প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন’। এ সম্মেলনটি বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মোট ১২৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. রিজাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, বাংলা একাডেমির মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দীন। অনুষ্ঠানে থিম স্পিকার হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বেলা দাস।
আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শতবর্ষে মুসলিম সাহিত্য সমাজ ও সিলেটে নজরুল: মুক্তচিন্তা ও দ্রোহের উত্তরাধিকার’, যা ১৯২৬ সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা এবং কাজী নজরুল ইসলামের সিলেটে আগমনের শতবর্ষপূর্তিকে কেন্দ্র করে।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে মোট ১৭০টি গবেষণাপত্র জমা পড়েছিল। যাচাই-বাছাইয়ের পর চূড়ান্তভাবে নির্বাচিত ১২৬টি প্রবন্ধ ১৩টি সমান্তরাল অধিবেশনে উপস্থাপন করা হচ্ছে।
সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে আহ্বায়ক অধ্যাপক ড. মো. রিজাউল ইসলাম বলেন, মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিল বাঙালি মুসলমান সমাজে মুক্তবুদ্ধির চর্চার বিকাশ এবং বৌদ্ধিক স্বাধীনতার প্রসার। সিলেটে কাজী নজরুল ইসলামের আগমন এ অঞ্চলের সাহিত্য, সংস্কৃতি ও বৌদ্ধিক জগতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর এই দুটি ঐতিহাসিক প্রসঙ্গকে একসূত্রে এনে ইতিহাস, সাহিত্যিক উত্তরাধিকার এবং সমকালীন চিন্তার বিভিন্ন দিক নতুনভাবে পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে।
সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম বলেন, ‘কবি কাজী নজরুল ইসলাম ছিলেন দ্রোহের কবি। সাম্য ও মানবতার পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে তার লেখনী আবহমানকাল ধরে প্রাসঙ্গিক। এই সম্মেলনের মাধ্যমে কবিকে জানার আরও নতুন ক্ষেত্র তৈরি হবে। আমি এই সম্মেলনের সার্বিক সাফল্য কামনা করি।’
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যবিষয়ক গবেষণা আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশি-বিদেশি গবেষকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ গবেষণা-সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন