ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর


ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে জানুয়ারিতে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভের সময় সরকারি স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও ছিল।

বার্তা সংস্থা ফার্স নিউজের মাধ্যমে ইরানের সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিনজন হলেন— হাসান দিয়োবান্দ, হামিদ কাজেমি ও রেজা জানগানে।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় ১৭ জন নিহত

ইরানের বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, বিক্ষোভের সময় তারা আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও পেট্রোলবোমা ব্যবহার করে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালান। তারা কারাজ শহরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন ধরিয়ে দেন এবং সরকারি স্থাপনা ভাঙচুর করেন। এই ঘটনায় শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ইরানে একের পর এক মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এসব ব্যক্তির বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ইরান সরকারের প্রতি সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি একই সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান পুরোপুরি বিলুপ্ত করার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: হামাদান প্রদেশে ইরান ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবি ছাত্রদলের ১০ নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


জাবি ছাত্রদলের ১০ নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে শোকজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত কর্মসূচিতে উপস্থিত না থাকার কারণে এই নোটিশ দেওয়া হয়েছে। শোকজ প্রাপ্ত নেতাদের মধ্যে সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এই নির্দেশনা প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, দায়িত্বে অবহেলার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য (সহ-দপ্তর সম্পাদক) জহিরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

শোকজ পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন—আল বেরুনী হল শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, আ ফ ম কামাল উদ্দিন হল শাখা ছাত্রদলের সভাপতি ফাহাদুর জামান শোভন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখা ছাত্রদলের সভাপতি হামিদুল্লাহ সালমান, শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ খান, শেরে বাংলা এ কে ফজলুল হক হল শাখা ছাত্রদলের সভাপতি সাইফ বিন মাহাবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম, শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমদ হল শাখা ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ পাপন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করার পরেও কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত নির্ধারিত কর্মসূচিতে তারা অনুপস্থিত ছিলেন। দায়িত্ব অবহেলার অভিযোগের ভিত্তিতে তাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর বরাবর লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৫২২ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


ঢাকায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৫২২ জন গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ৫২২ জনকে গ্রেপ্তার করেছে। এই সময়ের মধ্যে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগ থেকে ১৬৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৯৪ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৯ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৬ জন, লালবাগ বিভাগ থেকে ৪৩ জন, উত্তরা বিভাগ থেকে ৩৫ জন, রমনা বিভাগ থেকে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ বছরের মিসরীয় শিশু বই পড়ে জিতলেন ১ কোটি ৫৬ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


১১ বছরের মিসরীয় শিশু বই পড়ে জিতলেন ১ কোটি ৫৬ লাখ টাকা

মিসরের ১১ বছর বয়সী মিয়া মুহাম্মদ রাগাব ওসমান অসাধারণ একটি কীর্তি গড়েছেন। ৭০টির বেশি বই পড়ে সেগুলোর বিষয়বস্তু আত্মস্থ করে তিনি ‘আরব রিডিং চ্যালেঞ্জ’-এর দশম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন। এই প্রতিযোগিতায় প্রায় ৪ কোটি ২৮ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে, যেখানে মিয়া সেরার স্বীকৃতি লাভ করেন।

বিজয়ী হিসেবে মিয়া ৫ লাখ দিরহাম পুরস্কার পেয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকার সমান। তবে পুরস্কারের বাইরেও, দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের একটি বিশেষ উপহার তাকে ঘিরে আলোচনা সৃষ্টি করেছে।

দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মিয়াকে বিজয়ী ঘোষণা করে শেখ মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তার হাতে পুরস্কার তুলে দেন। এক পর্যায়ে, তিনি নিজের পরিধেয় পোশাকে লাগানো ব্যাজ খুলে মিয়ার মাথায় পরিয়ে দেন এবং স্নেহভরে চুমু দিয়ে তাকে অভিনন্দন জানান। এই মুহূর্তটি অনুষ্ঠানের অন্যতম আবেগঘন দৃশ্যে পরিণত হয়।

মিয়ার বাসস্থান মিসরের কাফর এল শেখ প্রদেশ। পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থীর বই পড়ার প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই রয়েছে। প্রতিযোগিতায় অংশ নিয়ে সে ৭০টির বেশি বই পড়েছে এবং বইগুলোর বিষয়বস্তু নিয়ে নিজের উপলব্ধি ও সারসংক্ষেপ তুলে ধরার পাশাপাশি আরবি ভাষায় চিন্তাভাবনা প্রকাশের দক্ষতাও দেখিয়েছে।

প্রতিযোগিতায় মিয়া জানিয়েছেন, পুরস্কারের অর্থ দিয়ে সে নিজের স্কুলে একটি ছোট গ্রন্থাগার গড়ে তুলতে চায়, যেখানে তার সহপাঠীসহ অন্যান্য শিক্ষার্থীরা বই পড়ার সুযোগ পাবে। তার মতে, "বই মানুষের চিন্তাভাবনাকে সমৃদ্ধ করে এবং ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রাখে।"

এবারের দশম আসরে রেকর্ডসংখ্যক ৬০টি দেশের ৪ কোটি ২৮ লাখ ৬ হাজার ৪২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। মুহাম্মদ বিন রাশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভস এই প্রতিযোগিতার আয়োজন করে। চূড়ান্ত পর্বে বিভিন্ন দেশের সেরা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, যেখানে দ্বিতীয় স্থান অর্জন করে ফিলিস্তিনের গাজাল রাশাদ আদেল তাইয়েম এবং তৃতীয় স্থান অধিকার করে সৌদি আরবের রায়ান বিন আদিব আল জাকারি।

মিয়ার এই সাফল্যে মিসরে ব্যাপক সাড়া পড়েছে। গত ৪ নভেম্বর, দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তাকে প্রেসিডেন্ট প্রাসাদে আমন্ত্রণ জানান এবং এ সময় তার হাতে দ্বিতীয় শ্রেণির ‘মেডেল অব এক্সিলেন্স’ তুলে দেন। মিয়ার পরিবার ও শিক্ষকদেরও অভিনন্দন জানান তিনি।

মিয়ার এই অর্জন ১১ বছর বয়সে তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং শিশু-কিশোরদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরির ক্ষেত্রেও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সূত্র: দুবাই সরকারের সরকারি সংবাদ বিজ্ঞপ্তি, গালফ নিউজ, দ্য ন্যাশনাল ও মিসরের প্রেসিডেন্টের কার্যালয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়েছে: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১১ পি.এম


দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়েছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, দুর্নীতির কারণে দেশের বহু সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

বক্তব্যের অংশ হিসেবে রাষ্ট্রপতি সমবায় খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলা এবং ভঙ্গুর অর্থনীতির চাকা সচল রাখতে সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সমবায় শুধুমাত্র পণ্য উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম নয়। এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নের সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সমবায়কে কার্যকর হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকটসহ অর্থনীতিতে বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, এসব সংকট মোকাবিলা এবং অর্থনীতির চাকা সচল রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

সমবায় খাতের উন্নয়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, দুর্নীতির কারণে অনেক সমিতি তাদের কার্যকারিতা হারিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সমবায় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় সমবায় পুরস্কার-২০২৫ তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%