ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

রামপালে ২০ বছরের অজ্ঞাত নারীর লাশ উদ্ধার


রামপালে ২০ বছরের অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বাগেরহাটের রামপাল উপজেলার ২ নম্বর উজলকুড় ইউনিয়নের রনশেন মিরাখালী নামক স্থান থেকে পুলিশ একটি অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে, যার বয়স আনুমানিক ২০ বছর। শুক্রবার সকালে, স্থানীয় লোকজন ওই এলাকা থেকে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা স্থানীয়রা যখন চলাচল করছিলেন, তখন রনশেন মিরাখালী এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখেন। এই খবর দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ভিড় করতে শুরু করে। পরে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়।

রামপাল থানার ওসি মো. মাসুদুর রহমান (পিপিএম) এ বিষয়ে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতের নাম এবং পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

একদিন একটি ছোট শিশু তার হাতে ধরে শিখেছিল বর্ণমালার প্রথম অক্ষর। শিশুটিকে তিনি স্নেহভরে ডাকতেন ‘পিনু’। সেই শিশুটি আজ দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, তারই আরেক শিক্ষার্থী জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ মো. নুরুল ইসলাম মণি। দীর্ঘ শিক্ষকতা জীবনের অধ্যায়ে এমন দুটি অর্জনের সাক্ষী হয়ে আজ গর্বিত ও আবেগে আপ্লুত বরগুনার পাথরঘাটার প্রবীণ শিক্ষাবিদ, সাবেক অধ্যক্ষ কাজী আবদুর রশিদ।

বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে। আগের মতো চলাফেরা করতে পারেন না। জীবনের পড়ন্ত বিকেলে এসে অনেক স্মৃতিই হয়তো ঝাপসা হয়ে গেছে। কিন্তু স্মৃতির আয়নায় এখনো স্পষ্ট সেই পাঁচ বছরের ছোট্ট পিনু। যে শিশুকে একদিন আদর-স্নেহে পড়িয়েছিলেন, সেই শিক্ষার্থী আজ রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে। অথচ প্রিয় ছাত্রের কাছে তাঁর কোনো ব্যক্তিগত চাওয়া নেই, নেই কোনো পদ-পদবি কিংবা সুযোগ-সুবিধা পাওয়ার প্রত্যাশা। তিনি শুধু চান, তাঁর ছাত্র যেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলেন এবং মানুষের কল্যাণে কাজ করেন।

প্রবীণ এই শিক্ষকের সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে অতীতের নানা স্মৃতি। সাল ১৯৭২। কুমিল্লা সেনানিবাসের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করছিলেন কাজী আবদুর রশিদ। সেখানেই মাত্র পাঁচ বছর বয়সে তারেক রহমানের শিক্ষাজীবনের হাতেখড়ি হয় তাঁর কাছে। ছোট্ট তারেককে ভালোবেসে ‘পিনু’ বলে ডাকতেন তিনি। ভদ্র, নম্র ও বুদ্ধিদীপ্ত শিশুটির স্মৃতি আজও তাঁর হৃদয়ে অমলিন।

কাজী আবদুর রশিদ জানান, শুধু তারেক রহমানই নন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সঙ্গেও তাঁর স্মৃতিময় সম্পর্ক রয়েছে। তিনি দাবি করেন, জিয়াউর রহমান তাঁর বাড়িতে খাবার খেয়েছেন। প্রিয় ছাত্রের খোঁজখবর জানতে চেয়ে ১৯৭৯ সালের ২৭ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একটি চিঠি লিখেছিলেন তিনি। চিঠিতে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি ছোট্ট পিনুর প্রতি ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছিলেন। চিঠির শেষাংশে লিখেছিলেন, ‘আমার প্রিয় ছোট ছাত্র পিনুকে আমার ভালোবাসা ও আশীর্বাদ, যাকে আমি দীর্ঘ বছর ধরে দেখতে পারিনি এবং আমি জানি না সে এখন কত বড় হয়েছে।’

সেই চিঠির প্রতিটি শব্দে ফুটে উঠেছিল একজন শিক্ষকের ভালোবাসা, একজন অভিভাবকের মমতা। কয়েক দশক পেরিয়ে আজ সেই ছাত্র দেশের প্রধানমন্ত্রী। কিন্তু সময়ের ব্যবধান কিংবা রাষ্ট্রীয় ব্যস্ততার হিসাব কষে কোনো অভিমান জমিয়ে রাখতে চান না শিক্ষক। বরং ছাত্রের সাফল্যে তাঁর চোখেমুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি।

আবেগাপ্লুত কণ্ঠে কাজী আবদুর রশিদ বলেন, ‘আমার কিছুই চাওয়ার নেই। আমি শুধু দোয়া করি, তিনি যেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারেন। দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারেন। এটাই আমার চাওয়া। আমার ছেলেরা প্রতিষ্ঠিত। আমি এখনো লেখালেখি নিয়ে ব্যস্ত থাকি।’

নিজের শিক্ষকতা জীবনের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি একজন সাধারণ শিক্ষক। আমার ছাত্র দেশের প্রধানমন্ত্রী, আরেকজন জাতীয় সংসদের চিফ হুইপ। আমি তারেক রহমানকে আদর করে পিনু বলে ডাকতাম। আমার পিনু হয়তো জানেন না আমি কোথায়, কীভাবে আছি, বেঁচে আছি কি না। রাষ্ট্রের কত কাজ, কত ব্যস্ততা।’

এই কথাগুলোর মধ্যে কোনো অভিযোগের চেয়ে একজন শিক্ষকের নিঃস্বার্থ ভালোবাসাই যেন বেশি স্পষ্ট হয়ে ওঠে। যে মানুষটি একদিন শ্রেণিকক্ষে দাঁড়িয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন, জীবনের শেষ প্রান্তে এসে তাঁদের সাফল্যকেই নিজের জীবনের বড় সম্পদ মনে করছেন।

১৯৪০ সালের ২৬ অক্টোবর বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা গ্রামে জন্মগ্রহণ করেন কাজী আবদুর রশিদ। ১৯৬০ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতগঞ্জ হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে নিজ এলাকার কালমেঘা মুসলিম হাইস্কুলে শিক্ষকতা করেন। সেখানেই তাঁর শিক্ষার্থী ছিলেন আজকের জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ মো. নুরুল ইসলাম মণি।

১৯৬৭ সালে কুমিল্লা সেনানিবাসের ইস্পাহানি পাবলিক স্কুলে যোগ দেন তিনি। ১৯৮০ সালে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এবং ১৯৮৫ সালে যশোর সেনানিবাসের দাউদ পাবলিক স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদান করেছেন। তাঁদের অনেকেই আজ সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন।

শুধু চাকরির দায়িত্ব পালনেই সীমাবদ্ধ থাকেননি তিনি। নিজ এলাকায় শিক্ষার প্রসারেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। পাথরঘাটা হাইস্কুলে কিন্ডারগার্টেন শাখা প্রতিষ্ঠা এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়নে কাজ করেছেন। নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন ‘কে আর এলিমেন্টারি স্কুল’। ২০১২ সালে দীর্ঘ শিক্ষকতা জীবন থেকে অবসর নেন।

বর্তমানে পাথরঘাটা পৌরসভার ৪নং ওয়ার্ডে নিজের বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন এই প্রবীণ শিক্ষাবিদ। বয়সের কারণে চলাফেরায় কষ্ট হলেও লেখালেখির অভ্যাস এখনো ধরে রেখেছেন। তাঁর জীবনের বড় একটি অংশজুড়ে রয়েছে শ্রেণিকক্ষ, শিক্ষার্থী আর শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার স্মৃতি।

একজন শিক্ষক সারাজীবন শিক্ষার্থীদের গড়ে তোলেন। কেউ চিকিৎসক হন, কেউ প্রকৌশলী, কেউ প্রশাসক, কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান। কিন্তু সব অর্জনের ঊর্ধ্বে থাকে শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হয়ে ওঠা। কাজী আবদুর রশিদের জীবনে সেই প্রাপ্তির সঙ্গে যুক্ত হয়েছে এক বিরল স্মৃতি, তাঁর হাতের প্রথম পাঠ নেওয়া ছোট্ট পিনু আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র জাতীয় সংসদের চিফ হুইপ।

রাষ্ট্রীয় ক্ষমতা, পদ-পদবি কিংবা ব্যক্তিগত সাফল্য নয়, ছাত্রদের হাত ধরে দেশের মানুষের কল্যাণ সাধিত হোক, এটাই তাঁর প্রত্যাশা। হয়তো কোনো একদিন প্রিয় শিক্ষককে খুঁজে নেবে তাঁর সেই ছোট্ট পিনু। আবার দেখা হবে শিক্ষক ও শিক্ষার্থীর, ফিরে আসবে হারিয়ে যাওয়া শ্রেণিকক্ষের স্মৃতি। সেই অপেক্ষা থাকুক বা না থাকুক, আবদুর রশিদের জীবনের খাতায় প্রাপ্তির হিসাব ইতিমধ্যেই পূর্ণ। কারণ একজন শিক্ষকের কাছে তাঁর শিক্ষার্থীর সাফল্যের চেয়ে বড় পুরস্কার আর কী হতে পারে!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার সংযোগ সড়ক ১২ মাস চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

আব্দুল আউয়াল মিছবাহ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার সংযোগ সড়ক ১২ মাস চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

 

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সঙ্গে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার সড়কে ১২ মাস চলাচলের উপযোগী করার দাবীতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মধ্যনগর উপজেলা সদর থেকে মাত্র ৪/৫ কিলোমিটার রাস্তা উঁচু করে নির্মাণ করলেই কলমাকান্দা উপজেলার সাথে সংযোগ স্থাপন হবে ফলে নিন্মাঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব হয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দীর্ঘদিনে সীমাহীন দুঃখ দূর্দশা দূর হবে।
জনগুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়নের লক্ষ্যে আজকের মানববন্ধনের অংশগ্রহণ করে একাত্মতা পোষন করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উল্লেখিত দাবিতে মধ্যনগর ও কলমাকান্দা এলাকাবাসীর উদ্যোগে মধ্যনগর বাজারের পশ্চিম পাশের সড়কে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে বক্তারা বলেন, মধ্যনগর ও কলমাকান্দা উপজেলার ৪/৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ বর্ষা মৌসুমে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাই প্রয়োজনীয় ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং পানি প্রবাহের স্বাভাবিক পথ নিশ্চিত করে সড়কটি দ্রুত সারা বছর চলাচলের উপযোগী করতে হবে।
বক্তারা জনগুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে কলমাকান্দা দুর্গাপুরে সংসদ সদস্য ও সংসদের মাননীয় ডেপুটি স্পীকার কায়সার কামাল ও সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সাহের সুদৃষ্টি কামনা করে দ্রুত রাস্তাটিকে ১২ মাস চলাচলের উপযোগী করে নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বক্তারা জোর দাবী জানান।

জনস্বার্থে মানববন্ধনে অংশগ্রহণ করে একাত্মতা পোষণ করেন মধ্যনগর উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক আবুল বাশার তালুকদার, ডাঃ মুক্তাদির হোসেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ সাধারণ সম্পাদক আলামিন তালুকদার হাওর ও নদী রক্ষা আন্দোলনের উপজেলা সভাপতি সাংবাদিক আশরাফ উদ্দিন হিল্লোল সাংবাদিক অমিত
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান মানিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি ও দেলোয়ার হোসেন মুন্নাসহ স্থানীয় শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবিতে অনুষ্ঠিত হবে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


শাবিপ্রবিতে অনুষ্ঠিত হবে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্ব। তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও প্রযুক্তিনির্ভর সৃজনশীলতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ প্রতিযোগিতা আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এই পর্বের আয়োজন করছে, যেখানে সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ও বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন করবেন। প্রকল্প মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময়েরও ব্যবস্থা থাকবে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খন্দকার আবদুল মুক্তাদির, যিনি বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী। বিশেষ অতিথি হিসেবে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, যিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, সকাল সাড়ে ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শনী, মূল্যায়ন, প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য প্রকৌশলী অধ্যাপক ড. মো. ইকবাল। সদস্যসচিব হিসেবে রয়েছেন ড. মোহাম্মদ আবু নাছের ও ড. মোস্তফা আজিজ সুমন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুপুত্র বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের ষড়যন্ত্র’ নিয়ে বই প্রকাশ করছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


নেতানিয়াহুপুত্র বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের ষড়যন্ত্র’ নিয়ে বই প্রকাশ করছেন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুত্র ইয়াইর নেতানিয়াহু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তার বাবাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে একটি বই প্রকাশের পরিকল্পনা করছেন। বইটিতে ইসরাইলের বিচার বিভাগ, গোয়েন্দা সংস্থা, সামরিক নেতৃত্ব, গণমাধ্যম এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে তার বাবার সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হবে।

ডানপন্থি কর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ইয়াইর নেতানিয়াহুর বইটির শিরোনাম হচ্ছে টু-ফ্রন্ট ওয়ার: ইনসাইড ইসরাইলস ফাইট ফর সারভাইভাল—অ্যাগেইনস্ট ফরেন এনিমিজ অ্যান্ড ডমেস্টিক সাবোটার্স। বইটি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টারের মাধ্যমে প্রকাশিত হবে।

প্রকাশনা সংস্থার ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে যে, বইটিতে পশ্চিমা বিশ্বকে অস্থিতিশীল করার এবং মুক্ত সভ্যতার ভিত্তি দুর্বল করার একটি কথিত পরিকল্পনার বিষয়বস্তু রয়েছে।

বইটির প্রচারণামূলক বিবরণে বলা হয়েছে, ইয়াইর নেতানিয়াহু সবসময় একজন গর্বিত ইহুদি এবং নিবেদিতপ্রাণ জায়নবাদী ছিলেন। তবে যখন ইসরাইলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তার বাবাকে ক্ষমতা থেকে সরানোর উদ্যোগ নেয়, তখন তিনি এমন একটি জটিল ব্যবস্থার মুখোমুখি হন, যা সাধারণ মানুষের কাছে অনেকটাই অদৃশ্য।

এক্ষেত্রে দেশটির সরকারি কৌঁসুলি, বিচারক, গোয়েন্দা আমলাতন্ত্র, সামরিক নেতৃত্ব, গণমাধ্যম এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

বইটিকে ‘ম্যাট্রিক্সের ভেতর থেকে পাওয়া প্রতিবেদন’ হিসেবেও উল্লেখ করা হয়েছে। ‘ম্যাট্রিক্স’ শব্দটি ষড়যন্ত্রতত্ত্বের অনুসারীদের মধ্যে প্রচলিত। এটি মূলধারার সমাজব্যবস্থাকে নিয়ন্ত্রণকারী একটি বিভ্রমের কাঠামো বোঝাতে ব্যবহৃত হয়। নারীবিদ্বেষী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেটের মাধ্যমে সাম্প্রতিক সময়ে শব্দটি ব্যাপক পরিচিতি পেয়েছে।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থি জোট ৫৩টি আসন অর্জন করেছে। ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হলেও, জোটটি পার্লামেন্টে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হিসেবে অবস্থান করছে।

অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেয়েছে। আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন লাভ করেছে। ফলে সরকার গঠনের জোট আলোচনা ও সমীকরণে এসব দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সম্ভাবনা তৈরি হয়েছে।

ইয়াইর নেতানিয়াহু দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উগ্র ডানপন্থি বিভিন্ন ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করে আসছেন। নির্বাচনের পরেও তিনি দাবি করেছেন যে, তার বাবার বিরুদ্ধে নির্বাচনে কারচুপির পেছনে বিভিন্ন পক্ষ কাজ করেছে। এমনকি আরব দেশগুলোর অর্থায়নও এতে ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

গত মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে ইয়াইর আবারও দাবি করেন, শত্রু রাষ্ট্রগুলো আরব ভোটারদের ঘুষ দিয়ে নির্বাচন চুরি করেছে।

বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাকেও একই ধরনের ষড়যন্ত্রের অংশ বলে দাবি করে আসছেন তার ছেলে। ২০২০ সাল থেকে ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে তিনটি পৃথক দুর্নীতি মামলার বিচার চলছে। তবে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব পালনের কারণে তিনি আদালতে হাজিরা এড়িয়ে গেছেন।

ইয়াইরের বইটি প্রকাশের দায়িত্বে রয়েছে র‍্যাটপ্যাক প্রেস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতাদের মধ্যে অস্ট্রেলীয় ব্যবসায়ী জেমস প্যাকার এবং মার্কিন চলচ্চিত্র পরিচালক ব্রেট র‍্যাটনার রয়েছেন। প্যাকার নেতানিয়াহু পরিবারের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রধানমন্ত্রীর দুর্নীতি মামলার একজন সাক্ষী। অন্যদিকে, যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর র‍্যাটনার ইসরাইলে চলে যান।

নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, জেমস প্যাকার কয়েক বছর ধরে প্রধানমন্ত্রীকে দামি সিগার ও শ্যাম্পেন উপহার দিয়েছেন। তেল আবিবে প্যাকারের মালিকানাধীন একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ইয়াইর নেতানিয়াহুও মাঝে মাঝে ব্যবহার করতেন।

সূত্র: মিডল ইস্ট আই ও হারেৎজে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%