কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
০৯:৩৩ পি.এম
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি। দিবসটি উপলক্ষে বিশাল মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসিবের নেতৃত্বে প্রথমে একটি বিশাল মিছিল বের করা হয়। পরে পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমবেত হন। এরপর দলীয় কার্যালয় থেকে পৌর বিএনপি ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে যৌথভাবে আরেকটি বিশাল মিছিল বের করেন। মিছিলটি আলফাডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে আলফাডাঙ্গার রাজপথ। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, যুগ্ম সম্পাদক আহমদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন যে, একাত্তরের পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদী শক্তি একত্রিত হয়ে দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দায় শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এই কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম উল্লেখ করেন, ৭ নভেম্বরের ঘটনাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জন্য নতুন দিশা নিয়ে এসেছিল। সেই সময় পরাজিত শক্তি দেশকে বিপথগামী করার জন্য এবং দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
প্রতিমন্ত্রী একাত্তরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, একাত্তরের পরাজিত শক্তি এবং গত ১৭ বছরের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তি আজ একত্রিত হয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত রয়েছে। তারা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে দেশে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। অথচ বর্তমানে বিদেশের মাটিতে বসে মানবাধিকারের বিষয়ে বক্তৃতা দেওয়া হচ্ছে। যারা বিদেশে বসে বাংলাদেশে বাস ও ট্রাকে আগুন দিয়ে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, তাদের কর্মকাণ্ড সরকার ও দেশের সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার। সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সউদী আরব ১৭৫টি দেশের জন্য ১৪৫ বিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা প্রদান করেছে, এমন তথ্য প্রকাশ করেছেন দেশটির রয়্যাল কোর্টের উপদেষ্টা এবং কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (কেএসরিলিফ) সুপারভাইজার জেনারেল ড. আবদুল্লাহ আল রাবিয়াহ।
তিনি বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের “এ নিউ অ্যাম্বিশন ফর ফ্র্যাজিল অ্যান্ড ফ্রন্টিয়ার মার্কেটস” শীর্ষক ভার্চুয়াল অধিবেশনে এই তথ্য তুলে ধরেন। ড. আল রাবিয়াহ উল্লেখ করেন যে, কেএসরিলিফ ১১৩টি দেশে ৮.৫ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে ৪,০০০টিরও বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে।
অধিবেশনে তিনি ভঙ্গুর ও প্রান্তিক বাজারগুলোর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য আহ্বান জানান। তিনি বলেন, "এগুলোতে স্থানীয় উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং টেকসই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে, কেবল ত্রাণের ওপর নির্ভরশীল না হয়ে।"
ড. আল রাবিয়াহ এই রূপান্তরকে ত্বরান্বিত করার জন্য তিনটি প্রধান অগ্রাধিকারের কথা উল্লেখ করেন। প্রথমত, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মানবিক সহায়তা নিরাপদে পৌঁছানোর পথ নিশ্চিত করা। দ্বিতীয়ত, স্থানীয় জনগণের ওপর বাড়তি চাপ না দিয়ে স্থানীয় কেন্দ্রিক ত্রাণ কার্যক্রমকে শক্তিশালী করা। তৃতীয়ত, মানবিক সহায়তার জন্য উদ্ভাবনী অর্থায়নের উদ্যোগ গ্রহণ করা।
তিনি আরও বলেন যে, "কেবল অনুদান দিয়ে এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।" ঝুঁকিপ্রবণ প্রান্তিক বাজারগুলোতে বিনিয়োগ উৎসাহিত করার জন্য তিনি সরকারি অর্থায়ন, মিশ্র অর্থায়ন, ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থা এবং বেসরকারি পুঁজি ব্যবহারের আহ্বান জানান।
ড. আল রাবিয়াহ বক্তৃতার শেষে জরুরি ত্রাণ সহায়তাকে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও যৌথ সমৃদ্ধিতে রূপান্তরিত করতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন। তিনি বলেন, "দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের মর্যাদা অক্ষুণ্ন রেখে তাদের নতুন নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।"
সূত্রঃ সউদী গ্যাজেট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মধ্যপ্রাচ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল বা আইএসআইএস)-এর হুমকি মোকাবিলায় ঐতিহাসিক ঐক্যে পৌঁছেছে চারটি দেশ। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আইএসবিরোধী লড়াইয়ের উদ্দেশ্যে ইরাক, সিরিয়া, জর্ডান ও তুরস্ক একটি যৌথ চারদলীয় কমিটি গঠন করেছে।
সম্প্রতি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন।
ফুয়াদ হুসেইন জানান, আইএসআইএল-এর সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী বর্তমানে ইরাকের সীমান্তবর্তী সিরীয় ভূখণ্ডে অবস্থান করছে এবং সেখান থেকে তারা তৎপরতা চালাচ্ছে। এই হুমকি মোকাবিলা এবং সন্ত্রাসী নেটওয়ার্ক গুঁড়িয়ে দেওয়ার জন্য দেশগুলো একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সিরিয়া সীমান্তে সামরিক তৎপরতা বৃদ্ধির মূল দুটি উদ্দেশ্য হলো— আইএসআইএল সদস্যদের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ কঠোরভাবে রোধ করা এবং একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় অবৈধ মাদক চোরাচালান প্রতিহত করা।
আল জাজিরা জানিয়েছে, ইরাকি পররাষ্ট্রমন্ত্রীর এই পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি দোহা সময় অনুযায়ী রোববার রাত ২১:০০ টায় (জিএমটি ১৮:০০ টায়) সম্প্রচার করা হবে। সূত্র: আল জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের মূল কর্মসূচি শুরু হয়।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম.এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন নাজিম প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, তাৎপর্য এবং জাতীয় জীবনে এর সুদূরপ্রসারী প্রভাব ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভা শেষে স্থানীয় ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শক ও অতিথিরা।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ