০২:৪৯ পি.এম
পাকিস্তানি জনপ্রিয় ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর শেষ পরিণতি সম্পর্কে দর্শকদের মধ্যে কৌতূহল অব্যাহত রয়েছে। এই কৌতূহলকে আরও বৃদ্ধি করেছেন ধারাবাহিকটির অভিনেত্রী রোমাইসা খান।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ধারাবাহিকের শেষ পর্বের গল্প ফাঁসের ইঙ্গিত দেন। তবে শেষ পর্যন্ত জানা যায়, পুরো ঘটনাটি ছিল তার মজার ছলে তৈরি করা একটি কাল্পনিক স্পয়লার।
ইনস্টাগ্রামে প্রকাশিত ওই ভিডিওতে হামনা চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানান রোমাইসা।
আরও পড়ুন: ১৩ বছরের অভিনয়জীবনে সিনিয়রদের প্রশংসা পাননি ফারহান আহমেদ জোভান
তিনি দাবি করেন, সেই ভালোবাসার প্রতিদান হিসেবে দর্শকদের আগেই জানিয়ে দেবেন ধারাবাহিকের পরবর্তী ঘটনাগুলো—এটি ছিল তার মজার দাবি।
এরপর একে একে শোনান অবিশ্বাস্য সব গল্প। রোমাইসার তথাকথিত স্পয়লার অনুযায়ী, ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র জারিয়াব, যিনি দুরেফিশান সেলিমের দ্বারা অভিনীত, শেষ পর্যন্ত তুরস্কে পাড়ি জমাবেন।
সেখানে তার দেখা হবে ঐতিহাসিক তুর্কি নেতা এরতুগ্রুলের সঙ্গে। মজার বিষয় হলো, এরতুগ্রুল নাকি জারিয়াবের সাবেক প্রেমিক জামিলের চাচাতো ভাই!
অন্যদিকে, জারিয়াবের এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়বেন তার স্বামী আবু বকর। হারানো ভালোবাসার কষ্ট ভুলতে একসময় তিনি হয়ে উঠবেন মোটিভেশনাল স্পিকার।
আরও পড়ুন: সালমান-মাধুরীর সিনেমা নিয়ে স্মৃতিচারণ করলেন পরিচালক সুরজ
‘লেটস মুভ অন’ শিরোনামে আয়োজন করবেন একটি সেমিনার। কিন্তু সেই সেমিনারের সামনের সারিতে এমন একজনকে দেখতে পাবেন, যাকে সেখানে দেখার কথা কেউ কল্পনাও করেনি। তিনি আর কেউ নন, জামিল!
রোমাইসার কল্পিত গল্পে এখানেই শেষ নয়। জামিল নাকি আবু বকরকে জানাবেন, তার মা খুশবখত (সানিয়া সাঈদ) আসলে জামিলেরও মা। অর্থাৎ, আবু বকর ও জামিলের মধ্যে রয়েছে সৎভাইয়ের সম্পর্ক!
এদিকে সম্পর্কের এমন জটিল সমীকরণে বিরক্ত হয়ে হামনা শেষ পর্যন্ত দুবাইয়ে চলে যাবেন। সেখানে আবাসন ব্যবসায় নিজের নতুন কর্মজীবন শুরু করবেন বলেও জানান রোমাইসা।
তবে এতসব নাটকীয় ঘটনার কোনোটি সত্যি নয়। ভিডিওর শেষ দিকে অভিনেত্রী নিজেই স্পষ্ট করেন, দর্শকদের সঙ্গে নিছক রসিকতা করেছেন তিনি।
আরও পড়ুন: প্রেমের গুঞ্জনের মধ্যেই মা হওয়ার বিষয়ে মুখ খুললেন অনন্যা পাণ্ডে
সত্যিই কি নিজের চাকরি হারানোর ঝুঁকি নিয়ে ধারাবাহিকের আসল গল্প ফাঁস করবেন—এমন প্রশ্নও ছুড়ে দেন দর্শকদের দিকে। পাশাপাশি প্রকৃত পরিণতি জানতে ধারাবাহিকটি দেখার আহ্বান জানান।
রোমাইসার এই মজার স্পয়লার ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। তবে জারিয়াব, আবু বকর ও হামনার সম্পর্কের জট শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, তা জানতে অপেক্ষা করতে হবে ধারাবাহিকটির পরবর্তী পর্বগুলোর জন্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন