প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজনৈতিক পরিবর্তনের পরও কর্মসংস্থান, দুর্নীতি নিয়ন্ত্রণ, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্র সংস্কার নিয়ে প্রশ্নগুলি এখনও বিদ্যমান। জুলাইয়ের স্বপ্ন কতটুকু বাস্তবায়িত হয়েছে, এ নিয়ে আলোচনা চলছে।
একটি অভ্যুত্থান শুধু ক্ষমতার পরিবর্তন ঘটায় না, বরং মানুষের মনে নতুন দেশের স্বপ্নও সৃষ্টি করে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান তরুণদের মনে ঠিক সেই স্বপ্ন জাগিয়েছিল। সকলের ধারণা ছিল, এবার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে, মেধার ভিত্তিতে চাকরি হবে, দুর্নীতি থাকবে না, মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং রাষ্ট্র জবাবদিহি করবে।
কিন্তু সেই যাত্রা শুরু হওয়ার পর আমরা আসলে কতদূর পৌঁছেছি? এটি বোঝার জন্য শুধুমাত্র ক্ষমতা কার হাতে গেল, তা দেখলেই হবে না। বরং দেখতে হবে, তরুণরা চাকরি পাচ্ছে কি না, বাজারের অবস্থা কেমন, দুর্নীতি কি আসলেই কমেছে এবং মানুষ কি মন খুলে কথা বলতে পারছে?
জুলাই আন্দোলনের শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা নিয়ে তরুণদের ক্ষোভ থেকে। পরে এটি পুরো ব্যবস্থার পরিবর্তনের দাবিতে পরিণত হয়। তাই প্রত্যাশা ছিল শুধু কোটা সংস্কার নয়; প্রত্যাশা ছিল যোগ্যতার মূল্যায়ন এবং একটি সম্মানজনক জীবনের নিশ্চয়তা।
দুর্নীতি কি কমেছে? সরকারি অফিসে ঘুস, অনিয়ম ও হয়রানি ছাড়া কি কোনো সেবা পাওয়া যায়? ভুক্তভোগীদের কাছেই রয়েছে এর সঠিক উত্তর। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অভিযান প্রয়োজন। তার চেয়েও বেশি প্রয়োজন এমন প্রতিষ্ঠান, যেগুলো কারো কথায় চলবে না, স্বাধীনভাবে কাজ করবে। অন্যদিকে, জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, তাতে অনেকের পেট চালানোই এখন কঠিন। এছাড়া, সবাই কি নির্ভয়ে নিজেদের মত প্রকাশ করতে পারছে? বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার ক্ষেত্রে?
জুলাইয়ে তরুণরা রাস্তায় নেমেছিল কোনো দল বা ব্যক্তির জন্য নয়; তারা অধিকার ও ন্যায়বিচারের জন্য নেমেছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ কতটা বদলেছে, এটি এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অভ্যুত্থান শুধু একটি দরজা খুলে দেয়। তবে সেই দরজা দিয়ে নতুন বাংলাদেশে প্রবেশ করতে হলে ধারাবাহিক সংস্কার ও সদিচ্ছার প্রয়োজন। জুলাইয়ের স্বপ্নের সত্যিকার মূল্যায়ন তখনই হবে, যখন তরুণদের চাওয়াগুলো—চাকরি, ন্যায়বিচার ও মত প্রকাশের স্বাধীনতা—বাস্তবে প্রতিফলিত হবে।
লেখক : শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন