প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উল্লেখ করেছেন, ডা. শামসুল আলম খান মিলন স্বৈরাচারী শাসনের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে মুক্ত করার উদ্দেশ্যে শহীদ হয়েছেন। তিনি বলেন, সকল কর্তৃত্ববাদী এবং গণতন্ত্রবিরোধী স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে ডা. মিলন সবসময় প্রেরণার উৎস হয়ে থাকবেন।
শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে তিনি এই মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ৮০’র দশকে স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন একটি ঐতিহাসিক ও অবিস্মরণীয় নাম। গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে ডা. মিলনের আত্মদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন সরকারের লেলিয়ে দেওয়া পেটোয়া বাহিনীর গুলিতে শহীদ হন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিগত ১৬ বছরের ভয়াবহ দুঃশাসনে মানুষের ভোট, বাক্ ও ব্যক্তি স্বাধীনতাসহ সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। মানুষের জানমালের কোনো ন্যূনতম নিরাপত্তা ছিল না। বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়নের মাত্রা ছিল অবর্ণনীয়।
তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে দেশের মানুষ স্বৈরাচারমুক্ত হলেও ষড়যন্ত্রকারীরা বসে নেই। তারা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তবে দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। তাই ষড়যন্ত্রকারীরা কখনোই সফলকাম হতে পারবে না।
রুহুল কবির রিজভী বলেন, শহীদ ডা. মিলনের আত্মত্যাগ সবসময় আমাদের অনুপ্রাণিত করবে। গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে পারলেই ডা. মিলনের আত্মত্যাগ সার্থক হবে। তিনি শহীদ ডা. মিলনের শাহাদাত বার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন