর কিছু জিনিস এবার নিলামে উঠতে চলেছে।

ফাইনালে ব্যবহৃত ম্যাচের বল, শাকিরার পারফরম্যান্সের পোশাক এবং লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সিসহ বিভিন্ন মূল্যবান স্মারক বিক্রি করবে নিউইয়র্কের নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ।

এসবে বিক্রি থেকে যে অর্থ আসবে, তা ব্যয় করা হবে বিশ্বের শিশুদের শিক্ষা উন্নয়নে।

ফিফা বিশ্বকাপ-সংশ্লিষ্ট নানা স্মারক নিয়ে বিশেষ নিলামের আয়োজন করেছে নিউইয়র্কভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ।

মঙ্গলবার (১৪ জুলাই) ঘোষণা করা তথ্যমতে, এই অনলাইন নিলাম শুরু হবে আগামী ২২ জুলাই এবং চলবে এক সপ্তাহ পর্যন্ত।

এই নিলাম থেকে প্রাপ্ত অর্থ যাবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। বিশ্বকাপ চলাকালে বিশ্বের শিশুদের শিক্ষার জন্য ১০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যে কাজ করছে এই উদ্যোগ।

নিলামের সবচেয়ে আকর্ষণীয় সামগ্রীর মধ্যে রয়েছে ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’–এর মিউজিক ভিডিওতে কলম্বিয়ান পপ তারকা শাকিরা যে হলুদ ক্রপ টপ ও ট্রাউজার পরিধান করেছিল, তা।

এছাড়া, বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য হাফটাইম শোতে শাকিরা যে পোশাক পরবেন, সেটিও নিলামে তোলা হবে। এই জমকালো আয়োজনে Shakira-এর সঙ্গে উপস্থিত থাকবেন ম্যাডোনা, জাস্টিন বিবার এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস।

নিলামে বিক্রি হবে বিশ্বকাপের কয়েকটি ম্যাচ বলও। এর মধ্যে রয়েছে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ব্যবহৃত বল এবং গত মাসে মেক্সিকোতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচের বল।

এছাড়া, নিলামে থাকবে লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপের জার্সি এবং যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় দলের খেলোয়াড়দের স্বাক্ষরিত একটি জার্সিও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%