প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর বাউফল উপজেলার হাসপাতাল রোড এলাকার বাসিন্দা জসীম উদ্দীনের ছেলে মো. জোবায়ের হোসেন বর্তমানে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, কমিশন বাণিজ্য, অনিবন্ধিত প্রতিষ্ঠানের নামে বরাদ্দ প্রদান এবং সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, মো. জোবায়ের হোসেনের পিতার নাম জসীম উদ্দীন এবং মাতার নাম নাসিমা বেগম। তাঁর জন্ম ১ জানুয়ারি ১৯৮৫। তাঁর পরিবারের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া ছাত্রজীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে।
### প্রকল্পের নামে অর্থ উত্তোলন, বাস্তবে কাজের অস্তিত্ব নেই!
অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর কাঁঠালিয়া উপজেলায় যোগদানের পর থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, উপজেলার বিভিন্ন এলাকায় প্রকল্পের নামে বরাদ্দ নিয়ে অর্থ উত্তোলন করা হলেও কিছু প্রকল্পের ক্ষেত্রে সরেজমিনে গিয়ে কোনো কাজের অস্তিত্ব পাওয়া যায় না।
এ ছাড়া প্রতিটি প্রকল্পের কাজের বিপরীতে কমিশন গ্রহণের অভিযোগও উঠেছে পিআইও জোবায়ের হোসেনের বিরুদ্ধে। বিভিন্ন প্রকল্পের নামে মোটা অঙ্কের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও করেছেন স্থানীয়রা।
### অনিবন্ধিত প্রতিষ্ঠানের নামে প্রকল্প বরাদ্দের অভিযোগ
কাঁঠালিয়ার সাংবাদিক বাদল হাওলাদারের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের নামে বিভিন্ন প্রকল্প বরাদ্দ দেওয়ার বিষয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় নিবন্ধন ও সরকারি বিধিবিধান যথাযথভাবে যাচাই না করেই কিছু প্রতিষ্ঠানের নামে প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করা হয়েছে কি না এবং প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যয় হয়েছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
### রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ
জোবায়ের হোসেনের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও নানা আলোচনা রয়েছে। অভিযোগকারীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন। পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নিজেকে বিএনপিপন্থী পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগও উঠেছে।
এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেদওয়ান ইসলামের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। এমনকি মহাপরিচালককে দুর্নীতির অর্থ দেওয়ার কথা তিনি প্রকাশ্যে বলে বেড়ান বলেও অভিযোগ করেছেন কয়েকজন ব্যক্তি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
### গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও বহাল দায়িত্বে
কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে বলে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
অভিযোগ রয়েছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও জোবায়ের হোসেনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাঁকে নলছিটি উপজেলায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে তথ্য জানতে চাইলে জোবায়ের হোসেন সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিতে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে। তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মিতু ও সংসদ সদস্য রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে।
সূত্রে আরও জানা যায়, গণমাধ্যমকর্মীদের ধারাবাহিক লেখালেখির পরিপ্রেক্ষিতে বর্তমানে তাঁর বিরুদ্ধে একটি তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
### নিরপেক্ষ তদন্তের দাবি
কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, অর্থ উত্তোলন, প্রকল্প বাস্তবায়ন, বিল-ভাউচার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধনসংক্রান্ত কাগজপত্র যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
তাঁদের দাবি, তদন্তের মাধ্যমে অভিযোগগুলোর সত্যতা উদ্ঘাটন করে অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত পিআইও মো. জোবায়ের হোসেন এবং সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন