ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’, মসজিদে শিশুদের ভিড়


২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’, মসজিদে শিশুদের ভিড়

ফজরের নামাজের সময় মসজিদে শিশু-কিশোরদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তারা দলবেঁধে মসজিদে যাচ্ছে এবং নামাজ শেষে একসঙ্গে সময় কাটাচ্ছে। এই দৃশ্য বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। আলজেরিয়া থেকে শুরু হওয়া ‘রিজালুল ফজর’ বা ‘মেন অব ফজর’ নামের একটি ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে ২০টিরও বেশি দেশ ও অঞ্চলে আলোচনা সৃষ্টি করেছে।

শিশু-কিশোরদের জামাতে ফজরের নামাজ আদায়ে উৎসাহিত করা এবং ছোটবেলা থেকেই মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশের মসজিদে শিশুদের উপস্থিতির ছবি ও ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে।

আলজেরিয়ার সেতিফ প্রদেশের আইন আল-কবিরা এলাকায় এই উদ্যোগের অন্যতম সূচনা ঘটেছে। কোরআন শিক্ষক ওমর ইসাউই প্রায় চার বছর আগে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে ফজরের নামাজ মসজিদে আদায়ের অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেন। শুরুতে অল্প কয়েকজন শিশুকে নিয়ে কার্যক্রমটি শুরু হলেও ধীরে ধীরে তা জনপ্রিয়তা অর্জন করে। নামাজ শেষে শিশুদের নাশতার ব্যবস্থা, নিয়মিত উপস্থিতির স্বীকৃতি এবং বিভিন্ন পুরস্কারের মাধ্যমে তাদের উৎসাহিত করা হয়।

আরও পড়ুন: তাইওয়ানে নির্বাচনি সাফল্যের পরও পুনরেকত্রীকরণে অটল চীন

আলজেরিয়ায় উদ্যোগটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশে একই ধরনের কর্মসূচি শুরু হয়েছে। জর্ডানে এটি ‘নিশামা আল ফজর’, মরক্কোতে ‘ফুরসান আল ফজর’ এবং মিসরে ‘রিজালাতুল ফজর’ বা ‘রিজালা আল ফজর’ নামে পরিচিতি পেয়েছে। দেশভেদে নাম ও আয়োজনের ধরন আলাদা হলেও উদ্দেশ্য প্রায় একই।

আলজেরিয়া, জর্ডান, মরক্কো, মিসর, কুয়েত, কাতার, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, বাহরাইন, ইয়েমেন, ওমান, সুদান, লিবিয়া, লেবানন, তুরস্ক, ভারত ও ইথিওপিয়াসহ ২০টিরও বেশি দেশ ও অঞ্চলে এই উদ্যোগের বিস্তার বা অনুরূপ কর্মসূচির খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও কানাডার মুসলিম কমিউনিটির কয়েকটি মসজিদেও এ ধরনের উদ্যোগ পৌঁছেছে। সম্প্রতি আলজাজিরার একটি প্রতিবেদনে দেশগুলোর বিস্তার ও স্থানীয় উদ্যোগগুলোর নাম তুলে ধরা হয়েছে।

কুয়েতেও উদ্যোগটি ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি দেশটির বায়ান এলাকার মোজা মুহাম্মদ সালেম মসজিদে ফজরের নামাজ আদায় করতে ৫০০-র বেশি মুসল্লি সমবেত হন। তাঁদের মধ্যে ছিলেন বিপুলসংখ্যক অভিভাবক ও শিশু। কুয়েত টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সমাজকর্মী ইউসুফ আল-ওমরান, যিনি ‘বু জাররাহ’ নামে পরিচিত, দেশটিতে উদ্যোগটি পরিচালনা করছেন। জামাতে ইমামতি করেন শেখ আহমদ আল-নাফিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমা এবং বিভিন্ন সামাজিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

এদিকে ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ বিন হামাদ আল-খলিলি শিশু-কিশোরদের ফজরের নামাজে মসজিদমুখী হওয়ার উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি এটিকে উম্মাহর জন্য কল্যাণের সুসংবাদ হিসেবে অভিহিত করেন। অভিভাবক, শিক্ষক ও আয়োজকদের প্রচেষ্টার প্রতিও তিনি প্রশংসা জানান। বিশ্ব মুসলিম উলামা সংঘও উদ্যোগটির প্রশংসা করে শিশুদের মসজিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এর ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরেছে।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প ও পরপর কয়েকটি আফটারশকে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের

তবে উদ্যোগটির বিস্তারের সঙ্গে সঙ্গে শিশুদের নিরাপত্তা, ভোরে মসজিদে যাতায়াত, পর্যাপ্ত ঘুম এবং পড়াশোনায় এর প্রভাব নিয়েও আলোচনা হচ্ছে। বিশেষজ্ঞ ও সমালোচকদের কেউ কেউ শিশুদের বয়স ও শারীরিক সক্ষমতা বিবেচনায় নিয়ে কর্মসূচি পরিচালনার পরামর্শ দিয়েছেন। অভিভাবকদের তত্ত্বাবধান নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইজারল্যান্ডে অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিলের জন্য গণভোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


সুইজারল্যান্ডে অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিলের জন্য গণভোট

সুইজারল্যান্ডে গণভোট আয়োজন করা হয়েছে অস্ত্র রপ্তানির বিধিনিষেধ শিথিল করার বিষয়ে, যা নিরস্ত্রতা নীতির সঙ্গে ইউরোপের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এই গণভোট রবিবার অনুষ্ঠিত হবে। দেশটির নাগরিকেরা এতে অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রস্তাবে ভোট প্রদান করবেন।

গত বছর সুইজারল্যান্ডের পার্লামেন্ট সরকার সমর্থনে আইনটি সংশোধনের অনুমোদন দেয়। সরকারের যুক্তি হলো, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে মৌলিকভাবে পরিবর্তন করেছে। এই কারণে সুইজারল্যান্ডের অস্ত্র রপ্তানি নীতিতে পরিবর্তন আনার প্রয়োজন দেখা দিয়েছে।

বামপন্থি রাজনৈতিক দল ও মানবিক সহায়তাকারী সংগঠনগুলো এই সংশোধনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের উদ্যোগেই গণভোটের আয়োজন করা হয়েছে। তাদের উদ্বেগ, প্রস্তাবিত সংস্কার কার্যকর হলে সুইজারল্যান্ডের নিরপেক্ষতার নীতি দুর্বল হতে পারে। একই সঙ্গে দেশটিতে তৈরি অস্ত্র বিভিন্ন সংঘাতে ব্যবহারের ঝুঁকিও বৃদ্ধি পাবে।

রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় (গ্রিনিচ মান সময় ৯টা) ভোটকেন্দ্রগুলো খোলা হয়। দুপুর ১২টায় (গ্রিনিচ মান সময় ১১টা) ভোট গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। এর পরপরই প্রাথমিক ফলাফল প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে। তবে অধিকাংশ ভোটার আগেই ডাকযোগে ভোট দিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর প্রকাশিত জনমত জরিপে আইন সংশোধনের পক্ষে থাকা ব্যক্তিরা সামান্য ব্যবধানে এগিয়ে ছিলেন।

যেসব পরিবর্তন আসতে পারে

যদি প্রস্তাবিত আইন কার্যকর হয়, তাহলে সুইজারল্যান্ড ৩৬টি নির্ধারিত অংশীদার দেশে সামরিক সরঞ্জাম রপ্তানি করতে পারবে। এসব দেশ সশস্ত্র সংঘাতে জড়িত থাকলেও রপ্তানির ক্ষেত্রে সুইজারল্যান্ডের নিরপেক্ষতার বাধ্যবাধকতা এবং পররাষ্ট্র ও নিরাপত্তানীতির স্বার্থ বজায় রাখতে হবে।

এই দেশগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলো, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপান অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া সুইজারল্যান্ডে তৈরি অস্ত্র কেনার পর অন্য কোনো দেশে পাঠানোর ক্ষেত্রে ক্রেতা দেশগুলোকে আর স্বয়ংক্রিয়ভাবে সুইজারল্যান্ডের অনুমতি নিতে হবে না। তবে এ বিষয়ে আগে থেকে করা বিদ্যমান অঙ্গীকারগুলো বহাল থাকবে।

সুইজারল্যান্ডের অর্থনৈতিক বিষয়ক স্টেট সেক্রেটারিয়েট জানিয়েছে, সব ধরনের অস্ত্র রপ্তানির ক্ষেত্রে সরকারের অনুমোদন নিতে হবে।

নিরপেক্ষতা নিয়ে বিতর্ক

আইন সংশোধনের সমর্থকরা যুক্তি দিচ্ছেন যে, বর্তমান বিধিনিষেধের কারণে সুইজারল্যান্ডের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। একই সঙ্গে আন্তর্জাতিক সামরিক সরবরাহব্যবস্থায় দেশটির প্রবেশাধিকারও হুমকির মুখে পড়ছে।

এ কারণে জার্মানি কয়েকটি প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তি থেকে সুইস কোম্পানিগুলোকে বাদ দিয়েছে। ডেনমার্ক ও নেদারল্যান্ডসও সুইজারল্যান্ডের কাছ থেকে অস্ত্র কেনার কিছু আদেশ স্থগিত করেছে।

এএফপির উদ্ধৃত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সুইজারল্যান্ডের অস্ত্র রপ্তানি ৪৩ শতাংশ বেড়ে ৯৪ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁতে দাঁড়াবে। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ১১৩ কোটি। দেশটির অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ছিল জার্মানি।

অন্যদিকে মানবিক সহায়তাকারী সংগঠন ও বামপন্থি রাজনীতিকেরা এই সংশোধনের বিরোধিতা করছেন। তাদের আশঙ্কা, অস্ত্র রপ্তানির নিয়ন্ত্রণ শিথিল হলে সুইজারল্যান্ডে তৈরি অস্ত্র সংঘাতপূর্ণ দেশে কিংবা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এমন রাষ্ট্রের হাতে পৌঁছানোর ঝুঁকি বাড়বে।

সুইজারল্যান্ডে নিরপেক্ষতা নিয়ে এ ধরনের বিতর্ক নতুন নয়। এর দুই মাস আগে সংবিধানে নিরপেক্ষতার আরো কঠোর ব্যাখ্যা অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আনা একটি পৃথক প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেন দেশটির নাগরিকেরা। ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিলেন ৭০ শতাংশের বেশি ভোটার।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ অস্ত্র রপ্তানি আইন সংশোধনের অন্যতম প্রধান কারণ হলেও সুইজারল্যান্ডের নিরপেক্ষতা আইন অনুযায়ী, ইউক্রেনে সরাসরি অস্ত্র রপ্তানির নিষেধাজ্ঞা বহাল থাকবে। তৃতীয় কোনো দেশের মাধ্যমে পরোক্ষভাবে অস্ত্র পাঠানোর ক্ষেত্রেও বিধিনিষেধ বজায় থাকবে।

রবিবার সুইজারল্যান্ডের নাগরিকেরা আরো তিনটি প্রস্তাবে ভোট দিচ্ছেন। এগুলো হলো পেনশন তহবিলের অর্থায়ন, আতশবাজি ব্যবহারে বিধিনিষেধ এবং বিবাহিত দম্পতিদের করব্যবস্থায় পরিবর্তন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনার বেতাগীতে মাদক সেবনের অভিযোগে ছাত্রলীগ-ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


বরগুনার বেতাগীতে মাদক সেবনের অভিযোগে ছাত্রলীগ-ছাত্রদলের ৪ নেতা গ্রেপ্তার

বরগুনার বেতাগীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও ছাত্রদলের চার নেতাকে একসঙ্গে মাদক সেবনের সময় গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার নেতা এবং দুজন ছাত্রদলের নেতা। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ছাড়াও একটি রামদা ও একটি চাবুক উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাজীব জোমাদ্দারের বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বেতাগী উপজেলা শাখার সভাপতি রুহুল আমিন সোহেল হাওলাদার এবং সংগঠনটির উপজেলা শাখার সদস্য মোনায়েম খান। অন্য দুজন হলেন—উপজেলা ছাত্রদলের সহসভাপতি নাঈম খান ও সাবেক সাধারণ সম্পাদক এবং বেতাগী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব জোমাদ্দার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর মোনায়েম খানকে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন সভা-সমাবেশে অংশ নিতে দেখা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় রাজীব জোমাদ্দারের বাসায় অভিযান চালানো হয়। এ সময় চারজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের আটক করে বাসায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মাদকদ্রব্য ছাড়াও একটি রামদা ও একটি চাবুক উদ্ধার করা হয়।

বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রকস্টার’-এর গান পছন্দ না হওয়ায় ৮ মাস পারিশ্রমিক পাননি এ আর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


‘রকস্টার’-এর গান পছন্দ না হওয়ায় ৮ মাস পারিশ্রমিক পাননি এ আর রহমান

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘রকস্টার’-এর সংগীত পরিচালনার জন্য প্রশংসা অর্জন করেছিলেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। কিন্তু সিনেমাটির গান নিয়ে প্রযোজকের আপত্তির কারণে তিনি মুক্তির পর টানা আট মাস পারিশ্রমিক পাননি। সম্প্রতি এক অনুষ্ঠানে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন রহমান।

দেহরাদুন সাহিত্য উৎসবে চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলীর সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন রহমান। সেখানে তিনি ‘রকস্টার’ সিনেমায় কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। রহমান জানিয়েছেন, সিনেমাটির প্রযোজক তার সংগীত পছন্দ করেননি, যার ফলে তাকে পারিশ্রমিক দেওয়া হয়নি প্রায় আট মাস। রহমানের কথায়, “প্রযোজক পুরো ‘রকস্টার’ সিনেমার জন্য আমাকে পারিশ্রমিক দেননি। তিনি বলেছিলেন, ‘আমার গান পছন্দ হয়নি।’”

এই সময়ের মধ্যে তিনি নিজের দলের সংগীতশিল্পীদের পারিশ্রমিক এবং যাতায়াতের খরচ নিজেই বহন করেছেন। এমনকি বিষয়টি পরিচালক ইমতিয়াজ আলীকেও জানাননি। রহমান বলেন, “এই সিনেমার জন্য যে আমি এক পয়সাও পাইনি, তা আলীকে বলিনি।”

সিনেমা মুক্তির আট মাস পর অবশেষে তিনি পারিশ্রমিকের চেক হাতে পান।

পারিশ্রমিক না পাওয়ার বিষয়টি জানতেন না ইমতিয়াজ

রহমানের পারিশ্রমিক আটকে থাকার বিষয়টি জানতেন না পরিচালক ইমতিয়াজ আলী। বরং শুরুতে রহমান সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছেন কি না, তা নিয়েই তিনি সংশয়ে ছিলেন। ইমতিয়াজের ধারণা হয়েছিল, রহমান হয়তো সরাসরি না বলতে পারছেন না। কারণ, এরই মধ্যে সিনেমাটির দুটি গানে কাজ করেছিলেন রহমান এবং আরো তিনটি গানের ভাবনা তৈরি করেছিলেন।

পরে দিল্লির হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরগাহে সিনেমার শুটিংয়ের স্থান দেখতে গিয়ে বিষয়টি পরিষ্কার হয়। ‘রকস্টার’ সিনেমায় এই দরগাহের দৃশ্য ছিল। সেখানে রহমানের একটি গান তৈরির খবর শুনে ইমতিয়াজ নিশ্চিত হন, সংগীত পরিচালক সিনেমাটিতে কাজ করছেন। পরে রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সিনেমাটির জন্য ইতিমধ্যে তিনটি গান তৈরি করেছেন।

‘রকস্টার’-এর জনপ্রিয় গান

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমার সংগীত পরিচালনা করেন এ আর রহমান। সিনেমাটির ‘সাড্ডা হাক’, ‘কুন ফায়া কুন’, ‘নাদান পারিন্দে’, ‘তুম হো’, ‘জো ভি ম্যায়’ ও ‘ফির সে উড় চলা’ গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। সময়ের সঙ্গে গানগুলো শ্রোতাদের কাছে এখনো সমানভাবে পরিচিত।

ইমতিয়াজ আলীর সঙ্গে পরে ‘হাইওয়ে’, ‘তামাশা’ ও ‘আমার সিং চামকিলা’ সিনেমাতেও কাজ করেছেন রহমান। তাদের নতুন কাজ ‘ম্যায় ভাপাস আউঙ্গা’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবে চলছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


রিজভী: দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবে চলছে

দেশে কোনো লকডাউন নেই এবং সবকিছু স্বাভাবিকভাবেই চলছে, এই মন্তব্যটি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। তিনি উল্লেখ করেছেন, ‘কোনো বেআইনি বা সন্ত্রাসী সংগঠনের কথা বলে লকডাউনের প্রশ্ন তোলা অত্যন্ত দুঃখজনক। সন্ত্রাসীদের কোনো কার্যক্রমকে আমরা রাজনৈতিক কর্মসূচি বলে মনে করি না।’

রবিবার (২৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘পরাজিত একটি শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে প্রতিনিয়ত কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ, পেট্রল নিক্ষেপ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।’

আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বেআইনি অস্ত্র নিয়ে যারা বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে এবং মানুষের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যাংকে আগুন দিচ্ছে, তাদের আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর ও সক্রিয় হতে হবে। তাদের এই নিষ্ক্রিয়তা নিয়ে আজ সবার মনে প্রশ্ন উঠেছে।

তিনি আরো সতর্ক করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর না থাকলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%