সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১২:৫৬ পি.এম
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : সুদানের রাজধানী খার্তুমে রোববার ড্রোন হামলায় বেশ কয়েকটি বাড়িঘর এবং জাতিসংঘের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও জাতিসংঘের প্রতিনিধিরা।
রোববার রাত ২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত খার্তুম বিমানবন্দর এবং নগরীর বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এএফপি’র খবর অনুযায়ী, এক প্রত্যক্ষদর্শী জানান, হামলায় একটি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে, সুদানের সেনাবাহিনীর একটি সূত্র দাবি করেছে, ড্রোনগুলো ইথিওপিয়া থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
ওই সূত্র এএফপিকে জানায়, ‘ভোরের ড্রোন হামলা সুদানের ভূখণ্ডে ইথিওপিয়ার আগ্রাসনেরই ধারাবাহিকতা। কারণ, ড্রোনগুলো ইথিওপিয়ার বাহির দার বিমানবন্দর থেকে উৎক্ষেপণ করা হয়েছে।’
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত চলমান রয়েছে। এ যুদ্ধে আরএসএফকে সহায়তা করার জন্য ইথিওপিয়ার বিরুদ্ধে বারবার অভিযোগ তুলেছে সুদানের সেনাবাহিনী। ইথিওপিয়ার ভূখণ্ড ব্যবহার করে ড্রোন হামলা চালানোর অভিযোগও রয়েছে তাদের।
তবে ইথিওপিয়া এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
এএফপির ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলায় একটি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ধ্বংসস্তূপের মধ্যে আসবাবপত্র, গৃহস্থালির জিনিসপত্র ও পোশাক ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
ওই এলাকার বাসিন্দা আল-নূর আদম এএফপিকে জানান, হামলার পর বাড়িতে ঢুকে তারা দেখেন, একজন ব্যক্তি বিছানায় পড়ে আছেন। তার বাঁ হাত, বুক ও মাথায় আঘাত লেগেছে।
-আমরা এখন কোথায় যাব?-
আদম বলেন, ‘নির্বিচার ড্রোন হামলা চালানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আপনি ঘুমিয়ে থাকা অবস্থায়ও হামলার শিকার হতে পারেন। ঘুম থেকে উঠে দেখবেন, আপনার সন্তানরা আর নেই। এটি সত্যিই ভয়াবহ। কখন কী ঘটে, তা নিয়ে কেউ নিশ্চিত থাকতে পারছেন না।’
আরেক বাসিন্দা ইয়াসের হাসান জানান, হামলার শিকার বাড়িটির বাসিন্দারা দীর্ঘদিন ধরে আশ্রয়ের খোঁজ করার পর সেখানে মাত্রই উঠেছিলেন।
তিনি বলেন, ‘এরপরই ড্রোন হামলা চালানো হয়। এখন আমরা কোথায় যাব?’
অন্য এক প্রত্যক্ষদর্শী জানান, খার্তুম থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণে জেবেল আউলিয়া এলাকায় একটি মসজিদের মুয়াজ্জিনের বাড়িতেও ড্রোন আঘাত হেনেছে।
ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া পরিবারের সদস্যদের উদ্ধারে লোকজন চেষ্টা করছিলেন।’
এদিকে জাতিসংঘ জানিয়েছে, তাদের একটি স্থাপনায় হামলা হয়েছে। ওই ভবনে জাতিসংঘের কর্মীরাও অবস্থান করছিলেন।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) এক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, ‘বেসামরিক মানুষের বসবাসের একটি এলাকায় এ ঘটনা ঘটেছে।’
মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তার ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলেছে, জাতিসংঘের কর্মীদের এ ধরনের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সুদানের চলমান যুদ্ধে দেশটির নিয়মিত সেনাবাহিনীকে সহায়তা দিয়ে আসা সৌদি আরব এক্সে দেওয়া বিবৃতিতে বলেছে, ‘এ ধরনের নৃশংস হামলা আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’
সুদানের সেনাবাহিনীর আরেক সমর্থক মিসরও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
ড্রোন হামলায় বাড়ছে প্রাণহানি
হামলায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে চলমান সংঘাতে দুই লাখের বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করছেন ত্রাণকর্মীরা। এ সংঘাতের কারণে বিশ্বে সবচেয়ে বড় খাদ্যসংকট ও বাস্তুচ্যুতির পরিস্থিতি তৈরি হয়েছে।
ড্রোনের ব্যাপক ব্যবহার নিয়ে জাতিসংঘ বারবার উভয় পক্ষের সমালোচনা করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসেই ড্রোন হামলায় এক হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
জাতিসংঘ আরও জানিয়েছে, চলতি বছর ড্রোন হামলায় হতাহত হওয়া শত শত শিশুর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ নিহত হয়েছে অথবা আহত হয়েছে।
কয়েক দিন আগে পশ্চিম কর্দোফান রাজ্যের একটি গ্রামে সুদানের সেনাবাহিনীর ড্রোন হামলায় চার শিশুসহ ১৫ জন নিহত হন। ওই সময় রাজ্যটিতে আরএসএফের কাছ থেকে এলাকা পুনর্দখলে অভিযান চালাচ্ছিল সেনাবাহিনী।
গত এক বছর ধরে দুই পক্ষই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দক্ষিণ কর্দোফান অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করছে। অঞ্চলটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সুদানের মধ্য ও পূর্বাঞ্চলের সঙ্গে আরএসএফের নিয়ন্ত্রণে থাকা দারফুরকে সংযুক্ত করেছে।
সাম্প্রতিক মাসগুলোতে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ উভয় পক্ষই ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। এসব ড্রোন যোদ্ধাদের সরাসরি ঝুঁকিতে না ফেলেই কয়েক শ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
॥ হাবিবুর রহমান ॥
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে।
নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে অথবা ডিসেম্বরের শুরুতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হবে।
তারা উল্লেখ করেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করা হবে। এ অনুযায়ী, আগামী ২৯ বা ৩০ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এ সংলাপ শুরু হতে পারে। প্রয়োজনে নভেম্বরের শেষ দিনেও সংলাপ শুরু করার সম্ভাবনা রয়েছে।
ইসির কর্মকর্তারা জানান, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বিষয়েও একটি সভা অনুষ্ঠিত হবে বলে তারা জানান।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়েই ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি সৃষ্টি না হলে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন।
তারা আশা প্রকাশ করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ তৈরি হবে এবং উৎসবমুখর পরিবেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী ইউপি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা দেখছেন না কমিশনের শীর্ষ কর্মকর্তারা। তারা জানিয়েছেন, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের নির্ধারিত তারিখের প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।
ইসির কর্মকর্তারা আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের কাছ থেকেও পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বলে তারা আশাবাদী। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।
এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বাসসকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে, সেসব দলের সাথে তিনদিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে তাদের সাথেও আলোচনায় বসা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, ইউপি নির্বাচনের জন্য ইসির সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারির কমবেশি ৪৫ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই চারটি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে বলে আমি মনে করি।
তিনি জানান, ইউপি নির্বাচনের আগে আইনশৃঙ্খলার বিষয়ে কেন্দ্রীয়ভাবে এবং এলাকা ভিত্তিকও মিটিং হবে। ইউপি নির্বাচন শুরু হলে মানুষ ভোটের দিকে ঝুঁকে পড়বে এবং উৎসবমুখর ভোটের পরিবেশ সৃষ্টি হবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বাসসকে বলেন, কমিশনের সিদ্ধান্ত এ মাসের মধ্যেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে হবে। আইনশৃঙ্খলা বিষয়েও একটি মিটিং হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন করা হবে। রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে।
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপি নির্বাচন
পাঁচ ধাপে ৫০৮ উপজেলায় ৪ হাজার ৩৩২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে।
ইসির তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপি, তৃতীয় ধাপে ১২০ উপজেলার ১ হাজার ২৪ টি ইউপি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি ইউপি এবং পঞ্চম ধাপে ৪০ উপজেলার ৩৮৪ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে।
গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। এ মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিনদিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলের নীতিমালা লঙ্ঘনের কারণে বিএনপির তিনশর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদের মধ্যে ৯১ জন প্রভাবশালী ব্যক্তি স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। বিদ্রোহীদের পক্ষে কাজ করার কারণে আরও কয়েকজন শীর্ষ নেতার ওপর শাস্তির খড়গ নেমে আসে।
এবার সরকারে থাকা দলের পক্ষ থেকে বহিষ্কৃতদের দলে ফিরিয়ে আনার জন্য শাস্তির আদেশ প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিএনপি দলের অভ্যন্তরীণ কোন্দল ও বিভক্তি কাটিয়ে উঠতে এই কৌশল গ্রহণ করেছে, যাতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা যায়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপিতে ফেরার জন্য সম্ভাব্য তালিকায় রয়েছেন সংসদ নির্বাচনে বহিষ্কৃত সাত বিদ্রোহী প্রার্থী। তাদের মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫) অন্তর্ভুক্ত রয়েছেন।
এছাড়া তালিকায় আরও থাকতে পারেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী।
বহিষ্কার হওয়া একাধিক নেতা জানান, কিছু নেতার পক্ষ থেকে দলে ফেরার জন্য আবেদন করা হয়েছে। অনেকেই দলের সিদ্ধান্তের দিকে নজর রেখেছেন। তারা জানান, দলের পক্ষ থেকে সবুজ সংকেত পেলে আবেদন করবেন। তারা বলেন, "আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি, সবাই বুঝেশুনে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন দলে ফেরার আবেদন করলে অনেকে এটা নিয়ে কটূক্তি করবে, এটা আমরা চাই না। আবেদন করা শুধু একটা ফরমালিটি। কিন্তু হাইকমান্ড চাইলে যে কোনো নেতাকে দলে ফিরিয়ে নিতে পারেন।"
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের অধিকাংশই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তিনি বলেন, "প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলার দুর্গম এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন। ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি এলাকা থেকে অনেক মানুষ চিকিৎসাসেবা নিতে ক্যাম্পে উপস্থিত হন।
চিকিৎসা ক্যাম্পে রোগীদের শারীরিক বিভিন্ন সমস্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। স্থানীয়দের জন্য এ উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন নানিয়ারচর জোন কমান্ডার মশিউর রহমান, পিএসসি। এ সময় তিনি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। তিনি ক্যাম্পের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।
এ সময় রোগীদের আশ্বস্ত করে জোন কমান্ডার বলেন, প্রয়োজনীয় কোনো ওষুধ জোনে পাওয়া না গেলে শহর থেকে সংগ্রহ করে তা বিনামূল্যে সরবরাহের ব্যবস্থা করা হবে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানিয়ারচরের বেশ কিছু এলাকা দুর্গম হওয়ায় অসুস্থ অবস্থায় দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া অনেকের জন্য কঠিন। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য চিকিৎসা ব্যয়ও বড় ধরনের চাপ তৈরি করে। এমন বাস্তবতায় সেনাবাহিনীর বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে।
চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন রোগী বলেন, দূরের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া তাদের জন্য সময় ও ব্যয়সাপেক্ষ। কাছে এসে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।
নানিয়ারচর জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, শুধু চিকিৎসাসেবা নয়, দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করছে।
সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়ি ও দুর্গম জনপদে সাধারণ মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এবং সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। নানিয়ারচরের এ চিকিৎসা ক্যাম্পও সেই ধারাবাহিকতার অংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও পর্যবেক্ষণের জন্য ১২ জন পুলিশ কর্মকর্তাকে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিয়োগ করা হয়েছে। তাদের এই দায়িত্ব আগামী দুই মাসের জন্য দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। সংযুক্ত কর্মকর্তাদের ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে আট কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন—ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।
দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও চার কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী দুই মাস তারা ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দায়িত্ব পালন করবেন। এই সময় তারা ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সমন্বয়ের কাজ করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ