১১:১৫ এম
চলতি বছর বোরো চাল সংগ্রহের মৌসুমে সরকারিভাবে সাতক্ষীরায় ১৯ হাজার ৬৪৯ দশমিক ৫৫০ টন সেদ্ধ চাল ক্রয় করা হয়েছে। প্রতি কেজির জন্য ৪৯ টাকা দরে এই চালের মোট মূল্য দাঁড়িয়েছে ৯৬ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা।
সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মৌসুমে চাল সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা গত মৌসুমের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।
জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলায় ১০ হাজার ১৫৬ দশমিক ৭০ টন, কলরোয়া উপজেলায় ১ হাজার ২১৪ টন, দেবহাটায় ১ হাজার ২৭৩ টন, কালিগঞ্জে ৬৭৫ টন, শ্যামনগরে ১৪২ টন, আশাশুনিতে ১৭৫ দশমিক ৯৮০ টন এবং তালা উপজেলার জন্য ৬ হাজার ১৩ দশমিক ৫৬০ টন বরাদ্দ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অসময়ের টানা বৃষ্টিতে পোরশার ধানচাষিরা বিপাকে, মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় পাকা ধান
চলতি মৌসুমে মোটা জাতের বোরো চালের জন্য সরকারিভাবে প্রতি কেজির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা। এই হিসাব অনুযায়ী, ক্রয়কৃত ১৯ হাজার ৬৪৯ দশমিক ৫৫০ টন চালের মোট মূল্য ৯৬ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৯৫০ টাকা।
সূত্রটি আরও জানায়, ১৫ মে থেকে চাল সংগ্রহ অভিযান শুরু হয়ে ১৫ অক্টোবর পর্যন্ত শতভাগ সংগ্রহ সম্পন্ন হয়েছে। গত বোরো মৌসুমে জেলায় ১১ হাজার ৯৫৩ টন চাল সংগ্রহ করা হয়েছিল, যার মোট মূল্য ছিল ৫৮ কোটি ৫৬ লাখ টাকা। এই হিসাবে, চলতি মৌসুমে ৭ হাজার ৬৯৬ দশমিক ৫৫ টন চালের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
সাতক্ষীরা জেলা (ভারপ্রাপ্ত) খাদ্য নিয়ন্ত্রক মো. ওমর ফারুক জানিয়েছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী, জেলার সাতটি উপজেলার ২৪৭টি নিবন্ধিত মিল মালিকদের থেকে সচ্ছতা বজায় রেখে চলতি মৌসুমে ১৯ হাজার ৬৪৯ দশমিক ৫৫০ টন চাল ক্রয় করা হয়েছে। এ সময় চালের গুণগত মান বা পুষ্টি সঠিকভাবে যাচাই করা হয়েছে। তাছাড়া জেলার সকল গুদাম কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন কেউ অসৎ উপায়ে নিম্নমানের চাল সরকারি গুদামে প্রবেশ করতে না পারে।
আরও পড়ুন: মোহনগঞ্জে ডিমবোঝাই নৌকা ডুবিতে ৬ লাখ টাকার ক্ষতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন