শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০৩:২৯ পি.এম
বাংলাদেশের ব্যাটারদের জন্য জোমেল ওয়ারিক্যানকে সামলানো প্রথম ইনিংসে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় ইনিংসে সেই ভুলভ্রান্তি সংশোধন করতে পারছে না স্বাগতিক দল।
এখন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজের ঘূর্ণি মোকাবেলা করতে বাংলাদেশের ব্যাটাররা হিমশিম খাচ্ছেন। ১৩ ওভারে ৩৪ রান সংগ্রহের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলেছে তারা।
প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে বাংলাদেশ ভালো অবস্থানে নেই। দুই ইনিংস মিলিয়ে তাদের লিড মাত্র ৬১ রান। মিরপুরে বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। ফলে দুই দল আগেভাগেই চা বিরতিতে চলে গেছে।
দারুণ ব্যাটিং করা (৪৩*) চেজ এখন বাংলাদেশের জন্য বোলিংয়ের দিক থেকেও মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন। তার বোলিংয়ে চার উইকেটের তিনটি তিনি নিয়েছেন, অন্যটি শামার জোসেফের।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করা সাদমান ইসলাম ১৩ রানে আউট হয়েছেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেছেন ১০ রান। তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় রানের খাতাই খুলতে পারেননি।
লিটন ৪ রানে এবং জাকের আলী ১ রানে অপরাজিত আছেন। ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পাওয়ার কারণে মুমিনুল হক এই টেস্ট থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে জাকের খেলছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘হাঙ্গার গেমস’ সিনেমার ভক্তদের জন্য একটি আনন্দদায়ক খবর এসেছে। ক্যাটনিস এভারডিন চরিত্রে আবারও পর্দায় উপস্থিত হচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। এর পাশাপাশি, তার পুরোনো সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গেও পুনর্মিলন ঘটছে। নতুন সিনেমা ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’-এ তাদের দেখা যাবে।
বুধবার (২৮ অক্টোবর) অ্যালেক্স কুপারের পডকাস্ট ‘কল হার ড্যাডি’-তে অতিথি হিসেবে এসে বিষয়টি নিশ্চিত করেন জেনিফার লরেন্স। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘মকিংজে পার্ট টু’-এর পর এই প্রথমবারের মতো একসঙ্গে শুটিং করছেন তিন অভিনেতা।
নতুন সিনেমায় ফিরে আসার অভিজ্ঞতাকে তিনি অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন। লরেন্স জানান, শুটিংয়ে ফিরে গিয়ে তিনি পুরোনো কলাকুশলীদের আবার দেখতে পেয়েছেন। একই ক্যামেরা টিম, একই সহকারী পরিচালক—সব মিলিয়ে পুরোনো দিনের স্মৃতি তার মনে ফিরে এসেছে। সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে পুনর্মিলনকে তিনি একটি সুন্দর অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে ক্যাটনিস চরিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন লরেন্স। তবে এবার তিনি সরাসরি বিষয়টি নিশ্চিত করেছেন।
সুজান কলিন্সের ২০২৫ সালের একই নামের উপন্যাস অবলম্বনে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমার গল্প মূল ট্রিলজির ২৪ বছর আগের ঘটনাকে কেন্দ্র করে। এতে ১৬ বছর বয়সী হেইমিচ অ্যাবারনাথির ৫০তম হাঙ্গার গেমসে অংশ নেওয়ার কাহিনি তুলে ধরা হবে। সিনেমার মূল গল্পে ক্যাটনিসের উপস্থিতি নেই। তবে বইয়ের শেষের বর্তমান সময়ের অংশে বয়স্ক হেইমিচকে ক্যাটনিস ও পিটা মেলার্কের সঙ্গে কথা বলতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সেই অংশেই ফিরবেন লরেন্স ও হাচারসন। সিনেমায় হেইমিচের তরুণ বয়সের চরিত্রে অভিনয় করছেন জোসেফ জাদা।
ফ্রান্সিস লরেন্স পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বিলি রে। এতে আরো অভিনয় করেছেন র্যালফ ফাইনস, জেসি প্লেমনস, এল ফ্যানিং, ম্যাকেনা গ্রেস, হুইটনি পিক, কেলভিন হ্যারিসন জুনিয়র, মায়া হক, বিলি পোর্টার, গ্লেন ক্লোজ ও কিয়েরান কালকিন। সিনেমাটির মুক্তির তারিখ আগামী ২০ নভেম্বর নির্ধারিত হয়েছে।
পডকাস্টে অভিনয়ের পাশাপাশি শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিয়েও আলোচনা করেছেন জেনিফার লরেন্স। নাম প্রকাশ না করা একটি সিনেমার শুটিংয়ে নগ্ন দৃশ্য ধারণের সময় অনুমোদনহীন কয়েকজন কলাকুশলীর উপস্থিতি নিয়ে তিনি আপত্তি জানান। তার মতে, সেটে নিরাপত্তা ও সম্মতির নিয়ম মানা অত্যন্ত জরুরি। বিশেষ করে নতুন ও অনভিজ্ঞ অভিনয়শিল্পীদের সুরক্ষায় এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী মন্তব্য করেছেন, বর্তমান বিশ্বে 'জোর যার মুল্লুক তার' এই নীতিটি ক্রমশ বাস্তবায়িত হচ্ছে। পৃথিবীর দিকে তাকালে এর উদাহরণ স্পষ্টভাবে দেখা যায়। তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করতে চাননি এবং শালীনতার খাতিরে তা থেকে বিরত থাকছেন। তবে প্রধান বিচারপতি মনে করেন, মানবতা ও মানবাধিকার আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 'সামসময়িক বিশ্বে সার্বভৌমত্ব, মানবতা ও আইন' শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
প্রধান বিচারপতি আরও বলেন, বর্তমান বিশ্বে মানুষের জীবন সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া যায় এমন পণ্য বা সম্পদ। তিনি এই মতের প্রতি অটল রয়েছেন এবং এর অসংখ্য উদাহরণ রয়েছে। তথ্যসূত্র বা উদ্ধৃতি দেওয়ার প্রয়োজন নেই, চারপাশে তাকালেই তা দেখা যায়।
তিনি উল্লেখ করেন, বাঘের অধিকার, কচ্ছপের অধিকার, শিশুদের অধিকার, শ্রমের অধিকার এবং শ্রমিকদের অধিকার—এইভাবে আমরা অধিকারের বিভিন্ন শ্রেণিবিভাগ করে থাকি। কিন্তু মানবাধিকার তো মানবাধিকারই। অধিকারের বিভিন্ন বিষয় নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে, অধিকারের আগে থাকা ‘মানব’ শব্দটিই যেন ভুলে গেছি।
প্রধান বিচারপতি আরও বলেন, "আমরা কি এমন একটি দিনের কথা বলতে পারি, যেদিন কোনো একটি দেশ, এমনকি কোনো একটি শহরেও একজন নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেনি? এমন কোনো দিনের কথা কি আপনার মনে পড়ে? আমার তো পড়ে না। তবে আমার মতের সংশোধন হলে আমি তা গ্রহণ করতে প্রস্তুত।"
আন্তর্জাতিক এই সম্মেলনে দেশের বাহিরে থেকে আগত গবেষক ও শিক্ষাবিদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাঈদা আঞ্জু বলেন, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, দক্ষিণ সুদান, নামিবিয়া, গ্রিসসহ বিভিন্ন দেশ থেকে গবেষক ও শিক্ষাবিদদের অভাবনীয় সাড়া আমাদের সম্মেলনকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। জমা পড়া অসংখ্য গবেষণাপত্রের সারসংক্ষেপ থেকে মৌলিকত্ব ও একাডেমিক মানদণ্ডের ভিত্তিতে উপযুক্ত গবেষণাপত্র নির্বাচন করায় Abstract Selection Committee-কে আন্তরিক ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি দেশ-বিদেশ থেকে আগত সম্মানিত সেশন চেয়ার ও প্যানেল আলোচকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবান মতামত এই সম্মেলনের গবেষণামূলক আলোচনা ও একাডেমিক উৎকর্ষকে আরও সমৃদ্ধ করবে।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, ন্যায়বিচার ও মানবাধিকারের ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলো আমাদের জন্য নতুন উদ্বেগের সৃষ্টি করছে। এমন একটি জটিল বৈশ্বিক পরিস্থিতিতে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, মানবতা ও আইনের মধ্যকার সম্পর্ক নতুন করে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সার্বভৌমত্ব আন্তর্জাতিক সম্পর্কের একটি মৌলিক নীতি। তবে সার্বভৌমত্বের পাশাপাশি মানবিক মর্যাদা রক্ষা, মৌলিক অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের সম্মিলিত দায়িত্বও যথাযথভাবে পালন করতে হবে।
উপাচার্য আরও বলেন, আইনের শাসন কেবল রাষ্ট্র পরিচালনার একটি মাধ্যম হিসেবেই কাজ করবে না; বরং অন্যায়, বৈষম্য এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সুরক্ষাকবচ হিসেবেও ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, বেসরকারি বাহিনী, অভিবাসন এবং আন্তর্জাতিক সংঘাতের মতো বিষয়গুলো বিশ্বজুড়ে নতুন নতুন আইনি ও নৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজন উদ্ভাবনী আইনি চিন্তাভাবনা, আন্তবিষয়ক গবেষণা এবং আরও শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতা।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, দেশ ও দেশের বাইরের গবেষক ও শিক্ষাবিদসহ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেকে লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাক্ষাৎ করে এবং এটির কার্যক্রম পরিদর্শন করে সেবার পরিধি আরও সম্প্রসারণের জন্য পরামর্শ প্রদান করেন মি. এ জয়া প্রকাশ।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, অভিজ্ঞ এস্থেটিক সার্জন এবং এজ(বয়স) ম্যানেজমেন্ট কনসালট্যান্ট মি. এ জয়া প্রকাশ (Mr. A Jeya Prakash) বুধবার (২৮ অক্টোবর) জেকে লাইফস্টাইলের কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় তিনি ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেকে লাইফস্টাইলের সমন্বিত স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসক ও পুষ্টিবিদদের লাইফস্টাইল কনসাল্টেন্সি, অত্যাধুনিক ল্যাবরেটরিতে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনকে কেন্দ্র করে পরিচালিত কার্যক্রম সম্পর্কে অবগত হন।
মি. এ জয়া প্রকাশ দীর্ঘদিন ধরে এস্থেটিক সার্জারি ও এজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন। তার বর্ণিল ক্যারিয়ারে প্রাধান্য পাওয়া বিষয়গুলো হচ্ছে- স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখা, বয়স বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলো যথাযথভাবে মোকাবিলা করা এবং চিকিৎসার ফলাফল সম্পর্কে বাস্তবসম্মত প্রত্যাশা তৈরি করা।
তিনি তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির আলোকে জেকে লাইফস্টাইলের সমন্বিত স্বাস্থ্যসেবা উদ্যোগ সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শনকালে মি. এ জয়া আল্টিমেট অর্গানিক লাইফের অর্গানিক ফুড, জেকে ফুড অ্যারেনার স্বাস্থ্যসম্মত খাবার ও খাদ্যাভ্যাসবিষয়ক উদ্যোগ এবং জেকে ফিটনেস অ্যারেনার ফিটনেস কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত ধারণা লাভ করেন।
মি. এ জয়া প্রকাশ জেকে লাইফস্টাইলের বিভিন্ন সেবামূলক কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। একইসঙ্গে মানুষের কল্যাণে এসব উদ্যোগের পরিধি সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আরও বেশি মানুষের কাছে সমন্বিত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।
জেকে লাইফস্টাইলের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা এবং মানুষের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রোজা বা অটোফেজি, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তির গুরুত্ব তুলে ধরা। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি পুষ্টি পরামর্শ, চিকিৎসকের নির্দেশনা, স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাবার এবং ফিটনেস কার্যক্রমকে সমন্বিতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারত থেকে আমদানি করা চট্টগ্রাম ও ঢাকার সরকারি গুদামে রাখা চালের নমুনায় সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান ‘আফলাটক্সিন’-এর উপস্থিতি শনাক্ত হয়েছে। খাদ্য অধিদপ্তর ওই চালানের বাকি ৯ হাজার ৫০০ টন চালের বিতরণ সাময়িকভাবে স্থগিত করেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাজী শিরীন আক্তার জাহান গণমাধ্যমটিকে বলেন, ‘দীর্ঘদিন ধরে সংরক্ষিত চালে আফলাটক্সিন তৈরি হতে পারে। নমুনায় যা শনাক্ত হয়েছে, তার মাত্রা সহনীয় পর্যায়েই রয়েছে।’
তিনি সতর্ক করে বলেন, সহনীয় মাত্রা অতিক্রম করলে আফলাটক্সিন স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। গত ১৭ আগস্ট চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাট সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) চালের স্তূপ থেকে তিন সদস্যের একটি ব্রি প্রতিনিধিদল নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় হালিশহর এবং ঢাকার একটি সরকারি গুদামের চালের নমুনায় এই বিষাক্ত উপাদানের উপস্থিতি মেলে। এর পর খাদ্য অধিদপ্তর ওই চালান থেকে গ্রহণ করা পুরো ৯ হাজার ৫০০ টন চালের বিতরণ স্থগিত করে।
হালিশহর সিএসডির ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, খাদ্য কর্মকর্তারা এই লটের চাল দুবার পরীক্ষা করেছেন এবং ডিপো কর্তৃপক্ষকে চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন; তবে পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল এখনো ডিপোতে পৌঁছায়নি। চট্টগ্রাম খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক রেজওয়ান সাকিবও চাল বিতরণ বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক পরীক্ষায় ছাড়পত্র পায় চালান
টিবিএসের প্রতিবেদনের তথ্য মতে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতি টন ৩৫৩ দশমিক ১১ ডলার দরে ৫০ হাজার টন চাল আমদানির চুক্তির অংশ হিসেবে এই চাল সরবরাহ করেছিল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল’। এর মধ্যে প্রায় ১০ হাজার ৮৭৮ টন ওজনের চূড়ান্ত চালানটি নিয়ে ‘এমভি এইচটি পাইওনিয়ার’ জাহাজটি গত ২১ জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। পরদিন খাদ্য কর্মকর্তাদের উপস্থিতিতে নমুনা সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষার জন্য পাঠানো হয়।
প্রাথমিক প্রতিবেদনে চাল মানুষের খাওয়ার উপযোগী বলে ঘোষণা করা হয় এবং কর্তৃপক্ষ ২৪ ও ২৫ জুলাই চালানের খালাসের অনুমতি দেয়। এরপর চালগুলো ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরের সরকারি গুদামগুলোতে পাঠানো হয় বলে গণমাধ্যমটি জানায়।
তবে পরবর্তীতে গুদামের কর্মকর্তারা চালানের একাংশের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কিছু চাল অত্যন্ত নিম্নমানের ও খাওয়ার প্রায় অনুপযোগী বলে উল্লেখ করেন। নিম্নমানের কারণে বন্দর থেকেই প্রায় ১ হাজার ৩৭৮ টন চাল জাহাজে ফেরত পাঠায় কর্তৃপক্ষ এবং অবশিষ্ট ৯ হাজার ৫০০ টন চাল গ্রহণ করা হয়।
এরপর খাদ্য অধিদপ্তর চালের অধিকতর পরীক্ষার ব্যবস্থা করে এবং মহাপরিচালক এম জসিম উদ্দিন খান পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত চাল বিতরণ স্থগিতের নির্দেশ দেন।
তবে আফলাটক্সিন পাওয়ার এই দাবি প্রত্যাখ্যান করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল। তাদের দাবি, বাংলাদেশের খাদ্য কর্মকর্তা এবং সরবরাহকারীর যৌথভাবে সংগৃহীত নমুনা ভারতের একটি পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছিল এবং তা চুক্তির শর্তাবলি পূরণ করেছিল।
এক ইমেইলে প্রতিষ্ঠানটি জানায়, ব্রিতে পরীক্ষা করা সিলগালা যৌথ নমুনায় কোনো আফলাটক্সিন পাওয়া যায়নি বলেও তাদের জানানো হয়েছিল। নিজেদের দাবির সপক্ষে তারা সংযুক্ত এসজিএস প্রতিবেদনের পাঁচ ও ছয় নম্বর পৃষ্ঠার উল্লেখ করে।
সরবরাহকারী আরো জানায়, মান বজায় রাখতে তারা যথাযথ কার্যপ্রণালী অনুসরণ করেছিল এবং বিতরণ স্থগিত করার আগে এ বিষয়ে কোনো অভিযোগ তারা পায়নি।
সরবরাহকারীর শিপিং এজেন্ট সেভেন সিজ শিপিং লাইনের ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সরবরাহকারীর সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘এমনটা চলতে থাকলে কোনো আন্তর্জাতিক সরবরাহকারী বাংলাদেশে খাদ্যশস্য সরবরাহে আগ্রহ দেখাবে না, যা দেশকে বিপাকে ফেলবে।’
এমন পরস্পরবিরোধী বক্তব্যের কারণে নমুনা সংগ্রহ ও পরীক্ষার পুরো প্রক্রিয়া নিয়েই প্রশ্ন উঠেছে; বিশেষ করে প্রাথমিক নমুনাগুলো পুরো চালানের সঠিক প্রতিনিধিত্ব করেছিল কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ এখনো চালে থাকা বিষাক্ত উপাদানের সুনির্দিষ্ট ঘনত্ব প্রকাশ করেনি, কিংবা চিহ্নিত চালের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে বা অন্যান্য গুদামে আরো পরীক্ষা চালানো হবে কি না সে বিষয়েও স্পষ্ট কিছু জানায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করে টিবিএস।
এ বিষয়ে মন্তব্যের জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক এম জসিম উদ্দিন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ