ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

‘শাকিরা আইন’ নিয়ে গায়িকার রসিকতা, মুহূর্তেই ভাইরাল মন্তব্য


‘শাকিরা আইন’ নিয়ে গায়িকার রসিকতা, মুহূর্তেই ভাইরাল মন্তব্য

রাজনীতির উত্তপ্ত বিতর্কের মাঝে হঠাৎ করে হাসির খোরাক জুগিয়েছেন পপ তারকা শাকিরা। যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত সিনেট নির্বাচনের প্রচারণার সঙ্গে তাঁর নাম জড়িয়ে ‘শাকিরা আইন’ প্রসঙ্গ তৈরি হয়েছে। কলম্বিয়ান এই গায়িকা সরাসরি মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা শুরু করেছেন।

১২ নভেম্বর, ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদের নির্বাচনী প্রচারণার একটি পোস্টে শাকিরা প্রতিক্রিয়া জানান। তাঁর মন্তব্যটি ছিল নিছক রসিকতা, তবে এতে ছিল নিজেরই জনপ্রিয় গান ‘Hips Don't Lie’-এর চমৎকার উল্লেখ। শাকিরা লেখেন, ‘অবশেষে এমন একটি আইন পাওয়া গেল, যার সঙ্গে আমার নিতম্বও একমত! হাবিবি, তুমি কি মনে করো কংগ্রেসে এটি পাস করাতে পারবে?’

গায়িকার এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে শুরু হয় আলোচনা। বিশেষ করে ‘Hips Don't Lie’ গানের সঙ্গে মিল রেখে ‘নিতম্ব কখনো মিথ্যা বলে না’—এমন ইঙ্গিতপূর্ণ বাক্য রাজনৈতিক প্রচারণার সঙ্গে যুক্ত হওয়ায় বিষয়টি বাড়তি কৌতূহল তৈরি করে। মন্তব্যে আরবি শব্দ ‘হাবিবি’ ব্যবহারের মাধ্যমে রসিকতায় ভিন্ন মাত্রা যোগ হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মুশফিকের আবেগঘন পোস্ট

কিন্তু নির্বাচনী প্রচারণায় আলোচিত ‘শাকিরা আইন’ আসলে কী? এর পেছনে রয়েছে আবদুল এল-সায়েদকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক। মুসলিম পরিচয়ের কারণে বিরোধীরা অভিযোগ তুলেছেন যে, তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এই অভিযোগের জবাব দিতে গিয়ে এল-সায়েদ প্রচলিত রাজনৈতিক বক্তব্যের বদলে ব্যঙ্গাত্মক পথ বেছে নিয়েছেন।

১৪ অক্টোবর প্রকাশিত এক প্রচারণামূলক ভিডিওতে এল-সায়েদ বিষয়টি ব্যাখ্যা করেন। সেখানে তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্রে কারও ওপর শরিয়াহ আইন চাপিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই। বরং শাকিরার বিখ্যাত গান ‘Hips Don't Lie’-এর শিরোনামকে কাজে লাগিয়ে মজার ছলে ‘শাকিরা আইন’-এর ধারণা তুলে ধরেন। তাঁর বক্তব্যের সারকথা—নিতম্ব কখনো মিথ্যা বলে না।

রাজনৈতিক অভিযোগের জবাবে এমন পপ সংস্কৃতিনির্ভর রসিকতা প্রচারণায় আলাদা মাত্রা যোগ করে। এবার সেই শব্দবন্ধে শাকিরার অংশগ্রহণ বিষয়টিকে আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে।

মিসরীয় বংশোদ্ভূত চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবদুল এল-সায়েদ এর আগে মিশিগানের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মুসলিম পরিচয় ও রাজনৈতিক অবস্থান নিয়ে নির্বাচনী প্রচারণায় নানা বিতর্কও তৈরি হয়েছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্টের তথ্য অনুযায়ী, তাঁর পুরোনো বক্তব্যের কিছু অংশ কেটে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছিল।

আরও পড়ুন: কীর্তি সুরেশের অস্বস্তি, ‘সত্যবান সাবিত্রী’ সিনেমার মুক্তির তারিখ পরিবর্তিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবচরের মাটিতে কমলার বাগান গড়ে সফল উদ্যোক্তা রাসেল

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


শিবচরের মাটিতে কমলার বাগান গড়ে সফল উদ্যোক্তা রাসেল

একসময় জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। প্রবাসের কর্মব্যস্ত জীবন পেছনে ফেলে দেশে ফিরে শুরু করেছিলেন চাকরি। তবে কৃষির প্রতি ভালোবাসা আর নিজে কিছু করার স্বপ্ন তাঁকে বারবার টেনেছে গ্রামের মাটিতে। সেই স্বপ্ন থেকেই মাদারীপুরের শিবচরে গড়ে তুলেছেন কমলার বাগান। বিদেশি ফল হিসেবে পরিচিত কমলা এখন ফলছে তাঁর বাগানেই। আর এই উদ্যোগ ঘিরেই সফলতার স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন খান।

জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর গ্রামের বাসিন্দা রাসেল হোসেন। ২০২১ সালে সৌদি আরব থেকে দেশে ফেরার পর প্রথমে পরিবহন খাতে চাকরি নেন তিনি। কিন্তু কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তাঁকে স্থির থাকতে দেয়নি। একপর্যায়ে চাকরি ছেড়ে ২০২৩ সালে বাবার কৃষিকাজের দায়িত্ব নেন। এরপর শুরু করেন কমলার চাষ। শুরুতে প্রত্যাশিত ফলন না পেলেও ধীরে ধীরে সফলতার মুখ দেখতে শুরু করেন তিনি।

প্রায় ৯ বিঘা জমিতে গড়ে তুলেছেন সমন্বিত ফলের বাগান। সেখানে রয়েছে মাল্টা, পেয়ারা ও বিভিন্ন ধরনের সবজি। এর মধ্যে দেড় বিঘা জমিতে চায়না থ্রি জাতের প্রায় ১০০টি কমলার গাছ রয়েছে। গত তিন বছর ধরে এসব গাছে ফলন হচ্ছে। চলতি মৌসুমে প্রতিটি গাছে ২৫ থেকে ৩০ কেজি পর্যন্ত কমলা ধরেছে। গাছের ডালে ডালে ঝুলছে ছোট আকৃতির টক-মিষ্টি স্বাদের পাকা কমলা। ভালো ফলন হওয়ায় নতুন করে আরও কমলার চারা রোপণ করেছেন রাসেল।

বাগানের উৎপাদিত কমলা স্থানীয় বাজারে প্রতি কেজি ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। গাছপাকা ও তাজা কমলা কিনতে বাগানেই ছুটে আসছেন ক্রেতারা। উৎপাদিত অধিকাংশ কমলা শিবচরের স্থানীয় বাজারেই বিক্রি হয়ে যাচ্ছে। পাশাপাশি অনলাইনেও বিক্রি করছেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বাগানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় দর্শনার্থীদের আগ্রহ বাড়ছে। প্রতিদিন বিকেলে বাগানে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ পরিবার নিয়ে ঘুরতে আসছেন, কেউ গাছ থেকে কমলা পেড়ে কিনছেন, আবার কেউ বাগানের সৌন্দর্য ক্যামেরাবন্দি করছেন। শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের কাছে বাগানটি হয়ে উঠেছে আকর্ষণীয় একটি স্থান।

স্থানীয় বাসিন্দা আব্দুল রহমান বলেন, আগে এ এলাকায় এমন কমলার বাগান খুব একটা দেখা যেত না। রাসেল নিজের উদ্যোগ ও পরিশ্রমে বাগান গড়ে তুলে এলাকায় নতুন সম্ভাবনার সৃষ্টি করেছেন। গাছে গাছে পাকা কমলা দেখতে এখন দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন। তাঁর এ উদ্যোগ দেখে এলাকার অনেকেই কৃষিকাজে নতুন করে আগ্রহী হচ্ছেন। সরকারি সহযোগিতা পেলে এ ধরনের বাগান আরও গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিবারের সদস্যদের নিয়ে বাগান ঘুরতে আসা মইনা খাতুন বলেন, গাছে গাছে পাকা কমলা ঝুলতে দেখে খুবই ভালো লেগেছে। সাধারণত বাজার থেকে কমলা কিনে খাই, কিন্তু সরাসরি গাছ থেকে পেড়ে তাজা কমলা খাওয়ার আনন্দই আলাদা। বাগানের পরিবেশও বেশ সুন্দর। পরিবারের সবাই মিলে ঘুরে সময় কাটাতে পেরে ভালো লাগছে। এমন একটি সুন্দর বাগান গড়ে তোলার জন্য উদ্যোক্তা রাসেলকে ধন্যবাদ জানান তিনি।

উদ্যোক্তা রাসেল হোসেন বলেন, বাগান গড়ে তুলতে শুরুতে বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়েছে। এরপর নিয়মিত পরিচর্যা, সার ও ওষুধের পেছনেও খরচ রয়েছে। তবে ভালো ফলন ও ক্রেতাদের সাড়া তাঁকে উৎসাহিত করছে। স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও কমলা বিক্রি করছেন তিনি। সরকারি পৃষ্ঠপোষকতা ও কৃষি বিভাগের সহযোগিতা পেলে বাগানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁর।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান বলেন, বাগানটিতে দেড় বিঘা জমিতে কমলার চাষ হচ্ছে এবং ফলনও বেশ ভালো। উদ্যোক্তা চাইলে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।

কৃষি সংশ্লিষ্টদের মতে, দেশের মাটিতে কমলার মতো ফলের চাষ সম্প্রসারণের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ রয়েছে। রাসেল হোসেনের উদ্যোগ সেই সম্ভাবনারই একটি উদাহরণ। তাঁর প্রত্যাশা, পরিকল্পিত পরিচর্যা ও সরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে কমলার উৎপাদন আরও বাড়বে। একই সঙ্গে তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ, সমৃদ্ধ হবে স্থানীয় কৃষি অর্থনীতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন কৃষিমন্ত্রীকে ধর্মীয় বার্তা পাঠানো বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


মার্কিন কৃষিমন্ত্রীকে ধর্মীয় বার্তা পাঠানো বন্ধের নির্দেশ

যুক্তরাষ্ট্রের কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্সকে নির্দেশনা দিয়েছেন দেশটির এক বিচারক, সরকারি ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে কর্মীদের কাছে ধর্মীয় বার্তা পাঠানো বন্ধ করতে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার জারি করা আদেশে বিচারক বলেন, ধর্মীয় বার্তা পাঠানোর ক্ষেত্রে মন্ত্রীকে নির্দিষ্ট সীমারেখা মেনে চলতে হবে। কারণ, তার বার্তার ভাষা থেকে প্রতীয়মান হয়েছে যে, ইমেইল পাওয়া কর্মীরা তার খ্রিষ্টীয় বিশ্বাসে বিশ্বাসী।

বৃহস্পতিবারের আদেশে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক ট্রিনা থম্পসন মন্তব্য করেন, ‘ধর্মীয় বার্তা দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীকে অবশ্যই কিছু সীমারেখা মেনে চলতে হবে।’ রোলিন্স একজন ধর্মপ্রাণ খ্রিষ্টান। তিনি প্রায়শই সরকারি ইমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ধর্মীয় বিশ্বাসের কথা জানিয়ে বার্তা দেন। এ নিয়ে ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা কয়েকটি সংগঠন ও সরকারি কর্মীরা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ধর্ম ও রাষ্ট্রকে আলাদা রাখার পক্ষে থাকা অধিকারকর্মীদের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এমন কিছু কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন, যা সরকার ও ধর্মের মধ্যে সীমারেখা অস্পষ্ট করে তুলছে। এসব কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গেও সঙ্গতিপূর্ণ নয়। পেন্টাগনের প্রধান পিট হেগসেথও তার দৈনন্দিন কাজের অংশ হিসেবে পেন্টাগনে নিজের খ্রিষ্টীয় বিশ্বাস নিয়ে কথা বলেন। অন্যদিকে, ধর্ম ও রাজনীতি নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পক্ষে সমর্থকদের একত্রিত করতে ট্রাম্প খ্রিষ্টীয় ধর্মীয় বক্তব্য ব্যবহার করেছেন।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানিয়েছে, আদালতের আদেশের বিরুদ্ধে দ্রুত আপিল করার পাশাপাশি অন্যান্য পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনায় রয়েছে। বিভাগটি এই আদেশকে ‘মন্ত্রিসভার একজন সদস্যের মুখ বন্ধ করার সম্পূর্ণ নজিরবিহীন চেষ্টা’ হিসেবে উল্লেখ করেছে। আদালতে কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, রোলিন্সের ইমেইল কর্মীদের ওপর কোনো চাপ সৃষ্টি করেনি। তিনি শুধু বিভিন্ন ধর্মীয় উৎসব সম্পর্কে নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। কাউকে কোনো ধর্মীয় আচার পালন করতে বা তার বিশ্বাস মেনে নিতে বাধ্য করেননি।

বৃহস্পতিবারের আদেশে বিচারক বলেন, ‘মন্ত্রী ব্যক্তিগত জীবনে কী করতে পারবেন বা পারবেন না, সে বিষয়ে আদালত কোনো মতামত দিচ্ছে না।’ মামলাকারীদের অভিযোগ, রোলিন্সের বার্তায় তার মতো খ্রিষ্টীয় বিশ্বাসের কর্মীদের প্রতি বেশি গুরুত্ব দেওয়ার ইঙ্গিত ছিল। এতে অন্য ধর্মের কর্মীরা নিজেদের বিচ্ছিন্ন মনে করতেন। তারা নিজেদের ধর্মীয় বিশ্বাস গোপন করতে বা মন্ত্রীর বিশ্বাসের সঙ্গে একমত বলে দেখাতে চাপ অনুভব করতেন। মামলার অভিযোগে আরো বলা হয়, এ বিষয়ে আপত্তি জানালে সমস্যায় পড়তে হবে বলে কর্মীদের সতর্ক করেছিলেন তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিচারক তার আদেশে উল্লেখ করেন, রোলিন্সের বার্তায় ‘আমরা’, ‘আমাদের’ ও ‘আমাদের সবার’ মতো শব্দ ব্যবহার করা হয়েছে। তিনি অন্য ধর্মের উৎসবের কথা উল্লেখ করেননি এবং কর্মীদের ভিন্ন ধর্মীয় বিশ্বাস থাকতে পারে, সেটিও স্বীকার করেননি। এসব বিষয় থেকে প্রতীয়মান হয় যে, কৃষি বিভাগের কর্মপরিবেশ এমন যে সবাইকে মন্ত্রীর ধর্মীয় বিশ্বাসের সঙ্গে একমত হতে হবে।

নাগরিক অধিকারকর্মীদের অভিযোগ, ট্রাম্প ও তার মিত্ররা নির্বাচনী প্রচারের সময় মুসলিম ও সোমালি বংশোদ্ভূত আমেরিকানসহ বিভিন্ন জনগোষ্ঠীর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। পাশাপাশি অভিবাসন ও বৈচিত্র্যবিষয়ক বিভিন্ন উদ্যোগের বিরুদ্ধেও ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ধর্মীয় পরিচয় নিয়ে করা এক জরিপের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের প্রায় ৬২ শতাংশ নিজেদের খ্রিষ্টান বলে পরিচয় দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসী সুমন সিঙ্গাপুরের মালিককে নিয়ে আসলেন স্বপ্নের তিনতলা বাড়ি দেখাতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


প্রবাসী সুমন সিঙ্গাপুরের মালিককে নিয়ে আসলেন স্বপ্নের তিনতলা বাড়ি দেখাতে

সিঙ্গাপুরে ১৪ বছর ধরে কাজ করার পর, দেশে তিনি স্বপ্নের বাড়ি গড়ে তুলেছেন। এবার, সেই বাড়িটি দেখাতে প্রবাসী বাংলাদেশি সুমন তার সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে বাংলাদেশে নিয়ে আসেন। নিয়োগকর্তা তিনতলা বাড়িটি ঘুরে দেখে প্রশংসা করেন।

সুমন সিঙ্গাপুরে নির্মাণ খাতে কাজ করেন। দীর্ঘ প্রবাসী জীবনে সঞ্চিত অর্থ দিয়ে কুমিল্লায় প্রায় ২ হাজার ৫০০ বর্গফুটের একটি বাড়ি নির্মাণ করেছেন। এই বাড়িটির নাম ‘হোসেন ভিলা’। নির্মাণে তার খরচ হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা।

সম্প্রতি, বাড়িটির একটি ভিডিও ফেসবুক পেজ ‘আল আমিন গ্রামীণ ব্লগ’-এ প্রকাশিত হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এতে দেখা যায়, সুমন নিজেই তার বাড়ির বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাচ্ছেন সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে।

বাড়িটির প্রবেশপথে বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুরের পতাকাও রাখা হয়েছে। তিনতলা বাড়িতে পাঁচটি শয়নকক্ষ, সাজানো বাগান এবং নান্দনিক নকশার প্যাঁচানো সিঁড়ি রয়েছে। সুমন ভিডিওতে জানান, সিঙ্গাপুরে বিভিন্ন অভ্যন্তরীণ নির্মাণ প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থেকেই বাড়িটির নকশায় কিছুটা সিঙ্গাপুরের ছোঁয়া রেখেছেন।

বাড়িটি ঘুরে দেখে সুমনের সাফল্যে নিয়োগকর্তা তাকে অভিনন্দন জানান। তিনি সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শও দেন। পরিবারের সবাইকে একসঙ্গে রাখার মতো একটি বাড়ি তৈরি করতে পারায় সুমনের প্রশংসা করেন নিয়োগকর্তা।

ভিডিওতে সুমন জানান, বাড়ি নির্মাণের পরও তিনি সিঙ্গাপুরে কর্মরত রয়েছেন। তার এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনন্দন জানিয়েছেন।

প্রবাসে দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ এবং সঞ্চয়ের মাধ্যমে স্বপ্ন পূরণের এক উদাহরণ হয়ে উঠেছে সুমনের এই বাড়ি। সূত্র: এশিয়াওয়ান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ডায়েটোম’: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বোঝার নতুন ধারণা ও গবেষণার ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


‘ডায়েটোম’: স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বোঝার নতুন ধারণা ও গবেষণার ফলাফল

॥ মলয় কুমার দত্ত ॥

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : মানবদেহে খাবারের প্রভাব বোঝার জন্য নতুন বৈজ্ঞানিক ধারণা ‘ডায়েটোম’ একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে। এই ধারণা অনুসারে, স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের বিষয়টি কেবল ক্যালরি বা পুষ্টি উপাদানের হিসাবের মধ্যে সীমাবদ্ধ নয়।

ডায়েটোম ধারণায় খাবারকে পুষ্টি উপাদান, প্রাকৃতিক যৌগ, খাদ্যের গঠন ও ঘনত্ব, স্বাদ এবং রান্নার পদ্ধতির সমন্বিত রূপ হিসেবে দেখা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো কিভাবে হজম প্রক্রিয়া, অন্ত্রের অণুজীব এবং শরীরের বিভিন্ন কার্যক্রমকে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করা হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আমেরিকান সোসাইটি ফর নিউট্রিশনের (এএসএন) শতবর্ষী ও মর্যাদাপূর্ণ প্রধান সাময়িকী দ্য জার্নাল অব নিউট্রিশন-এ প্রকাশিত একটি গবেষণায় ডায়েটোম ধারণাটিকে ব্যক্তিভিত্তিক পুষ্টি পরিকল্পনা তৈরির সম্ভাব্য কাঠামো হিসেবে তুলে ধরা হয়েছে।

গবেষণায় ‘ইনফরমেশনাল নিউট্রিশন ফ্রেমওয়ার্ক’ (আইএনএফ) নামে একটি পদ্ধতির প্রস্তাবও দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে খাবার মানবদেহে কিভাবে প্রভাব ফেলে, তা পাঁচটি ধাপে ব্যাখ্যা করা হয়েছে। ধাপগুলো হলো—খাদ্যের গঠন, শরীরের ভেতরে খাদ্যের চলাচল, শরীরের খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্যের প্রতি কোষের প্রতিক্রিয়া এবং অতীতে খাদ্য গ্রহণের অভিজ্ঞতা ভবিষ্যতে শরীরের প্রতিক্রিয়াকে কিভাবে প্রভাবিত করতে পারে।

সহজভাবে বললে, পুষ্টিগুণ প্রায় একই হলেও দুটি খাবার মানুষের শরীরে ভিন্ন প্রভাব ফেলতে পারে। এর কারণ হতে পারে খাবারের গঠন, রান্নার পদ্ধতি, হজম প্রক্রিয়া, অন্ত্রের ব্যাকটেরিয়া এবং ব্যক্তির শারীরিক অবস্থা।

গবেষণায় অন্ত্রের অণুজীবের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই অণুজীব খাদ্যের এমন কিছু উপাদান ভেঙে ফেলতে সহায়তা করে, যা মানবদেহ নিজে হজম করতে পারে না। এই প্রক্রিয়ায় তারা বিউটিরেট ও প্রোপিওনেটের মতো উপাদান তৈরি করে, যা অন্ত্রের স্বাস্থ্য এবং শরীরের অন্যান্য কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

এই ধারণার মাধ্যমে গবেষকেরা শুধুমাত্র পৃথক পুষ্টি উপাদান নয়, বরং সম্পূর্ণ খাবারের সমন্বিত প্রভাব নিয়ে গবেষণা করতে সক্ষম হবেন। উদাহরণস্বরূপ, ওটস বা অন্যান্য পূর্ণ শস্য, ডাল, শাকসবজি এবং গাঁজন করা খাবারের সমন্বয়ে তৈরি একটি খাবারের পুষ্টিগুণ, গঠন, হজম প্রক্রিয়া, রক্তে শর্করার ওপর প্রভাব এবং দীর্ঘ সময় পেট ভরা রাখার সক্ষমতা একসঙ্গে বিশ্লেষণ করা সম্ভব।

পুষ্টিবিষয়ক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাব্য ব্যবহারের কথাও এই কাঠামোয় তুলে ধরা হয়েছে। কম্পিউটারভিত্তিক মডেলের মাধ্যমে বিভিন্ন খাবার ও খাবারের সমন্বয় মানবদেহে কী ধরনের প্রভাব ফেলে, তা বিশ্লেষণ করা এবং ব্যক্তির প্রয়োজন অনুযায়ী উপযুক্ত খাদ্যাভ্যাস চিহ্নিত করা সম্ভব হতে পারে।

গবেষণাটি পরিচালনা করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া।

এ ধারণা সম্পর্কে ড. ভূঁইয়া মন্তব্য করেন, খাদ্য ও মানবদেহের জীববিজ্ঞানের মধ্যকার সম্পর্ক বোঝার ক্ষেত্রে এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। ভবিষ্যতে ব্যক্তিভিত্তিক পুষ্টি পরিকল্পনা এবং অধিক স্বাস্থ্যকর খাবার উদ্ভাবনে এটি গবেষণাকে সহায়তা করতে পারে।

তবে ডায়েটোম কাঠামোটি এখনো বিকাশমান একটি ধারণা এবং এর কার্যকারিতা যাচাইয়ের জন্য আরও বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন। খাদ্যের বিভিন্ন উপাদান এবং দীর্ঘমেয়াদি জৈবিক প্রভাবের মধ্যে প্রস্তাবিত কিছু সম্পর্ক এখনো মানুষের ক্ষেত্রে পুরোপুরি প্রমাণিত হয়নি।

এই কাঠামো কতটা নির্ভুলভাবে মানুষের স্বাস্থ্যগত প্রতিক্রিয়া অনুমান করতে পারে এবং বাস্তবে কতটা কার্যকর সুবিধা দিতে পারে, তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

গবেষণায় আরও বলা হয়েছে, স্বাস্থ্যকর খাবার হতে হবে সাশ্রয়ী, সহজলভ্য, সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য এবং পরিবেশগতভাবে টেকসই।

সামগ্রিকভাবে, ডায়েটোম ধারণা বিজ্ঞানীদের খাবারকে বিচ্ছিন্ন পুষ্টি উপাদান হিসেবে না দেখে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসেবে বিবেচনা করতে উৎসাহিত করে। একই সঙ্গে মানুষ যা খায়, তার সঙ্গে মানবদেহের পারস্পরিক সম্পর্ক কীভাবে কাজ করে, তা গভীরভাবে বোঝার নতুন পথ উন্মোচন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%