০৫:২০ পি.এম
যশোরের মণিরামপুরে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করার কারণে রাজমিস্ত্রি এনামুল হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে, এতে জড়িত দুই আসামিকে আটক করেছে র্যাব।
বুধবার গভীর রাতে যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করতে সফল হয়েছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন মামলার এজাহারভুক্ত আসামি এবং ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের বাসিন্দা রাব্বি এবং রাকিব।
আরও পড়ুন: খুলনায় বিএনপি নেতা জাকির শেখকে গুলি করে হত্যা
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা ঢাকায় আত্মগোপনে ছিল। বুধবার রাতে তারা 'সায়রা পরিবহন' নামের একটি দূরপাল্লার বাসে করে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। এমন গোপন সংবাদে ভিত্তি করে যশোর-মাগুরা সড়কের নওয়াপাড়া রজনীগন্ধা পাম্পের সামনে বিশেষ চেকপোস্ট বসায় র্যাব।
বাসটি তল্লাশি চৌকিতে পৌঁছালে সেখান থেকে রাব্বি ও রাকিবকে আটক করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, আসামিরা ঢাকায় পালিয়ে গিয়েছিল। সায়রা পরিবহনের একটি বাসে করে তারা যশোর ফিরছে— এমন খবরের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাই এবং তাদের দুজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হই।
উল্লেখ্য, গত ৯ জুন রাতে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামের তিন রাস্তার মোড়ে রাজমিস্ত্রি এনামুল হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের পরিবার অভিযোগ করে মণিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার অন্যতম প্রধান আসামি আটককৃত এই দুই যুবক।
আরও পড়ুন: তাহিরপুরে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন,আলহাজ্ব মোঃ খসরুল আলম
এছাড়া, এর আগে হুসাইন নামে এক যুবক এ মামলায় আটক হয় এবং সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন