১১:০৩ পি.এম
যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক আলোচনা কিংবা সামরিক সংঘাত—যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে ইরান এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত বলে হুশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-কে (IRNA) দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মধ্যস্থতাকারী দেশ কাতার এবং পাকিস্তানের মাধ্যমে আলোচনার প্রক্রিয়া এবং কূটনৈতিক পরামর্শ ইতিমধ্যেই বেশ জোরদার করা হয়েছে। সংঘাত এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেহরান ইতিমধ্যেই তাদের শর্ত এবং প্রস্তাবিত রূপরেখা পেশ করেছে।
সাক্ষাৎকারে আরাঘচি উল্লেখ করেন, "বর্তমান সংকট উত্তরণের পুরো বিষয়টি নির্ভর করছে ওয়াশিংটনের রাজনৈতিক বিচক্ষণতার ওপর।"
আরও পড়ুন: গাজার ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলকে চার দেশের আহ্বান
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ 'হরমুজ প্রণালী' পুনরায় উন্মুক্ত করে দেওয়ার বিষয়ে তেহরানের অবস্থান পরিষ্কার করেন আরাঘচি। তিনি জানান, এই কৌশলগত প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং আলোচনা শুরু হওয়া পুরোপুরি নির্ভর করছে তেহরানের দেয়া শর্তগুলো যুক্তরাষ্ট্রের মেনে নেওয়ার ওপর।
হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি স্পষ্ট বার্তায় বলেন, "যুক্তরাষ্ট্র আমাদের এই শর্তগুলো মেনে নিলেই কেবল হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং নতুন করে আলোচনা শুরু হবে। অন্যথায় বর্তমান অচলাবস্থা অব্যাহত থাকবে এবং ইরান কোনো অবস্থাতেই মার্কিন চাপের মুখে নতি স্বীকার করবে না।" সূত্র: রয়টার্স।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন