১২:৫৩ পি.এম
গাজীপুরের টঙ্গীতে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা ফুটওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রোববার বেলা ১১টা থেকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন।
এতে সড়কের দুপাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে, এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা জানান, শনিবার রাতে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের চাপায় তারা তামীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসীন আলী নিহত হয়। এই ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান।
প্রতিবাদের অংশ হিসেবে রোববার বেলা ১১টা থেকে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তারা ব্যানার এবং স্লোগানের মাধ্যমে মাদরাসার সামনে একটি ফুটওভারব্রিজ নির্মাণের আহ্বান জানান। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হন। এখানে একটি ফুটওভারব্রিজ নির্মাণ জরুরি। শনিবার রাতে আমাদের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাই আজ মহাসড়কে বিক্ষোভ করছি।’
আরও পড়ুন: মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা হচ্ছে। তারা এখনো মহাসড়কে অবস্থান করছে। সড়ক ও জনপথ কর্মকর্তাদের খবর পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন