০৪:২৬ পি.এম
ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : সাভারে প্রস্তুত থাকা ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’ স্বাস্থ্য প্রশাসকদের ব্যবস্থাপনাগত দক্ষতা বাড়াতে দ্রুত চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, একই সাথে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানকে (নিপসম) মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের ম্যানেজমেন্ট ট্রেনিং দেওয়ার নির্দেশনা দেন।
মঙ্গলবার সকালে মহাখালীর নিপসম অডিটরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতে পরিচালিত গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
আরও পড়ুন: গুলশানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি প্রাথমিক স্বাস্থ্যসেবায় এবং কীভাবে প্রান্তিক মানুষের কাছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছানো যায়, সেটির প্রতি।
তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে শুধু চিকিৎসক পদায়ন করলেই চলবে না, প্রশাসনিক দায়িত্বে থাকা ডাক্তারদের সঠিক প্রফেশনাল ম্যানেজমেন্ট ট্রেনিং না দিলে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সরকার অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরো জানান, বাংলাদেশের সব উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে ১০১ বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সে পরিণত করা হবে। তিনি বলেন, আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সকে পুরো স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা সমাধানের ভিত্তি মনে করি। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, বাংলাদেশে সব ৩০ বেড ও ৫০ বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোকে ১০১ বেডের উপজেলা হেলথ কমপ্লেক্সে পরিণত করব।
আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুহিত নিপসম পরিচালিত গবেষণার বস্তুনিষ্ঠতার প্রশংসা করে বলেন, কেবল জাতীয় পর্যায়ে নয়, মাঠপর্যায়ে প্রতিদিন বিশাল পরিমাণ ডেটা সংগৃহীত হয়, তা ব্যবহার করে উপজেলা লেভেলেই স্থানীয় স্বাস্থ্য পরিকল্পনা তৈরি করা উচিত।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এরদোয়ান
নিপসমের কার্যক্রম প্রসারিত করতে পাবলিক মেডিকেল কলেজগুলোর আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করে তুলতে নিপসমকে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিভাবান মেডিকেল শিক্ষার্থীদের বাছাই করে ৩ থেকে ৬ মাসের মেন্টরিং দেওয়া যেতে পারে। এতে দেশে মানসম্পন্ন গবেষণা ও গবেষক তৈরির পথ সুগম হবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানাসহ স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ), অধ্যাপক ডা. বেনজির আহমেদ, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ স্বাস্থ্য অধিদপ্তর ও নিপসমের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন