০৪:৩৯ পি.এম
যশোরের মনিরামপুরে খাল থেকে উদ্ধার করা হয়েছে রঞ্জন মন্ডল (৬০) নামের এক বৃদ্ধের বস্তাবন্দি মরদেহ। শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকার একটি খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রঞ্জন মন্ডল ছিলেন কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মন্ডলের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন ব্যক্তি মাছ ধরার উদ্দেশ্যে হেলারঘাট এলাকায় গেলে তারা খালের মধ্যে একটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখতে পান। সন্দেহ হলে তারা বস্তার কাছে গিয়ে দেখেন, ভেতরে একটি মানুষের মরদেহ রয়েছে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়।
আরও পড়ুন: ডিসেম্বরে দেশজুড়ে জাতীয় সাংস্কৃতিক উৎসবের আয়োজনের পরিকল্পনা
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মনিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ পুলিশের একটি দল, যারা মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহের পরনে ছিল কালো প্যান্ট, হলুদ শার্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি। মরদেহের চোখে পাওয়ারের চশমা, পায়ে চকোলেট রঙের স্যান্ডেল এবং ডান হাতে তামার আংটি ছিল। তল্লাশির সময় শার্টের পকেট থেকে একটি কলম ও ডায়েরি উদ্ধার করা হয়।
মনিরামপুর থানার ওসি মো. আবু সাঈদ জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
আরও পড়ুন: রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন