প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বজুড়ে ২৬ কোটি ৬০ লাখ মানুষ বর্তমানে তীব্র খাদ্যসংকটে ভুগছেন। সুদান, দক্ষিণ সুদান এবং সোমালিয়ার কিছু অঞ্চলে দুর্ভিক্ষের ঝুঁকি দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে, বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে সংঘাত ও যুদ্ধের কারণে খাদ্য ও কৃষি উপকরণের সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে খাদ্য ও মানবিক সহায়তার খরচ বৃদ্ধি পাচ্ছে। যদি বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকে, তবে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে ৭৩ লাখ মানুষের জন্য খাদ্য সহায়তা ঝুঁকির সম্মুখীন হতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে সংস্থাটির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ এই সতর্কবার্তা প্রদান করেন। লিন্ডবার্গ উল্লেখ করেন, হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব প্রণালি এবং কৃষ্ণসাগর—এই তিনটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথে সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে খাদ্য রপ্তানি এবং কৃষিকাজের জন্য প্রয়োজনীয় উপকরণের সরবরাহ মারাত্মকভাবে সংকুচিত হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে সংঘাতের বৃদ্ধি এবং এল নিনোর মতো জলবায়ুগত বিপর্যয়ের কারণে খাদ্য উৎপাদন ও দামের ওপর এর বাস্তব প্রভাব পড়ছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে, ডব্লিউএফপির অতিরিক্ত ৭২ কোটি ৭০ লাখ ডলার ব্যয় হতে পারে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত। এতে ৭৩ লাখ মানুষের জন্য সহায়তা কার্যক্রম ঝুঁকিতে পড়বে।
লিন্ডবার্গ জানান, বাড়তি ব্যয়ের কারণে ডব্লিউএফপির কার্যক্রমের জন্য বরাদ্দ অর্থ সরাসরি কমে যাচ্ছে। ফলে কমসংখ্যক পরিবারকে কম পরিমাণ খাদ্য সহায়তা দেওয়া সম্ভব হবে।
তিন নৌপথে সংকট, ব্যাহত খাদ্য সরবরাহ
বিশ্বের মোট সার সরবরাহের প্রায় ৩০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তাই এই নৌপথে অচলাবস্থা তৈরি হলে কৃষিকাজের গুরুত্বপূর্ণ উপকরণের সরবরাহে বড় ধরনের প্রভাব পড়বে। অন্যদিকে, কৃষ্ণসাগর বিভিন্ন দেশের জন্য শস্য সরবরাহের একটি গুরুত্বপূর্ণ উৎস। সোমালিয়া ও ইয়েমেনের মতো দেশগুলো এই অঞ্চলের শস্যের ওপর নির্ভরশীল। ইয়েমেন তার মোট খাদ্য চাহিদার ৯০ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করে।
এছাড়াও, বাব আল-মান্দেব প্রণালিতে অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্য ও খাদ্য পরিবহনে বাধা সৃষ্টি করছে। এই তিনটি গুরুত্বপূর্ণ নৌপথে সংকটের কারণে খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছানোর খরচ বেড়ে যাচ্ছে। সুদানে খাদ্যসংকটের পরিস্থিতিও উদ্বেগজনক। সেখানে একটি সাধারণ খাদ্যতালিকার ব্যয় গত ফেব্রুয়ারি থেকে ১৩০ শতাংশ বেড়ে গেছে।
তিন বিষয়ে অঙ্গীকারের আহ্বান
বক্তব্যে জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতি তিনটি বিষয়ে স্পষ্ট অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন ডব্লিউএফপির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ। তিনি বলেন, "বিশ্বে আর কোনো দুর্ভিক্ষ হতে দেওয়া যাবে না, খাদ্যকে কখনোই যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না এবং মানবিক সহায়তাকর্মীদের ওপর কোনো হামলা চালানো যাবে না।" লিন্ডবার্গ এসব বিষয়কে তিনটি ‘লাল রেখা’ হিসেবে উল্লেখ করেন। তিনি সদস্যদেশগুলোকে এই তিন বিষয়ে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এএম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন