প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা চালিয়ে প্রধান আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ সময় পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয় এবং পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর থানার কাটিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযানে অংশ নেন। হামলায় দুই পুলিশ কর্মকর্তা ও তিন কনস্টেবলসহ মোট পাঁচজন আহত হয়েছেন।
মামলার এজাহার অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কাটিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ গিয়াস উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বোরহান শেখের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কারবারি ও জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন রুবেলকে আটক করে হাতকড়া পরানো হয়। এ সময় আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সরকারি কাজে বাধা দেয় এবং পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে আরাফাত হোসেন রুবেল হাতকড়াসহ পালিয়ে যায়।
হামলাকারীরা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে ভয়ভীতি প্রদর্শন করে এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করে। এতে দুই কর্মকর্তাসহ তিন কনস্টেবল আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে। আহত পাঁচ পুলিশ সদস্য সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ গিয়াস উদ্দিন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন রুবেল, রতন, ওমর ও আশরাফুলসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। পেনাল কোডের ৪৩, ৩৪২, ১৮৬, ২২৫, ৩৩২, ৩৫৩ ও ৫০৬ ধারাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এজাহারনামীয় ১ থেকে ৫ নম্বর আসামিকে গ্রেফতার করে থানায় নেয়া হয়েছে এবং অন্য আসামিরা কৌশলে পালিয়ে গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম জানিয়েছেন, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন