ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
সিএনএনের অনুসন্ধান

মার্কিন কর্মকর্তাদের ফাঁদে ফেলছে চীনা গুপ্তচরদের ভুয়া প্রতিষ্ঠান


মার্কিন কর্মকর্তাদের ফাঁদে ফেলছে চীনা গুপ্তচরদের ভুয়া প্রতিষ্ঠান

সন্দেহভাজন চীনা গুপ্তচররা চাকরির প্ল্যাটফর্মে ভুয়া প্রতিষ্ঠান খুলে সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করছে। বেকার কর্মকর্তাদের পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক গবেষণার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা সরকারি গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করছে। মার্কিন সরকারের গণছাঁটাইয়ের পর এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি পেয়েছে বলে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের অনুসন্ধানে প্রকাশিত হয়েছে।

ভুয়া প্রতিষ্ঠান ও চাকরির সুযোগের একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে সন্দেহভাজন চীনা গুপ্তচররা। তারা বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের প্রলুব্ধ করে সরকারি গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এ তৎপরতা পূর্বের ধারণার চেয়ে আরও ব্যাপক।

সিএনএন ১২ জনের সাক্ষাৎকার নিয়ে এবং সন্দেহজনক ভুয়া ওয়েবসাইট বিশ্লেষণ করে জানতে পেরেছে, ট্রাম্প প্রশাসনের হাজার হাজার ফেডারেল কর্মী ছাঁটাইয়ের পর যুক্তরাষ্ট্রের সংবেদনশীল তথ্য সংগ্রহের জন্য নতুন লক্ষ্যবস্তু তৈরি হয়েছে। সাবেক কর্মকর্তাদের মতে, এসব কর্মী পর্যাপ্ত দিকনির্দেশনা ও গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে সুরক্ষা ছাড়াই চাকরি হারিয়েছেন। ফলে তারা বেইজিংয়ের জন্য মূল্যবান তথ্যের উৎস হয়ে উঠতে পারেন এবং ওয়াশিংটনের নিরাপত্তার দুর্বল জায়গায় পরিণত হয়েছেন।

আরও পড়ুন: ইরানে এখনই হামলার প্রয়োজন দেখছেন না আইজেনকোট, নেতানিয়াহু নারাজ

চীনের সন্দেহভাজন এ তৎপরতা প্রচলিত গোপন গুপ্তচরবৃত্তির মতো নয়। বরং সম্ভাব্য লক্ষ্যবস্তুদের সঙ্গে যোগাযোগের জন্য লিংকডইনের মতো সাধারণ চাকরি ও পেশাগত যোগাযোগের ওয়েবসাইট ব্যবহার করা হচ্ছে। সরকারি কর্মীদের পাশাপাশি সাংবাদিক, বাণিজ্যবিষয়ক পরামর্শক ও যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের কাছে মূল্যবান তথ্য জানেন এমন ব্যক্তিদেরও এ পরিকল্পনার আওতায় আনা হয়েছে।

জুন মাসে এফবিআই ১৩টি ওয়েবসাইট জব্দ করে। কর্মকর্তাদের দাবি, এগুলো ভুয়া পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল। এফবিআইয়ের পদক্ষেপের মাধ্যমে এ জাল নিয়োগ কৌশলের কিছু ধারণা পাওয়া যায়। চীন এফবিআইয়ের অভিযোগ অস্বীকার করেছে। সিএনএন জব্দ করা ওয়েবসাইটগুলোর সফটওয়্যার কোড বিশ্লেষণ করেছে এবং অন্যান্য সন্দেহজনক চাকরির বিজ্ঞাপন খতিয়ে দেখেছে। এ ছাড়া এফবিআই কর্তৃক বন্ধ করে দেওয়া ওয়েবসাইটগুলোর মতো বৈশিষ্ট্য ও বিষয়বস্তু রয়েছে, এমন আরও কয়েকটি ওয়েবসাইট শনাক্ত করেছে সিএনএন।

গণতন্ত্রের প্রতিরক্ষা ফাউন্ডেশন (এফডিডি) থিংক ট্যাংকের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাক্স লেসার আরও দুটি ওয়েবসাইট খুঁজে পান এবং সেগুলো সিএনএনের সঙ্গে শেয়ার করেন। এসব সাইটের কিছু ওয়েব অবকাঠামো ও অন্যান্য সংযোগ এফবিআই জব্দ করা ওয়েবসাইটগুলোর সঙ্গে মিলে যায়।

লেসার ১০০টির বেশি ওয়েব ডোমেইন শনাক্ত করেছেন। এর মধ্যে অনেকগুলোর বৈশিষ্ট্য এফবিআই বন্ধ করে দেওয়া সাইটগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। লেসারের মতে, এ বিস্তৃত নেটওয়ার্কের মধ্যে চীনা গোয়েন্দা অভিযান পরিচালনার বৈশিষ্ট্য রয়েছে।

আরও পড়ুন: জেলেনস্কির রাশিয়ার সঙ্গে দ্রুত চারপক্ষীয় আলোচনার আহ্বান

গত ২০২৫ সালের নভেম্বরে লেসার প্রকাশ্যে এসব ডোমেইনের বিষয়ে তথ্য জানানোর পরও বেশ কয়েক মাস ধরে অধিকাংশ সাইট অনলাইনে সক্রিয় ছিল এবং ব্যবসা পরিচালনা করছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে অনেক সাইট বন্ধ হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এখন পর্যন্ত এ প্রতারণার খুব সামান্য অংশই বন্ধ করতে পেরেছে।

এফবিআইয়ের এক মুখপাত্র সিএনএনকে বলেন, ‘এফবিআই এ তৎপরতা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং হুমকি মোকাবিলায় অনুমোদিত পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে এমন কিছু উদ্যোগও রয়েছে, যা জনসমক্ষে প্রকাশ করা হয় না।’ তিনি আরও বলেন, চলমান যোগাযোগ ও প্রচারণার মাধ্যমে এ হুমকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর কাজও করছে এফবিআই।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বিস্তারিত মন্তব্য চাওয়ার জবাবে বলেন, ‘আপনি যে বিষয়ে উল্লেখ করেছেন, সে সম্পর্কে আমি অবগত নই। তথাকথিত চীনা গুপ্তচরবৃত্তির বয়ান ছড়িয়ে চীনকে হেয় করার বিরোধিতা করে বেইজিং।’

এ তৎপরতা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈশ্বিক আধিপত্য বিস্তারের বৃহত্তর প্রতিযোগিতার অংশ। দুই দেশই একে অপরের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলছে। চলতি মাসে চিপ নির্মাতা এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে পদত্যাগ করতে হয়েছিল। তার বিরুদ্ধে এমন এক নারীর সঙ্গে সম্পর্ক থাকার তথ্য প্রকাশিত হয়েছে, যাকে কিছু মার্কিন কর্মকর্তা চীনা গোয়েন্দা সংস্থার ‘অ্যাসেট’ বলে সন্দেহ করেন। বেইজিং গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন: ইরান যুদ্ধে জয়ী হবে, যুক্তরাষ্ট্র হেরে যাবে: জন জে. মিয়ারশাইমার

চীনকে লক্ষ্য করে আরও জোরালো গুপ্তচরবৃত্তির ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসনও। সেপ্টেম্বরে এক বক্তব্যে সিআইএর উপপরিচালক মাইকেল এলিস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও জীবপ্রযুক্তির মতো ক্ষেত্রে চীনা কোম্পানিগুলো বৈধভাবে গুপ্তচরবৃত্তির লক্ষ্য হতে পারে।

ছাঁটাই কর্মকর্তারা বড় টার্গেট

হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফেরার প্রথম বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাঁটাই, পদত্যাগ ও অন্যান্য কারণে কয়েক লাখ ফেডারেল কর্মী চাকরি হারিয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীবাহিনীতে কয়েক দশকের মধ্যে অন্যতম বড় কর্মী হ্রাসের ঘটনা। এর ফলে ওয়াশিংটন ডিসি এলাকায় নিরাপত্তা ছাড়পত্রধারী বেকার মানুষের সংখ্যা হঠাৎ বেড়ে যায়।

সিএনএন এর আগে জানিয়েছিল, চীন ও রাশিয়ার মতো বিদেশি শক্তিগুলো এ পরিস্থিতিতে সাড়া দিয়ে জাতীয় নিরাপত্তায় কাজ করা মার্কিন নাগরিকদের নিয়োগে গোয়েন্দা সংস্থাগুলোকে তৎপর করে। বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন বা চাকরি হারানোর আশঙ্কায় ছিলেন, তাদের লক্ষ্যবস্তু করা হয়।

আরও পড়ুন: গাজার ৯২ শতাংশ প্রাচীন জলপাইবাগান ধ্বংস, হাজারো কৃষক হারিয়েছেন জীবিকা

গণছাঁটাইয়ের প্রসঙ্গে এক সাবেক জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘আমরা অপ্রয়োজনীয় একটি দুর্বলতা তৈরি করেছি। কমিউনিস্ট পার্টি অব চায়নার মোকাবিলা করার প্রয়োজনীয় উপকরণ ছাড়াই হাজার হাজার, এমনকি লাখ লাখ মানুষের জন্য প্রবেশাধিকার ও সুযোগ তৈরি করে দিয়েছি।’

এসব উপকরণের মধ্যে সরকার থেকে সাবেক কর্মীদের সম্ভাব্য নিয়োগদাতা প্রতিষ্ঠান সম্পর্কে বিনা মূল্যে ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের সুযোগ দেওয়ার বিষয়টিও থাকতে পারে বলে জানান হোল্ডেন ট্রিপলেট। তিনি প্রথম ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা পরিষদের কাউন্টারইন্টেলিজেন্স পরিচালক ছিলেন।

বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের সাক্ষাৎকারে উঠে এসেছে, নিজ দেশের সরকারের কাছ থেকে পরিত্যক্ত হওয়ার পর কীভাবে তারা শত্রুভাবাপন্ন বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার পরিস্থিতির মুখে পড়ছেন।

২০২৫ সালে ওয়েস ব্রায়ান্ট পেন্টাগনের এমন একটি দপ্তরে কাজ করছিলেন, যার দায়িত্ব ছিল সামরিক অভিযানে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমানো। গণমাধ্যমে তার দপ্তরের বাজেট কমানোর সমালোচনা করার পর তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে তিনি জানান। ব্রায়ান্টের পদত্যাগের বিষয়ে মন্তব্য চেয়ে পেন্টাগনের কাছে যোগাযোগ করেছে সিএনএন।

আরও পড়ুন: বেলজিয়ামে ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে ধর্মঘট, অচলাবস্থা

ইরাক ও আফগানিস্তানের যুদ্ধে অংশ নেওয়া সাবেক বিমানবাহিনীর মাস্টার সার্জেন্ট ব্রায়ান্ট সিএনএনকে বলেন, ‘দেশের ভেতরে আমার সঙ্গে যা ঘটেছে, তা নিয়ে আগে থেকেই আমার মধ্যে অনেক ক্ষোভ ছিল।’

তিনি আরও বলেন, ‘এই কমিউনিস্ট শাসন কীভাবে ধরে নিতে পারে, আমার মতো কেউ নিজের সরকারের সমালোচনা করছে বলে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে চাইবে?’

ব্রায়ান্টের সঙ্গে এমন একটি পরামর্শক প্রতিষ্ঠান যোগাযোগ করেছিল, যেটি আদতে চীনা গোয়েন্দাদের ছিল বলে তার ধারণা।

ট্রিপলেট সিএনএনকে বলেন, এ ধরনের ষড়যন্ত্র থেকে সাবেক কর্মীদের সুরক্ষায় মার্কিন সরকার যথেষ্ট করছে না। সরকারের বাইরে নিরাপত্তা ছাড়পত্রধারীরা সন্দেহজনক যোগাযোগ বা চাকরির প্রস্তাব যাচাই করার জন্য একই ধরনের তথ্য ও সুযোগ পান না।

আরও পড়ুন: পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারকে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের উষ্ণ অভ্যর্থনা

এ সমালোচনার জবাবে ১৭টি মার্কিন গোয়েন্দা সংস্থার তদারককারী জাতীয় গোয়েন্দি পরিচালকের দপ্তরের (ওডিএনআই) এক কর্মকর্তা বলেন, ‘বর্তমান ও সাবেক কর্মীরা যাতে ঝুঁকি সম্পর্কে বুঝতে পারেন, কোথায় নির্দেশনা চাইতে হবে জানেন এবং সন্দেহজনক যোগাযোগের বিষয়ে কোথায় রিপোর্ট করতে হবে, তা জানতে পারেন, তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

সবচেয়ে বড় গোয়েন্দা হাতিয়ার

ভুয়া প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করে। আদালতের নথি অনুযায়ী, তারা প্রায়ই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চুরি করা পরিচয় ব্যবহার করে আকর্ষণীয় করপোরেট ওয়েবসাইট তৈরি করে।

এরপর লিংকডইনের মতো পেশাগত নেটওয়ার্কে চীন-সম্পর্কিত বিষয়ে পরামর্শক পদে অস্পষ্ট বিবরণ দিয়ে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। সাবেক মার্কিন সরকারি কর্মকর্তা বা বেসরকারি পরামর্শক ওই কাজের জন্য আবেদন করেন। কোনো কোনো ক্ষেত্রে ভুয়া প্রতিষ্ঠানের জন্য গবেষণা প্রতিবেদনও তৈরি করেন, অথচ প্রকৃত গ্রাহক কে, তা জানেন না।

এফবিআইয়ের কাউন্টারইন্টেলিজেন্স তদন্ত চলমান থাকায় কর্মকর্তারা এখন এসব ছদ্মবেশী প্রতিষ্ঠানের কারণে জাতীয় নিরাপত্তার কতটা ক্ষতি হয়েছে এবং কীভাবে তা ঠেকানো যায়, তা নির্ধারণের চেষ্টা করছেন।

ট্রিপলেট বলেন, ‘যাদের সঙ্গে (সন্দেহভাজন চীনা গুপ্তচর) যোগাযোগ করছে, তারা সবাই অত্যন্ত সতর্ক থাকলেও এত বেশি মানুষের সঙ্গে কথা বলছে যে, একটি গোয়েন্দা কর্মসূচির সামগ্রিক চিত্র তারা পেয়ে যেতে পারে।’

ট্রিপলেট মস্কো ও বেইজিংয়ে মার্কিন দূতাবাসে এফবিআই অ্যাটাশে হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এফবিআইয়ের ওয়াশিংটন ফিল্ড অফিসের কাউন্টারইন্টেলিজেন্স ও সাইবার বিভাগের প্রধান বিশেষ এজেন্ট ড্যানিয়েল উইয়েরজিবিকি বলেন, গবেষণা প্রতিবেদন থেকে পাওয়া তথ্যের সঙ্গে চীনের ইলেকট্রনিক নজরদারি ও মানব গোয়েন্দা উৎস থেকে সংগ্রহ করা অন্যান্য তথ্য মিলিয়ে নিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কৌশলগত বা অর্থনৈতিক সুবিধা’ পেতে পারে বেইজিং।

উইয়েরজিবিকি সিএনএনকে বলেন, চীন ‘খুব সক্ষম প্রতিপক্ষ’। এআইয়ের সহায়তায় দেশটি আরও উন্নত হচ্ছে।

সিএনএন ও এফডিডির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরুর দিকে ব্যাপক সরকারি ছাঁটাই চলার সময় এ ধরনের গোপন তৎপরতা উচ্চমাত্রায় অব্যাহত ছিল।

বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের মতে, এআই প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধি এবং লিংকডইনের মতো প্ল্যাটফর্মের জনপ্রিয়তা এসব গুপ্তচরবৃত্তিকে আরও শক্তিশালী করেছে।

ট্রিপলেট বলেন, ‘লিংকডইন সম্ভবত এ পর্যন্ত তৈরি সবচেয়ে বড় গোয়েন্দা হাতিয়ার।’

লিংকডইনের এক মুখপাত্র সিএনএনকে দেওয়া বিবৃতিতে বলেন, ‘ভুয়া অ্যাকাউন্ট তৈরি করা বা পরিচয় গোপন করে অন্য পরিচয় ব্যবহার করা আমাদের পরিষেবার শর্তাবলির স্পষ্ট লঙ্ঘন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত অপব্যবহার শনাক্ত করতে আমরা কাজ করছি এবং ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে আমাদের নীতি প্রয়োগ অব্যাহত রাখব।’

সিএনএন স্বাধীনভাবে শনাক্ত করা বেশ কয়েকটি ওয়েবসাইটের সেটিংস ও ডোমেইন নিবন্ধনসংক্রান্ত তথ্যে চীনা অক্ষর পাওয়া গেছে। একটি প্রতিষ্ঠান নিজেদের সিঙ্গাপুরভিত্তিক দাবি করলেও দেশটির ব্যবসায়িক রেকর্ডে প্রতিষ্ঠানটির অস্তিত্ব পাওয়া যায়নি। এসব প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপনে সাধারণত এফবিআই জব্দ করা ওয়েবসাইটগুলোর মতো ভাষা ও স্টক ছবি ব্যবহার করা হয়।

এফডিডির লেসার নতুন একটি সন্দেহভাজন ভুয়া প্রতিষ্ঠান শনাক্ত করেছেন, যার নাম অ্যাসপিরিফাই কনসাল্টিং। প্রতিষ্ঠানটি নিজেদের সিঙ্গাপুরভিত্তিক বলে দাবি করে। লেসারের অনুসন্ধানে দেখা গেছে, এক বছরের বেশি সময় ধরে অ্যাসপিরিফাইয়ের ওয়েবসাইট এফবিআই জব্দ করা একটি পরামর্শক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সঙ্গে একই আইপি ঠিকানা ব্যবহার করেছে। দুটি ওয়েবসাইটের অন্যান্য ওয়েব অবকাঠামো ও ইমেইল কনফিগারেশনেও মিল পাওয়া গেছে, যা একই সন্দেহভাজন চীনা গোয়েন্দা অভিযানের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয় বলে লেসার জানিয়েছেন।

ওয়েবসাইটটিতে ভুয়া হওয়ার বিভিন্ন লক্ষণ ছিল। এর মধ্যে স্টক ছবি ও কর্মীদের অসম্পূর্ণ জীবনী উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটির কথিত কাজের ক্ষেত্রও সিএনএন বিশ্লেষণ করা পরামর্শক প্রতিষ্ঠানগুলোর নেটওয়ার্কের অন্য সদস্যদের সঙ্গে মিলে যায়। অ্যাসপিরিফাইয়ের ওয়েবসাইটে আন্তর্জাতিক বিষয়ক ‘পলিসি অ্যানালিস্ট’ পদে একটি চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, সামরিক বা গোয়েন্দা সংস্থায় কাজের অভিজ্ঞতা প্রার্থীর জন্য বিশেষ সুবিধা হিসেবে বিবেচিত হবে।

এ বিষয়ে মন্তব্য জানতে অ্যাসপিরিফাই কনসাল্টিংয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে সিএনএন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে চার খুনের মামলার চার্জশিট সংশোধনে ফেরত, অভিযোগ ভিন্নখাতে নেওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


রংপুরে চার খুনের মামলার চার্জশিট সংশোধনে ফেরত, অভিযোগ ভিন্নখাতে নেওয়ার

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাটি ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (২২ নভেম্বর) ওই মামলার চার্জশিট জমা দেওয়ার সময় একাধিক অসংগতি ধরা পড়ে। পরে পুলিশ চার্জশিটটি ফেরত নিয়ে ত্রুটি সংশোধন করে পুনরায় জমা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

ঘটনার প্রায় তিন মাস পর রবিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) আলোচিত এ হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দিতে যায়। তবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ চার্জশিট জমা দেওয়ার পূর্বে যাচাই-বাছাইয়ের সময় একাধিক অসংগতি ধরা পড়ে। এরপর তদন্ত কর্মকর্তা সংশোধনের জন্য চার্জশিটটি ফিরিয়ে নেন। সরকারি কৌঁসুলির (পিপি) আপত্তি এবং চার্জশিটের ত্রুটি সামনে আসার পর আদালতপাড়া ও আইনজীবীদের মধ্যে সমালোচনা শুরু হয়।

আদালত সূত্রে জানা যায়, রবিবার মামলার চার্জশিট নিয়ে আদালতে যান তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক জিন্নাত আলী। এ সময় বিচারক রফিকুল ইসলাম পিপির মতামত নিয়ে চার্জশিট জমা দেওয়ার পরামর্শ দেন। যাচাই-বাছাইয়ের সময় চার্জশিটে সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বিভিন্ন বিষয়ে অসংগতি ধরা পড়ে।

এছাড়া চার খুনের ঘটনাকে ‘চুরির ঘটনা’ হিসেবে উল্লেখ করার বিষয়টিও সামনে আসে। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে তদন্ত কর্মকর্তা কাগজপত্র নিয়ে আদালত চত্বর ত্যাগ করেন।

চার্জশিটের খসড়ায় উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস মিলে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও শিশুপুত্রকে শ্বাসরোধে হত্যা করেছেন। তবে শুরু থেকেই নিহতদের স্বজন, অপরাধ বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা এ হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত থাকতে পারেন বলে দাবি করে আসছেন। তাদের অভিযোগ, তদন্তে এ বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি এবং চার্জশিটও পূর্ণাঙ্গভাবে তৈরি করা হয়নি।

এ প্রসঙ্গে রংপুর মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) আব্দুল হাদী বেলাল বলেন, চার্জশিটে ত্রুটি থাকায় সেটি সংশোধন করতে বলা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, প্রতিবেদনে কিছু সমস্যা দেখা দেওয়ায় সেটি আবার পর্যালোচনা করে জমা দেওয়া হবে। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পরে এ মামলায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর ওই দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার আসামিদের বন্ধু সীমান্ত দাস, দখিগঞ্জ শ্মশানের পাহারাদার বিদ্যুৎ মোহন্ত এবং মাদক সরবরাহকারী শান্ত দাস ওরফে পুঁটি শান্ত আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে দুই আসামি রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। পুলিশ জানায়, সংগৃহীত আলামতের ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলে দুই আসামির উপস্থিতির প্রমাণ মিলেছে। তবে ঘটনার নয় দিন পর তাদের ডোপ টেস্ট করা হলেও মাদক সেবনের কোনো আলামত পাওয়া যায়নি।

এদিকে, মাত্র দুজনের পক্ষে একাই চারজনকে হত্যা করা অবিশ্বাস্য দাবি করে নেপথ্যে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকারকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতের আগমনে চরফ্যাশনে জমে উঠেছে লেপ-তোশকের বাজার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


শীতের আগমনে চরফ্যাশনে জমে উঠেছে লেপ-তোশকের বাজার

শীত পুরোপুরি জেঁকে বসার আগে ভোলার চরফ্যাশন উপজেলা সদরে লেপ-তোশকের বাজার জমে উঠেছে। সন্ধ্যা নামার সাথে সাথে শীতের আমেজ অনুভূত হওয়ায় ক্রেতারা আগাম প্রস্তুতি হিসেবে দোকানগুলোতে ভিড় করছেন। ফলে নতুন লেপ-তোশক তৈরি ও পুরোনোগুলো মেরামতে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কারিগর ও ব্যবসায়ীরা।

উপজেলা সদরের ‘সুমন বেডিং’-এ সরেজমিনে দেখা যায়, দোকানের ভেতরজুড়ে চলছে লেপ তৈরির কর্মযজ্ঞ। কেউ কাপড় মাপছেন, কেউ তুলা ধুনে সমানভাবে বিছিয়ে কাঠামো তৈরি করছেন, আবার কেউ সুই-সুতার নিপুণ ফোঁড়ে সেলাইয়ে ব্যস্ত। এক পাশে স্তূপ করে রাখা হয়েছে কাপড় ও তুলার বস্তা, অন্য পাশে ক্রেতাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে তৈরি লেপ-তোশক।

শরীফ হোসেন, বাবুল, শফিক ও রিপন মিয়া, কারিগররা জানান, শীত মৌসুম এলেই তাঁদের কাজের চাপ কয়েক গুণ বেড়ে যায়। একটি মানসম্মত লেপ তৈরিতে কাপড়ের মাপ নেওয়া, সমানভাবে তুলা বিছানো এবং নিখুঁত সেলাইয়ের জন্য ধৈর্য ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। বাবুল ও রিপন মিয়া বলেন, ক্রেতাদের চাহিদা মেটাতে এখন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে। এতে পরিশ্রম বাড়লেও মৌসুমি বাড়তি আয়ে সংসারে কিছুটা সচ্ছলতা আসে।

দোকানটির মালিক সেলিম জানান, শীত মৌসুম তাদের ব্যবসার প্রধান সময়। তাই তিনি আগে থেকেই পর্যাপ্ত কাপড়, তুলা ও অন্যান্য উপকরণ সংগ্রহ করে রেখেছেন। তিনি বলেন, কেউ নতুন লেপ তৈরি করতে আসছেন, আবার কেউ পুরোনো লেপে নতুন কাপড় লাগাতে দিচ্ছেন। ক্রেতাদের সামর্থ্য ও পছন্দ অনুযায়ী বিভিন্ন মান ও দামের লেপ তৈরি করে দেওয়া হচ্ছে। শীত বাড়ার সাথে সাথে বেচাকেনা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে, আগাম প্রস্তুতি নিতে দোকানে আসা ক্রেতা সাইফুল ইসলাম রুবেল বলেন, শীত পুরোপুরি পড়ার আগেই পরিবারের জন্য একটি ভালো মানের লেপ তৈরি করতে এসেছেন। বাজারে রেডিমেড কম্বল পাওয়া গেলেও নিজের পছন্দমতো কাপড় ও তুলার পরিমাণ দিয়ে তৈরি করা লেপের স্থায়িত্ব ও আরাম বেশি বলে তিনি মনে করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আধুনিক কম্বলের প্রচলন বাড়লেও উপকূলীয় জনপদ চরফ্যাশনে শীত নিবারণে ঐতিহ্যবাহী লেপের চাহিদা এখনো অটুট রয়েছে। মৌসুমি এই কর্মচাঞ্চল্য একদিকে যেমন কারিগরদের জীবিকার সংস্থান করছে, অন্যদিকে স্থানীয় ক্ষুদ্র অর্থনীতিতেও গতি সঞ্চার করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিদিন সকালে চা-বিস্কুট খেলে শরীরে এক মাসে কী পরিবর্তন আসবে?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


প্রতিদিন সকালে চা-বিস্কুট খেলে শরীরে এক মাসে কী পরিবর্তন আসবে?

বাংলাদেশের অনেক পরিবারে দিনের শুরু একটি কাপ গরম চা এবং কিছু বিস্কুটের মাধ্যমে হয়। সকালে ঘুম থেকে উঠে কেউ দুধ চা পান করেন, সঙ্গে মিষ্টি বিস্কুট থাকে। আবার অনেকেই নাশতার টেবিলে বসে চায়ে বিস্কুট ডুবিয়ে খেতে বেশি পছন্দ করেন।

এই অভ্যাস কর্মব্যস্ত সকালে দ্রুত কিছু খাওয়ার জন্য বেশ জনপ্রিয়। অনেকের কাছে এটি শুধুমাত্র সকালের নাশতা নয়, বরং প্রতিদিনের একটি পরিচিত অভ্যাস। তবে কখনো কি ভেবে দেখেছেন, প্রতিদিনের পূর্ণাঙ্গ নাশতার পরিবর্তে শুধুমাত্র চা-বিস্কুট খেলে শরীরে কী প্রভাব পড়তে পারে? বিশেষ করে যদি এক মাস ধরে এইভাবে সকাল শুরু করা হয়, তাহলে রক্তে শর্করার মাত্রা, হজম, ক্ষুধা এবং শরীরের বিপাকীয় প্রক্রিয়ায় কী ধরনের পরিবর্তন আসতে পারে?

পুষ্টিবিদদের মতে, চা-বিস্কুট খাওয়া স্বাভাবিকভাবে ক্ষতিকর নয়। তবে এটিকে প্রতিদিনের একমাত্র সকালের নাশতা হিসেবে গ্রহণ করা একটি ভালো অভ্যাস নয়। কারণ, প্যাকেটজাত অধিকাংশ বিস্কুটে থাকে ময়দা, অতিরিক্ত চিনি এবং বিভিন্ন ধরনের চর্বি। অন্যদিকে, চায়ে চিনি মেশালে শরীরে শর্করার পরিমাণ আরও বৃদ্ধি পায়। কিন্তু দিনের শুরুতে শরীরের যে প্রোটিন, আঁশ, ভিটামিন এবং খনিজ উপাদান প্রয়োজন, তার বেশির ভাগই এই নাশতা থেকে পাওয়া যায় না।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে পুষ্টিবিদ এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ কানিক্কা মালহোত্রা জানিয়েছেন, নিয়মিত চা-বিস্কুট দিয়ে দিন শুরু করলে রক্তে শর্করার ওঠানামা, ক্ষুধা এবং বিপাকীয় স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাহলে এক মাস ধরে এই অভ্যাস চালিয়ে গেলে কী হতে পারে?

রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে

সকালে খালি পেটে চিনি দেওয়া চা এবং বিস্কুট খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পেতে পারে। বিস্কুটে থাকা পরিশোধিত ময়দা এবং অতিরিক্ত চিনি দ্রুত হজম হয়ে গ্লুকোজে পরিণত হয়। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে শরীর থেকে ইনসুলিন নিঃসৃত হয়।

পুষ্টিবিদ কানিক্কা মালহোত্রার মতে, এ ধরনের খাবার নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রায় বারবার ওঠানামা হতে পারে। দীর্ঘকাল ধরে এমন খাদ্যাভ্যাস চলতে থাকলে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার ঝুঁকিও সৃষ্টি হতে পারে। এর প্রভাব সকালবেলার কর্মক্ষমতায় পড়তে পারে। চা-বিস্কুট খাওয়ার কিছুক্ষণ পর অনেকের আবার ক্ষুধা লাগে। কিছু মানুষের মধ্যে ক্লান্তি, বিরক্তি অথবা ঝিমুনি ভাব দেখা দিতে পারে। ফলে দুপুরের খাবারের আগেই অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা বৃদ্ধি পায়।

শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে

চা-বিস্কুট পেট ভরালেও শরীরের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা পূরণ হয় না। বিশেষ করে অধিকাংশ প্যাকেটজাত বিস্কুটে প্রোটিন এবং আঁশের পরিমাণ খুবই কম। অথচ পেশির গঠন এবং ক্ষয় পূরণ, দীর্ঘ সময় পেট ভরা রাখা এবং শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রোটিন প্রয়োজন। পুষ্টিবিদ মালহোত্রার মতে, প্রতিদিন সকালের নাশতায় শুধুমাত্র চা-বিস্কুট রাখলে শরীর প্রয়োজনীয় প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন এবং খনিজ উপাদান থেকে বঞ্চিত হতে পারে। এতে দীর্ঘ সময় ক্ষুধা লাগা এবং পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার সমস্যা দেখা দিতে পারে।

এছাড়া, আঁশের ঘাটতিতে হজমের সমস্যা এবং কোষ্ঠকাঠিন্যের আশঙ্কা বৃদ্ধি পায়। চায়ে থাকা ট্যানিন খাবার থেকে আয়রন শোষণে বাধা দিতে পারে। বিশেষ করে যাদের খাবারে আগে থেকেই আয়রনের ঘাটতি রয়েছে, তাদের জন্য বিষয়টি বিবেচনায় রাখা জরুরি। পর্যাপ্ত পুষ্টি না পেলে ক্লান্তি এবং দুর্বলতা দেখা দিতে পারে।

ওজন এবং কোলেস্টেরলের ওপর প্রভাব পড়তে পারে।

অনেকে মনে করেন, সকালে কিছু বিস্কুট খেলে তেমন সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু প্রতিদিনের এই ছোট অভ্যাস থেকেই বাড়তি ক্যালরি শরীরে জমতে পারে। বিশেষ করে মিষ্টি চা এবং বেশি চর্বি-চিনিযুক্ত বিস্কুট একসঙ্গে খেলে ক্যালরির পরিমাণ বৃদ্ধি পায়।

পুষ্টিবিদ মালহোত্রা জানান, নিয়মিত এ ধরনের খাবার খেলে ওজন বৃদ্ধি এবং কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি রক্তে শর্করার ওঠানামা এবং অপর্যাপ্ত পুষ্টির কারণে শরীরের বিপাকীয় স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়তে পারে। কিছু মানুষের ক্ষেত্রে সকালে শুধুমাত্র চা খাওয়ার কারণে অম্লতা বা অ্যাসিডিটির অস্বস্তিও দেখা দিতে পারে। তবে এসব প্রভাব ব্যক্তির শারীরিক অবস্থা, খাবারের পরিমাণ, দৈনন্দিন খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রমের ওপর নির্ভর করে।

চা-বিস্কুটের অভ্যাস কি ছাড়তে হবে?

বিষয়টি একদমই এমন নয়। চায়ের প্রতি ভালোবাসা থাকলে সেটি বাদ দেওয়ার প্রয়োজন নেই। বরং চায়ের সঙ্গে কী খাচ্ছেন, সেদিকে নজর দেওয়া উচিত। পুষ্টিবিদ মালহোত্রার পরামর্শ, চায়ে চিনি না মেশানো অথবা চিনির পরিমাণ কমিয়ে আনা ভালো। চাইলে আদা, এলাচ এবং দারুচিনি দিয়ে চা তৈরি করতে পারেন। তবে চায়ের পাশাপাশি পুষ্টিকর খাবারও রাখতে হবে।

বিস্কুটের পরিবর্তে খেতে পারেন ৮-১০টি ভেজানো কাঠবাদাম। চাইলে ঘরে তৈরি ভাজা মাখানা, সেদ্ধ ডিম অথবা বেসনের ছোট চিলাও রাখতে পারেন সকালের নাশতায়। শসা এবং গাজরের মতো সবজিও হতে পারে ভালো বিকল্প। আর সকালে সময় কম থাকলে একটি পেয়ারা অথবা কলা খেতে পারেন। দেখতে হবে সকালের নাশতায় শুধুমাত্র শর্করা নয়, প্রোটিন এবং আঁশযুক্ত খাবারও রাখা উচিত। এতে দীর্ঘ সময় পেট ভরা থাকবে এবং শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী, আখেরি মোনাজাত পরিচালনা করলেন চরমোনাই পীর সাহেব

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


কাঠালিয়ায় ৫ দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনী, আখেরি মোনাজাত পরিচালনা করলেন চরমোনাই পীর সাহেব

ঝালকাঠির কাঠালিয়ায় ৫ দিনব্যাপী ১৩তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল ও হালকায়ে জিকিরের সমাপনী সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

কাঠালিয়া উপজেলাবাসীর উদ্যোগে, বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঠালিয়া উপজেলা শাখা ও কারিমীয়া সাখাওয়াতিয়া মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই মাহফিল শুরু হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঠে পানি জমে যাওয়ায় মাহফিলের প্রথম ৩ দিন উপজেলা সদরের কারিমীয়া সাখাওয়াতিয়া মাদ্রাসায় কার্যক্রম চলে। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে আসায় রোববার (২২ নভেম্বর) থেকে উপজেলা পরিষদ মাঠে মাহফিল স্থানান্তর করা হয় এবং সোমবার একই মাঠে সমাপনী দিনের মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি ও বাংলাদেশ মুজাহিদ কমিটি কাঠালিয়া উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মাওলানা আহছান উল্লাহ খানের সভাপতিত্বে সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব হুজুর চরমোনাই মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

সমাপনী দিনে আরও ওয়াজ ও নসিহত করেন মাওলানা মুহা. আব্দুল জব্বার, পীর সাহেব ভৈরবী, মাওলানা ইশতিয়াক মুহাম্মদ আল-আমীন, হাফেজ কারী মাও. ইব্রাহীম আল-হাদী এবং মাও. মুহা. হেদায়েতুল্লাহ ফয়েজী। পুরো মাহফিল পরিচালনায় ছিলেন মাওলানা মুহা. আল-আমীন ও অধ্যাপক মুহা. মনিরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%